জরুরি প্রসূতিসেবার জন্য সাধারণ মানুষ ব্যয়বহুল বেসরকারি ক্লিনিকগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ১০৪ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে দেশের জেলা-উপজেলা পর্যায়ে সরকার বিনা মূল্যে প্রসূতিসেবা নিশ্চিত করতে চাইছে। কিন্তু প্রশিক্ষিত চিকিত্সক ও সেবিকার অভাবে ৫০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রও সেবা দিতে পারছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের দরিদ্র মায়েরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে ২০১০’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য বেরিয়ে এসেছে (১৩ ফেব্রুয়ারি, ২০১১)। যদিও প্রতি লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ৩২২ থেকে ১৯৪-তে নেমে এসেছে। তবে এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রাখছে বেসরকারি ক্লিনিকগুলো। ২০০১ সালে ২ দশমিক ৭ শতাংশ মাকে বেসরকারি ক্লিনিক থেকে সেবা কিনতে হয়েছে। এই হার এখন পাঁচ গুণ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশে। বেসরকারি হাসপাতালগুলোয় অস্ত্রোপচারের জন্য গড় ব্যয় কত, সে সম্পর্কে কোনো তথ্য এ প্রতিবেদনে নেই। তবে স্বাস্থ্য আন্দোলনের উদ্যোক্তা ফরিদা আক্তার ‘বর্তমান স্বাস্থ্য চিত্র: জনগণের স্বাস্থ্যসেবার ব্যবস্থা উত্সাহব্যঞ্জক নয়’ শীর্ষক একটি রচনায় শুধু রাজধানী ঢাকার প্রসূতিসেবা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ঢাকার ক্লিনিকগুলোয় অস্ত্রোপচারের ন্যূনতম ব্যয় ১৪ থেকে ১৭ হাজার টাকা।স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে ধনী-দরিদ্রের বৈষম্যও প্রকটভাবে ধরা পড়েছে প্রতিবেদনে। ধনী পরিবারগুলোয় ৫২ দশমিক ৬ শতাংশ নারী স্বাস্থ্যসেবা নিতে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে যাচ্ছেন, কিন্তু দরিদ্র পরিবারগুলোয় এই হার মাত্র সাড়ে ৬ শতাংশ। চিকিত্সকের কাছে যাওয়া দূরে থাক, ৭৬ শতাংশ মা প্রয়োজনীয় মুহূর্তে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সেবা পাচ্ছেন না (ইউনিসেফ-বিবিএস, প্রগতির পথে-২০০৯)। এখনো গর্ভবতী বা প্রসূতি মায়ের মৃত্যুর প্রধান কারণ প্রসব-পরবর্তী রক্তক্ষরণ ও খিঁচুনি।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মু. হুমায়ুন কবীর বলেন, ‘মাতৃমৃত্যুর হার কমিয়ে আনায় সরকারের চেষ্টা অব্যাহত আছে, থাকবে। ইতিবাচক অনেক পরিবর্তন এসেছে, চিকিত্সকের উপস্থিতি বেড়েছে। কিন্তু এখনো অনেক কিছু করার আছে। সব দরিদ্র মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।’ স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ আবদুল বায়েছ ভূঞা বলেন, ‘সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা করে সেবা দেওয়ার কথা। কিন্তু সরকারি হাসপাতালের সেবা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মানুষ তাই জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যাচ্ছে। পিছিয়ে থাকছে দুর্গম এলাকা ও শহরের ছিন্নমূল মানুষেরা।’ দরিদ্র মায়েরা বঞ্চনার শিকাররাজধানীর বেগুনবাড়ি বস্তি এলাকা। কবিতা বেগমের সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছে। বাড়িতে গ্রাম থেকে আসা শাশুড়ি আছেন। স্বামী মনসুর মিঞা রিকশাচালক, সকালে বেরোন রাতে ফেরেন। প্রয়োজনের সময় শাশুড়ি কতটা কী করতে পারবেন, তা নিয়ে সংশয়ে ছিলেন কবিতা। তাঁর সংশয় সত্য হলো। প্রসব ব্যথা নিয়ে ছটফট করছেন এই নারী, তবু শাশুড়ির কথায় স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করতে হলো এক দিন। