সেবা দিয়েই জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবাই তাঁর পেশা। ১৯৮৭ সাল থেকে সেবিকা হিসেবে কর্মরত মমতাজ বেগম। কাজের পাশাপাশি উচ্চতর লেখাপড়া, সংসার সবই করেছেন। দেশে-বিদেশে নানা প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমান কর্মস্থল আইসিডিডিআরবি। এ বছর আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমেরিকেয়ারস রোগীর প্রতি আন্তরিক সেবার জন্য তাঁকে বিশেষ সম্মাননা দেয়। লিখেছেন তৌহিদা শিরোপা১. আইলা-বিধ্বস্ত বাংলাদেশ। ২০০৯ সাল। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে কলেরা, ডায়রিয়া। প্রয়োজন যথাযথ সেবা ও চিকিৎসা। কিন্তু নিরাপত্তার অভাবে সেবিকারা যেতে পারছেন না। কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন আইলাদুর্গত এলাকায়। ডায়রিয়ায় পানিশূন্যতায় যেন কেউ মরে না যায়। ২. ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি। এত প্রাণনাশ আগে কখনো দেখেননি তিনি। সময় ২০১০। দেশটিতে জরুরি ভিত্তিতে প্রয়োজন হলো দক্ষ সেবিকার। এবারও একটি দলের সঙ্গে তিনি গেলেন। সেখানে পৌঁছার পর তাঁদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা দেখতে পেলেন, এক ব্যক্তির শরীরে শিরার মাধ্যমে ফ্লুইড দিতে হবে। কিন্তু কেউ দিতে পারছে না। তিনি ও তাঁর সহকর্মী ক্যাথরিনা কস্তা তাৎক্ষণিকভাবে বিশেষ পদ্ধতিতে ফ্লুইড দিয়ে মৃতপ্রায় ওই ব্যক্তিকে সুস্থ করে তোলেন। এভাবে তাঁরা দেশটিতে অসংখ্য মানুষকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছিলেন। ৩. ২০১১ সাল। এবার সোমালিয়া সফর। সেখানকার সেবিকাদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু দেশটিতে সারাক্ষণ গৃহযুদ্ধ চলছে। তাই বলে ভয়ে তো সেবা দেওয়া বন্ধ থাকবে না। ইউনিসেফের সঙ্গে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র (আইসিডিডিআরবি) বাংলাদেশের চুক্তি ছিল। কিন্তু ইউনিসেফ বাংলাদেশ থেকে যাওয়া দলের সদস্যদের নিরাপত্তা দিতে পারবে না। তাই ইউনিসেফ তাদের চুক্তি থেকে সরে যায়। তবু তিনিসহ বাংলাদেশের তিন সদস্যের দলটি যায়। ভয়কে তাঁরা সেবা দিয়ে জয় করেছেন।এতক্ষণ ধরে বলা ঘটনাগুলোর আড়ালের মানুষটি হলেন মমতাজ বেগম। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের নার্সিং অফিসার। রোগীদের প্রতি তাঁর আন্তরিক সেবার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমেরিকেয়ারস এবারের নারী দিবসে চিকিৎসাসেবায় তিনজনকে বিশেষ সম্মাননা দিয়েছে। শুধু বাংলাদেশ থেকে নয়, পুরো এশিয়ার মধ্যে মমতাজ বেগমই এই সম্মান অর্জন করেছেন। বাকি দুজন হলেন আফ্রিকা ও ইউরেশিয়ার।মমতাজ বেগমের এই পথচলা শুরু হয়েছিল ১৯৮৬ সালে। তখন তিনি ডিপ্লোমা করেন নার্সিংয়ে। ‘আমাদের পাশের বাড়িতে একজন চিকিৎসক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের। ম্যাট্রিক পাসের পর তিনিই প্রথম বলেছিলেন এই পেশায় আসার জন্য। এখন তো অনেক মেয়েই এ পেশায় আসছে। কিন্তু তখন নার্সিং সামাজিকভাবে এত গ্রহণযোগ্য পেশা ছিল না। তিনি বলেছিলেন, ‘মনোযোগ দিয়ে কাজ করলে এই পেশায় অনেক সুযোগ রয়েছে। দেশ-বিদেশে যেতে পারব। নার্সিংকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত তখনই নিয়ে নিই। এটি আমার জীবনের একটা চ্যালেঞ্জ ছিল।’