সেবা নয়, কমিটির নজর ব্যবসার দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠানটি প্রবীণদের জন্য। কিন্তু বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে প্রবীণেরাই সেবা পাচ্ছেন না। প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির অনেক সদস্য প্রতিষ্ঠানের প্রবীণদের সেবা দেওয়ার নাম করে ব্যক্তিগত মুনাফা লাভের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। শুধু বর্তমান কমিটি নিয়েই নয়, পুরোনো কমিটিগুলোর নামেও আছে নানা অভিযোগ।কমিটির কিছু সদস্য অন্য প্রবীণদের সম্মান করেন না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক প্রবীণ সদস্য। আর কমিটির যেসব সদস্য এ ধরনের আচরণ করছেন, তাঁরা মিথ্যা তথ্য দিয়ে বয়স বাড়িয়ে এই প্রতিষ্ঠানের সদস্য হয়েছেন বলেও অভিযোগ আছে। তাই অনেক প্রবীণ সদস্য লিখিত প্রতিবাদ জানিয়ে কমিটির সভাও বর্জন করেছেন।১৯৬০ সালে চিকিত্সক এ কে এম আবদুল ওয়াহেদের ধানমন্ডির নিজ বাসভবনে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ছাড়াও জেলা পর্যায়ে মোট ৫৪টি শাখা আছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদানসহ বিভিন্ন অনুদান ও নিজস্ব আয়ে চলছে প্রতিষ্ঠানটি।এককালীন দুই হাজার টাকা দিয়ে ৫৫ বছর বা তারও বেশি বয়সীরা এই প্রতিষ্ঠানের জীবন সদস্য হতে পারেন। প্রতিষ্ঠানের সাধারণ ও জীবন সদস্যদের নিয়ে নির্বাচনের মাধ্যমে তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির মহাসচিব প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। এই কমিটির সদস্যরা আর্থিক সুবিধা পান না।বিভিন্ন অনিয়ম: প্রতিষ্ঠানের ভেতরে সরকারের অনুদানের টাকায় অবৈধ স্থাপনা তৈরির কাজ চলছে। ১৯৮১ সালে গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয় ৮৭৫ একর জমি ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিনকে (এই প্রতিষ্ঠানের ইংরেজি নাম) বরাদ্দ দেয়। তবে বরাদ্দের শর্ত অনুযায়ী, প্রস্তাবিত এই ইনস্টিটিউটের নকশা করবে স্থাপত্য বিভাগ এবং এর নির্মাণকাজ করবে গণপূর্ত বিভাগ। অন্যদিকে জমি বরাদ্দ দেওয়া হলেও প্রতিষ্ঠানের নামে এই জমির লিজ দলিল নিবন্ধন করা হয়নি এখনো। বরাদ্দের শর্ত না মেনেই কোনো ধরনের অনুমোদন না নিয়ে প্রতিষ্ঠানের খালি জায়গায় অস্থায়ী স্থাপনা তৈরি করছেন বর্তমান কমিটির মহাসচিবসহ কয়েকজন সদস্য। হাসপাতাল উন্নয়নে সরকারের দেওয়া অনুদানের টাকা থেকে এই খাতে তিন লাখ টাকা অগ্রিম মঞ্জুরও করেছে এই কমিটি। তবে কমিটির সহসভাপতি এ বি এম আবদুল্লাহ আল মাহমুদসহ কয়েকজন সদস্য এর বিরোধিতা করে লিখিতভাবে প্রতিবাদ জানান।প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা মহাসচিব এ কে এম আবদুল ওয়াহেদের মেয়ে তৈয়বা খাতুন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠিতেও এ ধরনের অবৈধ স্থাপনা তৈরি না করার জন্য ব্যবস্থা নিতে বলেছেন।প্রতিষ্ঠানটির মহাসচিব এ এস এম আতীকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের খালি জায়গায় অস্থায়ীভাবে স্থাপনা তৈরির জন্য কারও কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। প্রবীণবাজার নাম দিয়ে ক্যানটিন, ড্রাগ স্টোর, সেলুনসহ বিভিন্ন কাজে তৈরি স্থাপনাগুলো প্রবীণদের জন্য এবং এগুলো পরিচালনাও করবেন প্রবীণেরাই। তবে অন্যরা বলছেন, আসলে কমিটির সদস্যরাই এই দোকানগুলো ব্যবহার করবেন।