সেফটি ট্যাংকে হাড় ও ডোবায় খুলি
বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে মানুষের হাড় এবং পাশের একটি ডোবা থেকে মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ট্যাংক থেকে চুরি ও শাড়ি পাওয়া যাওয়ায় লাশটি কোনো নারীর হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। তাদের ধারণা, হত্যার পর লাশটি গুম করা হয়েছিল।শাজাহানপুর থানা পুলিশ জানায়, এলাকাবাসীর খবরের ভিত্তিতে ওই এলাকার উত্তরপাড়ায় নির্মাণাধীন সেফটি ট্যাংক থেকে শরীরের বিভিন্ন অংশের হাড়, চুরি, কাপড় উদ্ধার করা হয়। পাশেই ডোবা থেকে মাথার খুলি পাওয়া গেছে।ওই গ্রামের পিয়ারা বেগম নামের এক নারী জানান, পাঁচ মাস আগে ফয়েজ উদ্দিনের মেয়ে সুফিয়া বেগম (৪৫) নিখোঁজ হন। সুফিয়া বেগম ওই এলাকার শামীম হোটেলে কাজ করতেন। এলাকার বাসিন্দারা ধারণা করছেন, ওই লাশটি সুফিয়ার হতে পারে।শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া হাড় ও নমুনাগুলো পরীক্ষার জন্য যথাযথ স্থানে পাঠানো হয়েছে।