সেফ হোম সরকারের নব্য টর্চার সেল: মওদুদ আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ধানমন্ডির সেফ হোম সরকারের নব্য টর্চার সেল। এর কোনো আইনগত ভিত্তি নেই। এটা সুপ্রিম কোর্টের ১৬৭ ধারা এবং ডিএলআরের ৫৩ রায়ের বিরোধী,তাই এটা বন্ধ করতে হবে।আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। রিমান্ডে নির্যাতন বন্ধ করেনি। সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে শুধু বিরোধী দলকে বিপর্যস্ত করতে নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে। তিনি বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধের প্রহসনের বিচারের নামে সরকার নিজেই সুস্পষ্ট মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও সুরাইয়া বেগমের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতন বন্ধ ও মুক্তি দাবি করেন মির্জা ফখরুল ইসলাম।বিএনপির সময় র্যাব গঠন করা হয়েছিল, তাই র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ তা বিএনপির ওপর পড়ে কি না, এমন প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘আমাদের সময় র্যাব বা পুলিশের রেকর্ড খুঁজলে দেখা যাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বর্তমান সরকারের মতো দলীয়করণ করা হয়নি। বর্তমান সরকার এখন র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজস্ব কর্মী বাহিনীর মতো ব্যবহার করছে।’