মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বহুল আলোচিত স্বাস্থ্যসেবা বিল অনুমোদন করেছে। দীর্ঘ বিতর্কের পর স্থানীয় সময় গত রোববার রাতে ২১৯-২১২ ভোটে প্রস্তাবটি অনুমোদন করা হয়। প্রস্তাবটিতে এখন প্রেসিডেন্টের স্বাক্ষর এবং তা আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রের আরও প্রায় তিন কোটি ২০ লাখ নাগরিক স্বাস্থ্যসেবা সুবিধার আওতায় আসবে।স্বাস্থ্যসেবা বিলটি ইতিমধ্যেই মার্কিন সিনেটের অনুমোদন পেয়েছে। এখন তা আইনে পরিণত করতে শুধু প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর দরকার। কংগ্রেসে কিছু পদ্ধতিগত প্রক্রিয়ার পর আইনের প্রস্তাবটি আজ মঙ্গলবারই ওবামার কাছে অনুমোদনের জন্য যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবটি অনুুমোদনের ফলে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে গেলেন ওবামা।প্রস্তাবটি অনুমোদনের পর উত্ফুল্ল ওবামা বলেন, ‘আজ রাতে আমরা ইতিহাসের ডাকে সাড়া দিয়েছি। আমরা দায়িত্ব এড়িয়ে যাইনি বরং তা পালন করেছি।’ তিনি বলেন, এই প্রস্তাব অনুমোদন হওয়ায় কোনো বিশেষ দলের বিজয় ঘটেনি। জয় হয়েছে আমেরিকার জনগণের।তবে প্রতিনিধি পরিষদের কোনো রিপাবলিকান-দলীয় সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেননি; বরং আলোচনার সময় তাঁরা প্রস্তাবটি নাকচ করতে জোর দাবি জানান। পাশাপাশি ডেমোক্রেটিক পার্টির ৩৪ জন আইনপ্রণেতাও এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। ২০০৮ সালে ওবামার নির্বাচনী প্রচারের সময় এটিই ছিল ডেমোক্র্যাটদের মূল স্লোগান।স্বাস্থ্যসেবা বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যক্তিদের স্বাস্থ্যসেবার সুবিধা নিশ্চিত হবে। আগামী ১০ বছরে ৯৪ হাজার কোটি ডলারের এই স্বাস্থ্যসেবা খাত সংস্কারের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রায় সব নাগরিককে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসা হবে। কোনো বিমা কোম্পানি নাগরিকদের স্বাস্থ্যবিমার আবেদন প্রত্যাখ্যান করতে পারবে না। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিমা কোম্পানিগুলো এখনকার মতো কোনো নাগরিকের বিমা বাতিল করতে পারবে না। কর্মক্ষেত্র ছাড়াও নাগরিকেরা আলাদাভাবে বিমা করাতে পারবেন। বিমা গ্রহণের জন্য নিম্ন আয় ও মধ্যম আয়ের লোকজন সরকারি ভর্তুকি পাবেন।এ ছাড়া সন্তানেরা ২৬ বছর পর্যন্ত মা-বাবার সঙ্গে বিমা-সুবিধা পাবে। সব নাগরিককে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিমা গ্রহণ করতে হবে। স্বাস্থ্যবিমা গ্রহণ না করলে বার্ষিক আয়ের ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে। দারিদ্র্যসীমায় জীবন যাপন করা নাগরিকদের স্বাস্থ্যবিমা ক্রয়ের জন্য পূর্ণ সরকারি ভর্তুকি দেওয়া হবে। প্রস্তাবিত নতুন আইনে মাঝারি ও উচ্চ আয়ের নাগরিকদের স্বাস্থ্যবিমার ওপর কর বাড়ানোর কথা বলা হয়েছে। অবসরপ্রাপ্ত ও বয়স্কদের জন্য স্বাস্থ্যবিমা ক্রয়ে সরকারি ভর্তুকি বাড়ানো হয়েছে।প্রস্তাব কংগ্রেসে গৃহীত হওয়ার পর স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘আমরা আমাদের পূর্বসূরিদের প্রয়াস ও স্বপ্নের প্রতি আজ সম্মান জানাতে সক্ষম হয়েছি।’তবে এ বিলের বিরোধিতা করে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান-দলীয় নেতা জন বোয়েলার বলেছেন, ‘এটা আমাদের জন্য একটি লজ্জা।’