এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২৮ ফেব্রুয়ারি এসেছিলেন দ্য ওয়েস্টিনের (ঢাকা) হেড অব মার্কেটিং অর্থাৎ বিপণন বিভাগের প্রধান মোস্তফা নূর-ই-সাফা। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। সেবা বিভাগে কর্মজীবন ও পেশাগত দক্ষতা অর্জনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: বাংলাদেশে সেবা খাতের বর্তমান অবস্থা কেমন?মোস্তফা নূর-ই-সাফা: বাংলাদেশের সেবা খাত অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ইতিমধ্যে বহু বেসরকারি প্রতিষ্ঠান এই খাতে যুক্ত হয়েছে। ফলে ঢাকায় ও কক্সবাজারে নতুন কিছু হোটেল তৈরি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে দ্রুত সেবা খাতের বিকাশ ঘটবে।কথাবন্ধু: এ ধরনের সেবাকে পেশা হিসেবে নিতে হলে একজন শিক্ষার্থীর কী কী গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন?মোস্তফা নূর-ই-সাফা: সেবা খাতে পেশা গড়তে হলে বেশ কিছু গুণাবলি থাকা দরকার। যেমন শুদ্ধ বাংলায় সাজিয়ে-গুছিয়ে কথা বলতে জানা এবং ইংরেজিতেও কথা বলার পারদর্শিতা থাকা চাই। নম্র ও ভদ্র হতে হবে। মানুষকে সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। তবেই আপনি অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারবেন। কথাবন্ধু: সেবা খাতকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে কী ধরনের পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে?মোস্তফা নূর-ই-সাফা: উন্নত প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের দেশ এখনো সে পর্যায়ে পৌঁছায়নি। তবে বেশ কিছু প্রতিষ্ঠান ভালো মানের পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। কিছু ব্যক্তিগত প্রতিষ্ঠানও রয়েছে। বিশেষ করে আমাদের দেশের হোটেলগুলোতে বিশেষ ব্যবস্থায় কাজ করা বা পেশাগত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হয়। যারা বর্তমানে শিক্ষার্থী আছেন তাঁরা ওই হোটেলগুলোতে ট্রেইনি বা প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতে পারেন। একই সঙ্গে কেউ হাতে-কলমে তিন মাস বা ছয় মাসের প্রশিক্ষণও নিতে পারেন। কথাবন্ধু: হোটেল ম্যানেজমেন্টে কী ধরনের বিষয় অন্তর্ভুক্ত থাকে?মোস্তফা নূর-ই-সাফা: হোটেল ম্যানেজমেন্টে রয়েছে ফুড প্রোডাকশন স্টাডিজ ও অপারেশনস, রুম ডিভিশন অপারেশনস, হাউস কিপিং অপারেশন, ইন্টালেকচুয়্যাল ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন, অ্যাকাউন্টিং ফান্ডামেন্টালস, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ইত্যাদি। এ ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তি সম্পর্কেও জ্ঞান অর্জন করা উচিত। কথাবন্ধু: বাংলাদেশে পূর্ণাঙ্গ ডিগ্রি কোর্স হিসেবে হোটেল ম্যানেজমেন্ট কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে?মোস্তফা নূর-ই-সাফা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি ইবাইস ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া, পিপলস ইউনিভার্সিটিতে বিষয়টি পড়ানো হয়। কথাবন্ধু: সেবা খাতে পড়াশোনার ক্ষেত্রে বৃত্তির প্রয়োজনীয়তা কতটুকু বলে মনে করেন?মোস্তফা নূর-ই-সাফা: আমার জানামতে, এখনো কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে বৃত্তি দিচ্ছে না। তবে ভবিষ্যতে যদি কোনো বৃত্তির ব্যবস্থা হয় তা হলে এ ব্যাপারে অনেকেই উদ্বুদ্ধ হবেন এবং বিভাগটি অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। শ্রোতাবন্ধু ফারজানা (খুদেবার্তা থেকে): বুটিক হোটেল বলতে সাধারণত কী বোঝায়? মোস্তফা নূর-ই-সাফা: বুটিক হোটেলগুলোতে যখন যেটা যেভাবে দরকার সেভাবেই পাবেন। এখানে সব ধরনের সেবার সম্মিলন ঘটানো হয়। সব অতিথিকে সব ধরনের সেবা দেওয়ার উদ্দেশ্যেই এটি করা হয়েছে।কথাবন্ধু: জরুরি সময়ে একজন হোটেলকর্মী কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন বা করেন?মোস্তফা নূর-ই-সাফা: এ ক্ষেত্রে যে জরুরি পরিস্থিতিগুলো তৈরি হতে পারে তার শতকরা প্রায় ৯৯ ভাগই আমাদের আগে থেকে জানা থাকে। এ জন্য জরুরি পরিস্থিতিতে কখন কী করণীয় তার নির্দেশনা তৈরি করা থাকে। তার পরও যদি কোনো সমস্যা হয় তখন যাঁরা দায়িত্বে থাকেন তাঁদের উপস্থিত বুদ্ধি দিয়েই সমাধান করতে হয়।কথাবন্ধু: বাংলাদেশে নারীদের পেশা হিসেবে সেবা খাত কতটুকু উপযোগী? কোনো বাধা রয়েছে কি? মোস্তফা নূর-ই-সাফা: সামাজিকভাবে এবং পরিবার থেকে মেয়েরা সেবা খাতে কাজ করতে পারে সেটা কেউ মেনে নিতে পারেন না। তবে বর্তমানে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। মেয়েরা এখন এ বিভাগে দক্ষতা এবং বিচক্ষণতার সঙ্গে কাজ করছে। অনেকেই দেশের বাইরে থেকেও প্রশিক্ষণ নিয়ে দেশে এসে কাজ করছে। কথাবন্ধু: সেবা খাতে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ কতটুকু? মোস্তফা নূর-ই-সাফা: সেবা খাতে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ অনেক বেশি। আমাদের দেশের চেয়ে বিদেশে এ পেশার চাহিদা অনেক বেশি। বিদেশে অনেক ইনস্টিটিউট আছে যারা আন্তর্জাতিক মানের ডিগ্রি দিচ্ছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, মালয়েশিয়া ও থাইল্যান্ড এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে থাকে।কথাবন্ধু: নতুনদের এ পেশায় আসার ক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে?মোস্তফা নূর-ই-সাফা: এই খাতে সম্ভাবনা অনেক। তবে আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি হাতেকলমে শিক্ষা থাকা জরুরি। এ বিভাগে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। কাজ করার সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। এরপর লক্ষ্য ঠিক রেখে নিজেকে এগিয়ে নিতে হলে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করুন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। গ্রন্থনা: সুদীপ দে