হূদরোগ চিকিৎসায় দেশের অন্যতম বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসাসেবা পাচ্ছে না রোগীরা। দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হচ্ছে। বেশ কয়েকজন রোগী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিচালকের কারণে প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে।পরিচালক আবুল হোসেইন খান চৌধুরী হূদরোগ বিশেষজ্ঞ নন। হূদরোগ বিষয়ে তাঁর উচ্চতর ডিগ্রিও নেই। কিন্তু তিনি গুরুত্বপূর্ণ চিকিৎসা দিয়ে চলেছেন। অন্যদিকে তিনি সরকারি কর্মক্ষেত্রের সময় মেনে চলেন না। পরিচালক অবশ্য বলেছেন, হূদরোগ চিকিৎসা বিষয়ে তাঁর প্রশিক্ষণ আছে। তিনি সময় মেনে চলেন।অব্যস্থাপনার অভিযোগ: একটি কারণ দর্শানো নোটিশের জবাবে ওই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট মো. নজরুল ইসলাম পরিচালককে লিখেছেন, ‘ইদানীং আপনি সকালবেলা অফিসে বিলম্ব করে আসেন। সকালের মর্নিং সেশনে আপনি উপস্থিত থাকেন না। ফলে হাসপাতালের অনেক একাডেমিক কাজ এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয় যথাসময় সম্পন্ন না হওয়ার কারণে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত কাজের এবং প্রতিষ্ঠানেরও অনেক ক্ষতি হচ্ছে।’ উল্লেখ্য, পরিচালকের অনুমতি ছাড়া নজরুল ইসলামসহ সাতজন চিকিৎসক গত জুনে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হূদরোগ সম্মেলনে যোগ দেন। পরিচালক তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন।শুধু ওই চিকিৎসকই নন, প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মচারী অভিযোগ করেছেন, পরিচালক প্রায় প্রতিদিনই হাসপাতালে আসেন সকাল ১০টার পর। কিন্তু সকাল আটটায় সরকারি কর্মসময় শুরু। এই প্রতিবেদকও হাসপাতাল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন।এ ব্যাপারে আবুল হোসেইন খান চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি সময়মতোই তাঁর দপ্তরে আসেন এবং উপস্থিতি তদারকির জন্য হাজিরা খাতা দপ্তরে নিয়ে যান। তিনি বলেন, কেউ দেরিতে এলে তাঁকে চিহ্নিত করা হয়।সাংসদের অভিযোগ: গত ৯ জুন সাংসদ (নারী ২২ আসন) বেগম মাহফুজা মণ্ডল সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, হূদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনেরা দালালের হাতে জিম্মি। বিছানা পেতে ৫০০ থেকে এক হাজার টাকা দিতে হয়। রোগনির্ণয় পরীক্ষার জন্য বেশি অর্থ দিতে হয় অথবা দালালদের মাধ্যমে বাইরে থেকে তা করাতে হয়। সাংসদ বলেন, তিনি দুবার এই হাসপাতালে ভর্তি হয়ে এসব বিষয় প্রত্যক্ষ করেছেন।সংসদে মাহফুজা মণ্ডল অভিযোগ করেন, রোগীকে জোর করে রিং (রক্তনালিতে জমে যাওয়া চর্বিতে রক্তপ্রবাহে বাধাগ্রস্ত হয়, তা দূর করতে) লাগানো হয় এবং এনজিওগ্রামের (রক্তপ্রবাহ বাধার স্থান চিহ্নিত করার পরীক্ষা) প্রয়োজনীয় ওষুধ (তরল রঞ্জক) বাইরে থেকে ক্রয় করানো হয়। তিনি আরও অভিযোগ করেন, চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে নানা অনিয়ম হয়েছে। অন্যদিকে অনেক যন্ত্র অকেজো পড়ে আছে।এ ব্যাপারে পরিচালক বলেন, ২২ জুলাই তোবারক হোসেন নামের এক দালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দালাল ঠেকাতে হাসপাতালের উপপরিচালককে প্রধান করে কমিটিও গঠন করা হয়েছে। পরিচালক বলেন, রিং স্থাপনের ক্ষেত্রে জবাবদিহি আনতে সরকারকে রিং কেনাতে রাজি করিয়েছেন। ইতিমধ্যে ৩০০ রিং কিনিয়েছেন। তিনি বলেন, জরুরি ও গরিব রোগীকে এই রিং বিনা মূল্যে দেওয়া হবে।