বৃষ্টি, সালমা ও সীমা। কতই বা বয়স। পাঁচ কিংবা দশ। ওরা জানে না ওদের ঠিকানা। বলতে পারে না মা-বাবার কথা। জানে শুধু নিজের নাম। হারিয়ে গেছে আপনজনের কাছ থেকে। পথহারা এই শিশুদের রাস্তা থেকে কেউ থানায় দিয়ে গেছে। সেখান থেকে নিরাপদ একটি স্থানে—‘ভিকটিম সাপোর্ট সেন্টার’। বাংলাদেশ পুলিশ তেজগাঁও থানার কাছে এই সাপোর্ট সেন্টার চালু করে ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি। এখানে ২৪ ঘণ্টা সেবা দান করা হয়। অসহায় ও নির্যাতনের শিকার নারী-শিশুদেরই সাধারণত সেবা দেওয়া হয় এ কেন্দ্রে। প্রশিক্ষিত নারী পুলিশ কর্তৃক কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। জানান ভিকটিম সাপোর্ট সেন্টারের সহকারী পুলিশ কমিশনার মিনা মাহমুদা। এখানে সর্বোচ্চ পাঁচ দিন রাখার নিয়ম থাকলেও প্রয়োজন অনুসারে কোনো কোনো ক্ষেত্রে সময় বাড়ানো হয়। পেশাগত ও সমন্বিতভাবে সেবা দেওয়ার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ১০টি এনজিওকে এর সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে ভিকটিমদের এসব এনজিওতে পাঠিয়ে দেওয়া হয়—জানান তিনি। ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্দেশ্য সামাজিক ও সাংস্কৃতিক বাধা দূর করে নারী ও শিশুর প্রতি সংঘটিত অপরাধ রিপোর্টিংয়ের সুযোগ নিশ্চিত করা। ভিকটিমকে সময়োপযোগী এবং পেশাগত সেবা দেওয়া। ভিকটিমের সুরক্ষা ও আইনগত অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ভিকটিমের সর্বোত্তম সেবা নিশ্চিত করা। ভিকটিমকে বারবার নির্যাতনের হাত থেকে রক্ষা করা। নারী ও শিশুর প্রতি সংঘটিত অপরাধের তথ্য সংরক্ষণ করা এবং অপরাধ নিবারণের জন্য কার্যকর নীতি তৈরি করা। এ ছাড়া ভিকটিমের চাহিদা অনুসারে তাত্ক্ষণিক আইনি, স্বাস্থ্য ও অন্যান্য সহায়তা দেওয়া, যা তার অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। এসব উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এ কেন্দ্র। ভিকটিম সাপোর্ট সেন্টার বাংলাদেশ পুলিশ সংস্কার কর্মসূচির একটি প্রকল্প। এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হাবিবুর রহমান জানান, এখানে ভিকটিমদের সব ধরনের সহয়তা দেওয়া হয়।এ ছাড়া ঢাকার বাইরে পাঁচটি বিভাগীয় শহরে এই কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে; যাতে করে প্রত্যন্ত অঞ্চলের জনগণ এ সেবা পেতে পারে। যেসব সেবা দেওয়া হয় ভিকটিমকে সাদরে সম্মানের সঙ্গে গ্রহণ করা। নির্যাতিত নারী ও শিশুদের তথ্য প্রদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। ভিকটিমের কথা মনোযোগসহকারে শোনা এবং সমস্যা চিহ্নিতকরণে সহায়তা করা। ভিকটিমের অভিযোগ লিপিবদ্ধ করা। এফআইআর করার ক্ষেত্রে সহায়তা দেওয়া। আইনগত প্রক্রিয়া সম্পর্কে ভিকটিমকে অবহিত করা। জরুরি চিকিত্সাসেবা দেওয়া এবং প্রয়োজনে ভিকটিমকে সঙ্গে নিয়ে চিকিত্সাকেন্দ্রে যাওয়া। তদন্ত কার্যক্রমে সহায়তা করা এবং অগ্রগতি সম্পর্কে ভিকটিমকে অবহিত করা। প্রয়োজনে ফোনে তথ্য দিয়ে সহায়তা করা। মনোসামাজিক কাউন্সেলিং প্রদান করা। দীর্ঘমেয়াদি (আশ্রয়, আইনি সহায়তা, শারীরিক ও মানসিক চিকিত্সা, পরিবারের একত্রীকরণ) সহায়তার জন্য সরকারি ও বেসরকারি সংস্থায় স্থানান্তর করা। সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত এই কেন্দ্রে সেবা দেওয়া। ফিরে যাই প্রতিবেদনের শুরুর সেই তিনটি শিশুর কাছে। তাদের একজন সালমা। বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসে। পরে অপরিচিত এক ব্যক্তি তাকে রাস্তা থেকে নিয়ে থানায় দিয়ে যায়। সেখান থেকে এই কেন্দ্রে পাঠানো হয় তাকে। পরে তার বর্ণনার ভিত্তিতে একটি এলাকাকে চিহ্নিত করে এ কেন্দ্র। সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা। খুঁজে পাওয়া যায় তার ঠিকানা। এরই মধ্যে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা। এ পর্যন্ত ৩৮৫ জনকে এ রকম সেবা দিয়েছে এ কেন্দ্র। নারী ও শিশুর শারীরিক ও মানসিক—যেকোনো বিপর্যয়েই তাদের পাশে থাকে এ প্রতিষ্ঠানটি। এখানে এসে কেউ তাদের ঠিকানা বলতে না পারলে তাদের ছবি পত্রিকায় ও টিভিতে প্রচার করা হয়। তার বর্ণনার ভিত্তিতে সম্ভাব্য এলাকায় খোঁজখবর নেওয়া হয়। এভাবেও কোনো কাজ না হলে বিভিন্ন এনজিওতে তাদের পাঠানো হয়। তবে তাদের তদারকি-ফলোআপ এ কেন্দ্র করে থাকে। সেখানেও ঠিকানা খোঁজার কাজ অব্যাহত থাকে। এসিডদগ্ধ একজন নারীকে তারা এসিড সারভাইভরস ফাউন্ডেশনে পাঠিয়েছে। এ ছাড়া পাচার, ধর্ষণ, যৌন নিপীড়ন এবং পারিবারিক নির্যাতনের শিকার নারী ও শিশুরা এখানে সেবা পেয়ে থাকে। অনেকে নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে। প্রতিবন্ধীরাও এখানে সেবা পায়। প্রথমে কাউন্সেলিং করা হয়। পরে তাদের প্রয়োজন অনুসারে আইনি সহায়তা, চিকিত্সা ও পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হয়। কোনো নারী ও শিশু যদি এ সেবা পেতে চায়, তবে এই ভিকটিম সাপোর্ট সেন্টারে সরাসরি বা টেলিফোনে যোগাযোগ করতে পারবেন। এখানে তাদের প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করা হয়। যোগাযোগ: ভিকটিম সাপোর্ট সেন্টার, (তেজগাঁও থানাসংলগ্ন), তেজগাঁও, ঢাকা। ফোন: ৯১১০৮৮৫, ০১৭৪৫৭৭৪৪৮৭।