প্রতিষ্ঠানের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে প্রবীণ রোগীর অভাবে বর্তমানে সব বয়সীদেরই চিকিত্সা হচ্ছে। প্রবীণ রোগীদের হাসপাতালের বহির্বিভাগে রেজিস্ট্রেশন ফি ১০ টাকা, অন্যদের বেলায় ৩০ টাকা। হাসপাতালে প্রবীণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যাতে তাঁরা পরে আর না আসেন। এই অভিযোগ করেছেন একাধিক রোগী। হাসপাতালের বিভিন্ন সুবিধা ব্যবহার করে বিকেলে চিকিত্সকদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হচ্ছে। যেসব চিকিত্সক এই সুবিধা পেয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই কমিটির বিভিন্ন সদস্যের আত্মীয় বলে অভিযোগ আছে। এখানে চিকিত্সকদের বসানোর ফলে প্রতিষ্ঠানের আসলেই কত খরচ হচ্ছে এবং সে অনুপাতে লাভ হচ্ছে কি না, সে হিসাব নেই। প্রতিষ্ঠানটিতে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে ২০১০ সালে সাবেক কার্যনির্বাহী কমিটি ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিন কোর্স চালু করে। কোর্সের নামে জেরিয়াট্রিক বা প্রবীণ বিষয়টি উল্লেখ থাকলেও প্রশিক্ষণে বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না।ইনস্টিটিউটের প্রবীণ নিবাসে নারী-পুরুষ মিলে ৪২ জন নিবাসী আছেন। ছয়তলা প্রবীণ নিবাস ভবনের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) ভাড়া দেয় সাবেক কমিটি। এতে করে নিবাসীরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারছেন না।প্রতিষ্ঠানটির বর্তমান মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এ এস এম আতীকুর রহমান বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছেন। এনজিওবিষয়ক ব্যুরোতে এ নিয়ে একটি অভিযোগও আছে। ২০০১ সাল থেকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।তবে, এ এস এম আতীকুর রহমান ২০১০ সালের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের (প্রশাসন-১) স্বাক্ষরে জীবন সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য একটি অনুমতিপত্র দেখান প্রথম আলোকে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশেও কোনো নিষেধাজ্ঞা দেওয়া নেই বলে জানান তিনি।খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ বছর ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং সবশেষে লাইব্রেরির তত্ত্বাবধান, গণসংযোগ ও প্রবীণ নিবাসের হোম ম্যানেজারের দায়িত্ব পালনকারীকে হুট করে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বর্তমান কমিটি। এ কারণে প্রবীণেরা এখন লাইব্রেরিটিও ব্যবহার করতে পারছেন না।তবে, বর্তমান কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ও মহাসচিব এ এস এম আতীকুর রহমান প্রথম আলোর কাছে এসব অভিযোগকে ভিত্তিহীন বলেছেন।২০০৯ সালে প্রবীণ নিবাসে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়। কিন্তু সেই নীতিমালা মানবাধিকারের পরিপন্থী বলে মনে করছেন নিবাসীরা। নীতিমালার বিরুদ্ধে এবং নিবাসে সুযোগ-সুবিধা না বাড়িয়ে ভাড়া বাড়ানোর প্রতিবাদে নিবাসীদের কয়েকজন মামলা করেন, সেই মামলা এখনো চলমান।প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নজর দেয়নি বর্তমান কমিটি। ২০০৮ থেকে ২০১০ সালে প্রতিষ্ঠানের সাবেক মহাসচিব আবদুল মান্নান মিয়া প্রতিষ্ঠানে মিথ্যা তথ্য দিয়ে জীবন সদস্য হওয়া ৬৭ জনের সদস্যপদ বাতিলের দাবি জানিয়ে সমাজকল্যাণমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে চিঠি লেখেন। তবে এখনো এঁদের সদস্যপদ বাতিল করা হয়নি। এনজিও ব্যুরোতে প্রতিষ্ঠানটির নিবন্ধন নবায়ন না করায় বিদেশি দাতা সংস্থার অনুদানও বন্ধ রয়েছে।চলতি অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় দেড় কোটি টাকা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে।