দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে। এটি কাটিয়ে ওঠার জন্য সেবাভিত্তিক পেশার মান উন্নয়ন করতে হবে। এসব খাতে অধিক প্রবৃদ্ধি হলেও উন্নত ব্যবস্থাপনার অভাবে এই খাত এগোতে পারছে না। এতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তথ্যপ্রযুক্তি। এই খাতে তরুণদের অংশগ্রহণ বেশ ভালো। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে এ খাতের উন্নয়ন হলে দেশে বেকারদের সংখ্যা কমে আসবে।আজ বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস সফট এক্সপো ২০১২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।অর্থমন্ত্রী জানান, শিগগিরই জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্ক চালু হবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি সুবিধাগুলোকে সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই সফটওয়্যার মেলা অনেক সহায়ক ভূমিকা রাখবে। সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে।অনুষ্ঠানে বেসিসের সভাপতি মাহবুব জামান, নেদারল্যান্ড অ্যাম্বাসির চার্জ দি অ্যাফেয়ার্স ক্যারেল রিচার, জিপি আইটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ক্রিস্টিনা থেরন বক্তৃতা করেন। দেশি-বিদেশি ১৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ মেলায়। আয়োজক হিসেবে রয়েছে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। সহযোগিতায় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) কর্মসূচি।বিভিন্ন ধরনের পণ্য ও সেবা প্রদর্শনের মেলায় মোট সাতটি আলাদা এলাকা থাকছে। সেগুলো হলো: বিজনেস সফটওয়্যার, আউটসোর্সিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ক্লাউড অ্যান্ড কমিউনিকেশন, তথ্যপ্রযুক্তি সেবা, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ই-কমার্স জোন। মেলায় বাংলাদেশের ৬৮টি প্রতিষ্ঠান ছাড়া বাইরের তিনটি দেশের (নেদারল্যান্ড, যুক্তরাজ্য এবং ডেনমার্ক) ১২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সফটওয়্যার মেলায় ব্লগার ও ফ্রিল্যান্সারদের জন্য থাকবে দুটি আলাদা সম্মেলন। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মেলা। শিক্ষার্থী ও করপোরেট ব্যক্তিরা পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন। বিস্তারিত জানা যাবে www.softexpo.com.bd ওয়েবসাইট থেকে।