সেবার মান নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে দুটি সাইবার সেন্টার। এর একটি কেন্দ্রীয় গ্রন্থাগারে, অন্যটি ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। দুটি সাইবার সেন্টারের অবস্থাই নাজুক। সাইবার সেন্টারে জরুরি কোনো কাজ করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। দুটি সাইবার সেন্টারে শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন তানজিল রিমনকেন্দ্রীয় গ্রন্থাগারের সাইবার সেন্টারকয়েকজন শিক্ষার্থী কম্পিউটারের সামনে চেয়ারে বসে আছেন। আরও কয়েকজন শিক্ষার্থী পাশে দাঁড়িয়ে আছেন কম্পিউটার ফাঁকা পাওয়ার আশায়। কিন্তু নেটওয়ার্ক জটিলতায় কম্পিউটারগুলো চালুই হচ্ছে না। দুই ঘণ্টা অপেক্ষার পর চালু হলো কম্পিউটার। কিন্তু মিনিট দশেকের মধ্যেই একজন শিক্ষার্থী কম্পিউটারের মাউস কাজ না করায় আছড়ে মারলেন। কারণ, মাউস কাজই করছে না। পাশের চেয়ার থেকে একজন গালাগাল করতে করতে উঠে গেলেন। কারণ, এ কম্পিউটার এত আস্তে চলে যে একবার নির্দেশ দিলে দুই মিনিট পরে তা কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি-সংলগ্ন সাইবার সেন্টারের গত শনিবার বিকেলের দৃশ্য এটি। প্রায় প্রতিদিন ঘটছে এসব ঘটনা, কিন্তু দেখার কেউ নেই।এখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কম্পিউটার নেই। ২৫টি কম্পিউটার থাকলেও এর প্রায় অর্ধেকই নষ্ট। এ জন্য শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাইবার সেন্টারে। কখনো কখনো দুই-তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কম্পিউটার ফাঁকা পাওয়া যায় না। অথচ যাঁরা কম্পিউটারের সামনে বসে আছেন, তাঁদের অনেকেই সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক খুলে রেখেছেন। কেউ বা গেমস খেলেন। সূর্য সেন হলের একজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন সাইবার সেন্টারে। তিনি জানান, তাঁর একটি জরুরি ই-মেইল করতে হবে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তাঁর কাজ হয়ে যাবে। কিন্তু ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও কোনো কম্পিউটার ফাঁকা পাচ্ছেন না। কয়েকজনকে অনুরোধ করেও কাজ হয়নি। অথচ যাঁদের অনুরোধ করা হয়েছে, তাঁদের একজন গেমস খেলছেন, অন্যরা ফেসবুক ঘাঁটছেন। তিনি বলেন, ‘এখানে একটা নির্দিষ্ট নিয়ম থাকা দরকার, যাতে সবাই কম্পিউটার ব্যবহার করতে পারে। কারণ, একজন জরুরি কাজ করতে পারবেন না আর অন্যজন ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক ঘাঁটবেন কিংবা গেম খেলবেন, এটা তো হতে পারে না।’ কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থী জাহিদুল হাসান বলেন, ‘৪ মে আমার একটা অ্যাসাইনমেন্ট টাইপ করার জন্য এখানে আসি। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে কম্পিউটার ফাঁকা পাই। তারপর দুই ঘণ্টা ধরে একটা অ্যাসাইনমেন্ট লেখা শেষ করি। কিন্তু কোনো লাভ হয়নি তাতে। কারণ, আমি এগুলো প্রিন্ট দিতে পারিনি। আমার পেনড্রাইভ না থাকায় ই-মেইল করে টিএসসি সাইবার সেন্টারে যাই প্রিন্ট দিতে। কিন্তু এখানের কম্পিউটারগুলো বাংলা সমর্থন করে না। ফলে আমার চারপাঁচ ঘণ্টা বৃথাই নষ্ট হয়েছে। কারণ, মঙ্গলবার আশপাশের সব মার্কেট বন্ধ ছিল। ফলে বাইরে থেকেও কোনো প্রিন্ট দিতে পারিনি। পরে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি হাতে লিখে।’ ১১ থেকে ১৪ মে নেটওয়ার্ক জটিলতায় সাইবার সেন্টারের কম্পিউটার বেশির ভাগ সময় বন্ধ ছিল। কম্পোজ করতে অনেক শিক্ষার্থীকে ছুটতে হয়েছে বাইরের কোনো দোকানে। এসব অসুবিধার কথা জানালে সাইবার সেন্টারের উপপরিচালক (সিস্টেম) মো. মনিরুজ্জামান বলেন, ‘সব সমস্যার সমাধান করতে হলে কম্পিউটার বাড়াতে হবে। বারবার বলার পরও কর্তৃপক্ষ কোনো কথা কানে তুলছে না। কমপক্ষে আরও ২৫টি কম্পিউটার দরকার। প্রিন্ট দেওয়ার সুবিধা না থাকার ব্যাপারে তিনি বলেন, প্রিন্টপ্রতি দাম বেশি হওয়ায় অনেকেই এখান থেকে প্রিন্ট করতে চায় না। তাই প্রিন্টের ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে।’টিএসসি সাইবার সেন্টারঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অবস্থিত সাইবার সেন্টারের ৩৫টি কম্পিউটারের প্রায় অর্ধেকই নষ্ট। অন্যগুলোয় বসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এখানকার কোনো কম্পিউটারে বাংলায় কম্পোজ করা যায় না। ফলে বাংলায় কোনো অ্যাসাইনমেন্ট কম্পোজ করা সম্ভব নয়। জগন্নাথ হলের শিক্ষার্থী সুজন চন্দ্র বর্মণ বলেন, ‘কর্তৃপক্ষ কি শুধু ফেসবুক ঘাঁটার জন্য সাইবার সেন্টার তৈরি করেছে?’ আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ শিক্ষার্থীই ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক খুলে বসে থাকে। অন্যরা তাই প্রয়োজনীয় কাজ করতে পারে না। এখানে এক পাতা প্রিন্ট দিতে চার টাকা লাগে। অথচ বাইরে নীলক্ষেত কিংবা গাউছুল আজম মার্কেটে প্রতি পাতা প্রিন্ট করার জন্য দুই টাকা রাখা হয়।টিএসসি সাইবার সেন্টারের বাংলা লেখার ব্যবস্থা করা হবে কি না জানতে চাইলে সাইবার সেন্টারের পরিচালক অধ্যাপক মো. হায়দার আলী বলেন, ‘শিক্ষার্থীদের বাংলা কম্পোজ প্রয়োজন হবে বলে মনে হয়নি। আজকেই ব্যবস্থা নিতে বলে দিচ্ছি।’ অচল কম্পিউটার সম্পর্কে তিনি বলেন, এসব কম্পিউটার অনেক পুরোনো। এর আগেও এসব ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার জন্য হয়ে ওঠেনি।