সেপ্টেম্বরের মধ্যে মীর কাসেমের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল (এক সদস্য পরে আসেন) গতকাল রোববার এই আদেশ দেন। আদেশে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে ওই দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।গতকাল এই ট্রাইব্যুনালে মীর কাসেমের হাজিরা ও তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কার্যক্রম শুরুর কিছুক্ষণ পর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম অগ্রগতি প্রতিবেদনের অনুলিপি চাইলে ট্রাইব্যুনাল বলেন, এই প্রতিবেদনে কিছু গোপনীয় বিষয় রয়েছে, এ জন্য এটি আসামিপক্ষকে দেওয়া হলো না। ট্রাইব্যুনাল তদন্তাধীন এই গোপনীয় বিষয় সম্পর্কে গণমাধ্যম-কর্মীদের কিছু না বলার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, অগ্রগতি প্রতিবেদনে দেখা যাচ্ছে, তদন্ত সুষ্ঠুভাবে এগোচ্ছে। তদন্ত শেষ করতে আরও কী ধরনের তথ্য প্রয়োজন, তা-ও এখানে উল্লেখ করা হয়েছে। এসব কাজ শেষ করতে আরও সময় চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এ জন্য তদন্ত শেষ করতে আরও সময় দিচ্ছেন।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ট্রাইব্যুনাল গত ১৭ জুন জামায়াতের নেতা ও দিগন্ত মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে জামিনের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। রাষ্ট্রপক্ষ ৫ জুলাই তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে এবং তাঁকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল গতকাল।মীর কাসেমকে গ্রেপ্তার ও আটকাদেশ চেয়ে করা আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেছিল, মুক্তিযুদ্ধকালে মীর কাসেম জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রামে আলবদর বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। চট্টগ্রামের মহামায়া ডালিম হোটেলে তাঁর নেতৃত্বে আলবদর বাহিনীর নির্যাতন কেন্দ্র গড়ে ওঠে। সেখানে মুক্তিযোদ্ধা ও তাঁদের সহায়তাকারীদের আটকে রেখে নির্যাতন করা হতো। নির্যাতনের শিকার কয়েকজন ব্যক্তির জবানবন্দি ও এ সংশ্লিষ্ট সাক্ষ্য-প্রমাণ তদন্তে পাওয়া গেছে।