পরিচালকের রাতে কাজ: সকালে ঠিক সময়ে কাজে না এলেও পরিচালক অধিকাংশ সময় রাতে দাপ্তরিক কাজ করেন বলে জানা গেছে। অভিযোগ আছে, পছন্দসই কর্মচারীদের সরকারি গাড়ি ব্যবহার করতে দেন। এ ব্যাপারে পরিচালক বলেন, দাপ্তরিক কাজের প্রয়োজনে দু-একজন কর্মচারী তাঁর দপ্তরে থাকেন। অতিবৃষ্টির কারণে যানবাহন না পাওয়া গেলে তাঁর সরকারি গাড়ি দিয়ে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করতে হয় তাঁকে।পরিচালক সপ্তাহে এক দিন এনজিওগ্রাম করেন। অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান থেকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়েছেন। পরিচালক তাঁর নির্ধারিত দিনে বিকেল চারটা থেকে রোগীকে এনজিওগ্রাম শুরু করেন। ফলে দিনভর অপেক্ষায় থাকা রোগীর ভোগান্তির সীমা থাকে না।যন্ত্র খারাপ: যশোরের মনিরামপুরের রেশমা বেগম প্রথম আলোকে বলেন, চিকিৎসক তাঁকে এই প্রতিষ্ঠান থেকে হূদরোগের একটি পরীক্ষা করাতে পরামর্শ দেন। কিন্তু সংশ্লিষ্টরা রেশমাকে বলেন ‘যন্ত্র খারাপ’। পরে তিনি হাসপাতালে ভর্তি হতেও চেয়েছিলেন। কিন্তু ডাক্তার তাঁকে বলেছেন, পরীক্ষার পরই কেবল ভর্তি করা যেতে পারে। দরিদ্র রেশমা বলেন, অনির্দিষ্টকালের জন্য হোটেলে থাকা সম্ভব হচ্ছে না।হূদরোগে আক্রান্ত মানিকগঞ্জের সাধন কুমার সেন হাসপাতালে ভর্তি হতে এসেছিলেন। সাধনের স্ত্রী শিল্পী সেন জানান, চিকিৎসকেরা ইকো পরীক্ষা করতে পরামর্শ দিয়েছেন। কিন্তু দালালেরা তাঁকে বলেছে, হাসপাতালের যন্ত্র খারাপ। দালালেরা সাধনকে ক্লিনিকে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছে। অথচ জরুরি বিভাগের চিকিৎসক জিল্লুর রহমান জানান, হূদযন্ত্রের সমস্যা নিয়ে আসা রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে পরিচালক বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।মাসের পর মাস অপেক্ষা: হাসপাতালের আবাসিক সার্জন (ভাসকুলার) কাজী আবুল আজাদ প্রথম আলোকে বলেন, গত শনিবার পটুয়াখালী থেকে মাহবুবুর রহমান হাসপাতালে আসেন প্যারিফ্যারাল এনজিওগ্রাম (হাত ও পায়ের রক্তনালিতে রক্তপ্রবাহ বাধার স্থান চিহ্নিত করার পরীক্ষা) করাতে। তাঁর পায়ে পচন ধরেছে। জরুরি হলেও তাঁর পরীক্ষা করা যাচ্ছে না। পরীক্ষার ব্যবস্থা করতে না পারলে পা হারাতে হতে পারে। কাজী আজাদ বলেন, মাহবুবের আগে অনেক রোগী একই পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন। মাহবুবকে আগামী ডিসেম্বরে তারিখ দেওয়া হয়েছে। তাঁর মতো অনেক গরিব রোগী জরুরি এই পরীক্ষা করাতে না পেরে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন।এ ব্যাপারে হাসপাতালের পরিচালক বলেন, রোগীর এত দীর্ঘ অপেক্ষা করার কথা নয়। ইতিমধ্যে নতুন এনজিওগ্রাম যন্ত্র কেনা হয়েছে। ফলে এনজিওগ্রাম করতে আর সমস্যা থাকবে না।ওই একই দিনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ডুপ্লেক্স (পায়ের রক্তনালিতে রক্তপ্রবাহের পরীক্ষা) পরীক্ষা করাতে আসেন। আবাসিক সার্জন কাজী আজাদ বিনা মূল্যে পরীক্ষার সুপারিশ করেন। মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পরিচালকের দপ্তরে অনুমতি আনতে গেলে তাঁর ব্যক্তিগত সহকারী বলেন, ‘আমাদের জন্য ব্যবস্থা করেন, তাহলে হয়ে যাবে।’ এরপর মুক্তিযোদ্ধা পরিচয় দিলে তাঁকে জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা হবে না। অবশ্য পরে আবাসিক সার্জন তাঁর পরীক্ষার ব্যবস্থা করে দেন।কিছুদিন আগেও প্রতিষ্ঠানটি অনেক ভালো চলছিল। প্রতিষ্ঠানের মধ্যে শৃঙ্খলা ছিল। দালালের দৌরাত্ম্য কম ছিল। জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা বলেছেন, জরুরি ভিত্তিতে সরকারের প্রতিষ্ঠানটির দিকে দৃষ্টি দেওয়া উচিত।