সেবার চেয়ে বাণিজ্য বড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী অধ্যুষিত সিলেট জেলা। আর্থিকভাবে প্রবাসীর বলে বলিয়ান অনেকে। হাতে প্রবাসী টাকা থাকায় সামান্য অসুখ-বিসুখ হলেই স্বাস্থ্যসেবার বেসরকারি হাসপাতালে ছোটে। এদের অনেকে ভুলেও সরকারি হাসপাতালমুখী হয় না। ভালো ও উন্নতমানের চিকিৎসার আশায় বেসরকারি ক্লিনিক-হাসপাতালে ভর্তি হয়। লাভ করে কাঙ্ক্ষিত সুস্থতা। তবে এ ক্ষেত্রে বিপরীত চিত্রও রয়েছে।সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে সহায়সম্বল বিক্রি করে জীবন বাঁচানোর জন্য ভর্তি হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। সিলেট অঞ্চলের এই সুযোগ কাজে লাগিয়ে সিলেট নগরসহ সবকয়টি উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার), যেখানে সেবার চেয়ে বাণিজ্য বড়। হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সবগুলোর চিকিৎসাসেবার মান নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন আর রোগীদের কাছ থেকে মেলে নানা অভিযোগ। কিন্তু নজরদারি নেই বলে এ অভিযোগের সুরাহাও হয় না।বিভিন্ন বেসরকারি ক্লিনিক-হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সিলেটের সরকারি হাসপাতালগুলোর বাইরে প্রতিদিন সিলেট নগর ও জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক-হাসপাতালে আড়াই সহস্রাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। সিলেট স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ১৫৩টি বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানের ১০৫টি আবার সিলেট নগরে অবস্থিত।লন্ডন-প্রবাসী শাহনেওয়াজ বলেন, ‘আমাদের সিলেটে প্রবাসীদের আধিক্য বেশি হওয়ায় রোগ-শোকে কেউ সরকারি হাসপাতালে যায় না। কারণ সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে তুলনামূলকভাবে সুযোগ-সুবিধা অনেক বেশি পাওয়া যায়। এ কারণে প্রায় সবাই বেসরকারি ক্লিনিক-হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকে। হয়তো এ কারণেই এ অঞ্চলে বেসরকারি ক্লিনিক-হাসপাতালের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এই সুযোগে রোগীদের কাছ থেকে বেশি টাকা আদায় করার ঘটনাও ঘটছে। এটা ঠিক নয়।’সেবার চেয়ে ব্যবসা বড়?—এ প্রশ্নের জবাবে সিলেট মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপক মহিউদ্দিন বলেন, ‘স্ট্যাটাস অনুযায়ী একেক জায়গায় একেক ধরনের ফি রোগীর কাছ থেকে আদায় করা হয়। রোগী ধরে রাখতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা উন্নত সেবা নিশ্চিত করতেই ক্লিনিকগুলো সব সময় আন্তরিক থাকে। কারণ প্রতিষ্ঠানের নামধামের ওপরই নির্ভর করে রোগীর আস্থা অর্জন করা।’