প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পরামর্শ না করেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করেছে। এর ফলে সাধারণ নাগরিকের অনেকেই হয়রানি শিকার হচ্ছেন। আজ বুধবার রাজধানীর হোটেল শেরাটনে পরিচয়পত্রের ব্যবহার নিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। সভায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইনের বিধান অনুযায়ী দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না। সারা দেশে ভোটার সার্ভার স্টেশনগুলো ২০১১ সালের জুনের মধ্যে চালু হবে। এসব সার্ভার স্টেশন চালু হওয়ার পর সরকারি প্রতিষ্ঠানগুলো অনলাইনে পরিচয়পত্র ধারণকারী যেকোনো ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। এর আগে পরীক্ষামূলকভাবে সার্ভার স্টেশন আগামী ফেব্রুয়ারিতে চালু হবে। এ টি এম শামসুল হুদা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো কমিশনের সঙ্গে পরামর্শ না করেই নিজেদের একক সিদ্ধান্তে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করেছে। বিষয়টি যৌক্তিক নয়। তাই সরকারের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। সেবা প্রতিষ্ঠানগুলো পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করায় বিভিন্ন স্থানে নকল পরিচয়পত্র তৈরি হচ্ছে বলে সিইসি মন্তব্য করেন।সিইসি বলেন, ‘ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও জমি কেনাবেচাসহ প্রায় ২৫টি খাতে ভোটার ডাটাবেজ ব্যবহার করা সম্ভব। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও ভোটার ডেটাবেজ ব্যবহার করা হলে জালিয়াতি অনেকাংশেই বন্ধ হবে। পরিচয়পত্র ক্রেডিট কার্ড নয় যে এটি পকেটে রেখে দিতে হবে। এটিকে নিরাপদ স্থানে রেখে প্রয়োজনে ফটোকপি নিয়ে চলাফেরা করতে হবে। ভবিষ্যতে কেউ পরিচয়পত্র হারিয়ে ফেললে তাঁকে জরিমানা দিয়ে নতুন পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।’ এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিব, পুলিশ, গোয়েন্দা, পাসপোর্ট ও ইমিগ্রেশন, বাংলাদেশ ব্যাংক, র্যাব, সেনাবাহিনী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।