সেবা পাচ্ছে না রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালটি প্রয়োজনীয় চিকিৎসক আর জনবলের অভাবে জেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। রোগীরা সেবা না পেয়ে বাধ্য হয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি হচ্ছে। অন্যদিকে সরকারিভাবে হাসপাতালটি ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এ সিদ্ধান্তও বাস্তবায়ন হয়নি।সরেজমিনে জানা গেছে, প্রায় চার বছর ধরে হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্ট সার্জারি, মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট রেডিওলোজি, চক্ষু বিভাগের দুটি পদ, সহকারী রেজিস্ট্রার মেডিসিন এবং জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তার ১২টি পদ শূন্য রয়েছে। কর্মচারীদের মধ্যে ডোম নেই, পরিচ্ছন্নতাকর্মীর ১৬ পদের মধ্যে আটটি, বাবুর্চি, নাইট গার্ড ও ইলেকট্রিশিয়ান নেই। ইসিজি মেশিন, জেনারেটর অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল চত্বরটি ভুতুড়ে হয়ে পড়ে থাকে। দুটি অপারেশন থিয়েটার থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলায় সর্বাধুনিক থিয়েটারটি গত চার বছরেও চালু হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা সবাই স্থানীয় প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। ফলে ঠিকমতো দায়িত্ব পালন করেন না। অন্যদিকে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে চিকিৎসকদের নাগাল পাওয়াই কঠিন হয়ে যায় রোগীদের জন্য। এমনকি দেখা গেছে, চিকিৎসকেরা রাউন্ডে রোগী দেখার সময়ও রিপ্রেজেনটেটিভরা তাঁদের সঙ্গে সঙ্গেই থাকেন। এতে অনেক সময় রোগীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ভর্তি থাকা রোগীর আত্মীয় রহিতন খাতুন জানান, তিন দিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছি। একবার চিকিৎসক এসেছিলেন। এরপর শুধু নার্সরা এসে দেখে যান।শিশু বিভাগের কর্মরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম জানান, এই বিভাগে অনুমোদিত বেডের সংখ্যা ১২। কিন্তু সব সময় দ্বিগুণ থেকে তিনগুণ রোগী ভর্তি হয়। রোগী ও তাদের আত্মীয়স্বজনকে নিয়ে গাদাগাদি করে থাকতে হয়। তা ছাড়া এদের জন্য ওষুধসংকট তো রয়েছেই। নাম প্রকাশ করার না শর্তে একজন নার্স বলেন, হাসপাতাল থেকে চিকিৎসকেরা স্লিপ পাঠিয়ে ওষুধ নিয়ে যান। এ বিষয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা ঠিকমতো পর্যবেক্ষণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।গাইনি বিভাগের তিনজন চিকিৎসক থাকলেও অভিযোগ আছে, প্রয়োজনের সময় কাউকে পাওয়া যায় না। সরেজমিনে দেখা যায়, ২ নভেম্বর একজন প্রসূতিকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। দুপুর একটা ৪০ মিনিটে এ প্রয়োজন দেখা দিলেও কোনো চিকিৎসককে তখন পাওয়া যায়নি। এদিকে আবাসিক চিকিৎসক ডা. ওসমান গনী বলেন, হাসপাতালের বর্তমান অবস্থা আগের চেয়ে ভালো। কিছু চিকিৎসককে (এডহক ভিত্তিতে নিয়োগ) প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব পদ শূন্য রয়েছে, এগুলো পূরণের জন্যও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। শিগগির তাঁরা যোগদান করবেন।সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম তালুকদার বলেন, অস্ত্রোপচারের দ্বিতীয় কক্ষটি চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসকের স্বল্পতা ও কর্মচারীদের শূন্য পদগুলো পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে সার্জিক্যাল বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এনে কাজ চালানো হচ্ছে। এ ছাড়া জেনারেটর, ইসিজি মেশিন মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসকদের সঠিক সময়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলকব্যবস্থা নেওয়া হবে।