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে স্বামী ফার্মেসি থেকে চিকিত্সক ডেকে আনেন। এই চিকিত্সকের কোনো ডিগ্রি নেই। তবু ১২ বছর ধরে চিকিত্সা করে যাচ্ছেন। ঘরে ঢুকেই স্যালাইন চালু করে দিলেন। আবারও অপেক্ষার পালা। কিন্তু প্রসবের পরিবর্তে একসময় ভীষণ রক্তক্ষরণ শুরু হয় কবিতার। সটকে পড়লেন কথিত চিকিত্সক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন নিস্তেজ কবিতাকে নেওয়া হলো, তখন মৃত একটি বাচ্চা প্রসব করলেন। অধিক রক্তক্ষরণে কিছুক্ষণ পর মারা গেলেন তিনিও। তাঁর জরায়ু ছিঁড়ে গিয়েছিল। অনুসন্ধানে জানা যায়, এই নারীকে অক্সিটোসিন দিয়েছিলেন হাতুড়ে চিকিত্সক। ওষুধটি সঠিক মাত্রায় উপযুক্ত সময় প্রসূতিসেবায় অপরিহার্য। কিন্তু বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহারে সন্তান প্রসবে দেরি হয়, পেটেই সন্তানের মৃত্যু হতে পারে, মায়েদের অতিরিক্ত রক্তক্ষরণের আশঙ্কা থাকে। কারওয়ান বাজার রেললাইনের ওপর কয়েক বছর ধরে বাস করছেন মোসাম্মত রীনা বেগম। জানালেন, অর্থ ছাড়া চিকিত্সাসেবা মেলে বলে তাঁরা জানেন না। তাই এলাকার ধাত্রীদের ওপর এলাকার মানুষ পুরোপুরি নির্ভরশীল। তিনি বলেন, ‘সহজে সন্তান জন্ম নিলে আল্লাহর রহমত। শুধু ধাত্রীরে একটা শাড়ি দেউন লাগে। না অইলে পরে দাই পেটের ভিতরে হাত ঢুকায়, টানাটানি করে। বাচ্চার কষ্ট, মায়েরও কষ্ট। কিন্তু কী করুম। তিন-চার হাজার ট্যাকার কমে তো হাসপাতালে বাচ্চা খালাস হয় না।’সরকারি হাসপাতালেও কখনো কখনো দরিদ্র মানুষ ভালো সেবা পায়। সে জন্য সেবিকা বা ওয়ার্ডবয়দের হাতে গোপনে টাকা গুঁজে দিতে হয়। ২৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য আন্দোলন আয়োজিত জাতীয় সম্মেলনে পাবনার এক গ্রামের ধাত্রী মমতাজ বেগম এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমার এলাকা থেকে পাবনা হাসপাতাল ৩০ কিলোমিটার আর ঈশ্বরদী হাসপাতাল ১৫ কিলোমিটার দূরে। যাতায়াত করতে হয় নছিমনে। এই বাহনে রোগী নেওয়া খুবই বিপজ্জনক। রোগীকে শোয়ানো যায় না, বসানোও যায় না। কষ্ট করে মাকে হাসপাতালে নেওয়ার পরও চিকিত্সক খুঁজে পাওয়া যায় না।’ অঙ্গীকার ছিল সব সরকারের২০০৩ সালে স্বাস্থ্য অধিদপ্তর উপজেলা পর্যায়ে গর্ভকালীন জটিলতা আছে, এমন মায়েদের সেবা দিতে ১৩২টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সমন্বিত জরুরি প্রসূতিসেবা কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে প্রতিটি হাসপাতালে একজন শল্যচিকিত্সক ও একজন অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) পাঠানো শুরু হয়। কার্যক্রম সফল করার জন্য প্রতিটি হাসপাতালে রক্ত সঞ্চালনের ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতিরও কোনো সংকট নেই। কিন্তু এখনো পর্যন্ত এসব কেন্দ্র থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না মায়েরা। কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাঁরা ইউনিট চালানোয় একজন স্ত্রীরোগের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক আর একজন অবেদনবিদের জোড়া কিছুতেই মেলাতে পারছেন না। ৫৬টি উপজেলায় এই কার্যক্রম চলছে না। শল্যচিকিত্সক থাকলে অবেদনবিদ থাকছেন না, অবেদনবিদ থাকলে শল্যচিকিত্সক থাকছেন না। অস্ত্রোপচারের সময় এই দুজনের একসঙ্গে উপস্থিত থাকা দরকার। দীর্ঘকালীন ছুটি নিয়ে, পদোন্নতি পেয়ে কিংবা প্রেষণে চিকিত্সকেরা ছেড়ে আসছেন উপজেলা হাসপাতাল।