সেফ হোমে কামারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ চলছে
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানকে ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে সকাল নয়টার দিকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেফ হোমে নিয়ে আসা হয়।তদন্ত কর্মকর্তারা জানান, দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, সেফ হোমে জিজ্ঞাসাবাদের সময় কামারুজ্জামানের আইনজীবী মীর আহমেদ বিন কাশেম ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজন চিকিত্সক জিজ্ঞাসাবাদ কক্ষের পাশের একটি কক্ষে উপস্থিত রয়েছেন।এর আগে তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চারজনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কাল বুধবার জামায়াত নেতা কাদের মোল্লাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।