‘আমার প্রথম কর্মজীবন শুরু হয় বারডেম হাসপাতালে। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম আমাকে ভীষণ স্নেহ করতেন। তাঁর স্ত্রীকে বাসায় ইনসুলিন দিতে যেতাম আমি। ব্যক্তি মোহাম্মদ ইব্রাহিমকে দেখার সুযোগ হয়। কত বড় মনের মানুষ তিনি বুঝতে পারি। যা শিখেছি, অনুপ্রেরণা সবই তাঁর কাছ থেকে পেয়েছি। আমার আদর্শ তিনি।’ বলেন মমতাজ বেগম। সেখানে কাজ করতে করতেই সরকারি চাকরি হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলা হাসপাতালে কাজ করেন তিনি। ‘আসলে ওখানে কাজ না করলে জীবনের একটা অংশ বৃথা হয়ে যেত। কুসংস্কারে আচ্ছন্ন মানুষজন। শুধু পুরুষ চিকিৎসকের কাছে সেবা না নেওয়ার কারণে বহু প্রসূতি মৃত্যুবরণ করেন। চোখের সামনে দেখেছি। তবে এখানে মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ আছে। আর নার্সিং এমন পেশা, যেখানে আপনাকে মানুষের হূদয়ের কাছে যেতেই হবে। সরকারি চাকরি করার সময় মনে হলো পদোন্নতির সুযোগ কম। আনুষঙ্গিক সুবিধাও নেই। ওই সময় সৌদি আরবে কাজ করার প্রস্তাব আসে। ১৯৯০ সালে পাড়ি দিলাম সৌদি আরবে। সেখানে বড় বড় হাসপাতালে অনেক নামী চিকিৎসকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়। দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসে যাই। আমার স্বামী পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক। বিয়ের পরই যোগ দিই আইসিডিডিআরবিতে। প্রায় ১৫ বছর ধরে কাজ করছি এখানে। কাজ করতে করতে মনে হয়েছে, আমি আরও লেখাপড়া করতে চাই। নার্সিংয়ে সম্মানে ভর্তি হওয়ার অনুমতি তখন এখানে ছিল না। কর্তৃপক্ষের সঙ্গে অনেক কথা বলে রাজি করাই। কী যে দিন গেছে বলতে পারব না। সকালে ক্লাস করে আট ঘণ্টা কাজ করেছি। কেননা, শর্তই ছিল কাজটা যথাযথভাবে করব। আবার লেখাপড়া। আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি যদি সহযোগিতা না করতেন, তাহলে সম্ভব ছিল না। আমার দুই সন্তান মুগ্ধ ও মৌনীকে সে সময় তাঁরাই দেখভাল করেছেন। শেষ পর্যন্ত অনার্স শেষ করি। এখন আইসিডিডিআরবিতে এই সুযোগ দেওয়া হয়। তারপর মাস্টার্সও শেষ করি। ইচ্ছা আছে পিএইচডি করার। তবে অনেক কাজের ফাঁকে অবসর পেলেই পরিবারের সঙ্গে বেড়াতে যাই দেশ-বিদেশে।’কথা বলার ফাঁকে মমতাজ বেগমের একজন সহকর্মী তাঁকে অভিনন্দন জানান। ইন্টারন্যাশনাল নার্সেস ডে উপলক্ষে আইসিডিডিআরবিতে গত রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুরস্কার পাওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হয় মমতাজ বেগমকে। মায়ের সংবর্ধনা অনুষ্ঠানে মুগ্ধ ও মৌনীও এসেছিল সেদিন। সংবর্ধনা অনুষ্ঠানের পর নারীমঞ্চের সঙ্গে কথা বললেন মমতাজ বেগম। ‘যখন শুনেছি, আমি এই সম্মান পেয়েছি, মনে হয়েছে আমার আর কিছু চাওয়ার নেই। এই সম্মান আসলে পুরো আইসিডিডিআরবির নার্সদের। আমাদের মেডিকেল ডিরেক্টর ও এক্সিকিউটিভ ডিরেক্টরের কাছে অনেক কৃতজ্ঞ আমি। আসলে ভালো কাজের জন্য দলগতভাবে কাজ করার বিকল্প নেই, যা আইসিডিডিআরবিতে আছে। এখানে নার্স ও চিকিৎসকদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। নার্সরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান।’