প্রজনন স্বাস্থ্য ইউনিটের কর্মসূচি ব্যবস্থাপক কে এম আশরাফ উজ জামান বলেন, ‘সরকার আন্তরিক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব মাকে হাসপাতালে আনা সম্ভব হয় না। তাই আমরা ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দেওয়ার কাজটা খুব শিগগির শুরু করার চেষ্টা করছি।’ একই অবস্থা পরিবারকল্যাণ অধিদপ্তর পরিচালিত মাতৃ ও শিশুকল্যাণ কেন্দ্রগুলোর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সারা দেশে জেলা পর্যায়ে ৬০টি, উপজেলা পর্যায়ে আটটি ও ইউনিয়নে দুটি কেন্দ্র থেকে জরুরি প্রসূতিসেবা দেওয়ার কথা। কিন্তু চিকিত্সক-সংকটে একেবারে পর্যুদস্ত অবস্থায় পড়েছে অধিদপ্তরটি। অনুমোদিত এক হাজার ১০০ জনবলের পরিবর্তে অধিদপ্তরে চিকিত্সক আছেন ৩২৫ জন। পরিবারকল্যাণ অধিদপ্তরে চিকিত্সকদের পদোন্নতি ও নিয়োগ এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ। চিকিত্সকেরা নিতান্ত অনিচ্ছায় হাসপাতালে সেবা দিচ্ছেন। জরুরি প্রসূতিসেবা কার্যক্রমের কর্মসূচি ব্যবস্থাপক তাপস রঞ্জন দাস জানান, মাত্র আটটি সেবাকেন্দ্রে শল্যচিকিত্সক ও অবেদনবিদ নেই। এর বাইরে সব জেলায় সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চিকিত্সাসেবা দেওয়া হয়। কাগজ-কলমে সব ঠিকঠাক থাকলেও জেলা ও উপজেলা হাসপাতালগুলোয় রোগীরা ভুগছে। ভুক্তভোগীদের অভিযোগ, ২৪ ঘণ্টা সেবা পাওয়ার কথা থাকলেও বেলা আড়াইটার পর চিকিত্সককে খুঁজে পাওয়া যায় না। বরগুনা সদর হাসপাতালের একমাত্র স্ত্রীরোগ বিশেষজ্ঞ আকবর হোসেন ১৯ নভেম্বর বদলি হয়ে যান। আতঙ্কিত এলাকাবাসী হাসপাতালের সামনে অবস্থান নেন। চিকিত্সক নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু সিভিল সার্জন বারবার স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করেও আর একজন চিকিত্সক আনতে পারেননি। বরগুনা সদরে অস্ত্রোপচারে খরচ কমপক্ষে ১০ হাজার টাকা। গাইবান্ধা সদর হাসপাতালে ১২ বছর ধরে প্রসূতি বিভাগে বিশেষজ্ঞ চিকিত্সক নেই। অবেদনবিদের পদ শূন্য আছে এক বছর ধরে। শল্যচিকিত্সা বিভাগে একজন চিকিত্সককে দিয়ে কাজ চালানো হচ্ছে। সুনামগঞ্জের শাল্লায় কখনো কোনো জরুরি অস্ত্রোপচার হয়নি। অগ্রগতি হয়েছে কোথাও কোথাওবাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে ২০১০-এর সঙ্গে জড়িত আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী শামস এল আরেফীন বলেন, বেসরকারি হাসপাতালগুলো থেকে চিকিত্সাসেবা নেওয়ার প্রবণতা বেড়েছে সত্য, কিন্তু সরকারি খাতও কিছুটা এগিয়েছে। ২০০১ সালে ৫ দশমিক ৮ শতাংশ নারী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতেন, এখন যাচ্ছেন ১০ শতাংশ নারী। অবস্থার আরও উন্নতি করতে হলে সহজে পৌঁছানো যায়, এমন জায়গায় স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে, প্রশিক্ষিত ধাত্রীদের সংখ্যা দ্রুত বাড়ানো খুব জরুরি। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর দুটি সংস্থাই বলছে, প্রসবের আগে অন্তত চারটি চেকআপ যেন সব নারীই করাতে পারেন, সে বিষয়ে তারা জোর চেষ্টা চালাবে। মায়েদের মধ্যে গর্ভকালীন ঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরির কাজও চলবে পাশাপাশি। প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি এম জসীমউদদীন, সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান ও গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন।