কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৫৮ জন চিকিৎসকের প্রয়োজন। ২৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাসেবা দিচ্ছেন প্রয়োজনের অর্ধেক মাত্র ২৯ জন চিকিৎসক।১৮ এপ্রিল সরেজমিনে দেখা যায়, হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। পুরো হাসপাতালে দুর্গন্ধময় পরিবেশ। শিশু ওয়ার্ডে নোংরা পরিবেশে বিড়াল ঘুরে বেড়াতেও দেখা গেছে। ওয়ার্ডগুলোর পেছনের বারান্দায় মশা-মাছি ভরা।চিকিৎসা নিতে আসা সদর উপজেলার বিত্তিপাড়ার মকসেদ আলী বলেন, ‘সকালে আসছি, এখন ১০টা বাজে। দুই ঘণ্টা হয়ে গেল কোনো ডাক্তারের দেখা মেলে না।’ একই ধরনের কথা বললেন বহির্বিভাগে দাঁড়িয়ে থাকা রোগী নিসারন, মালেকাসহ কয়েকজন।শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা মোতালেব উদ্দীন (৪৫) বলেন, ‘মেডিসিনের ডাক্তার নেই, তাই অন্য ডাক্তাররা আমাকে কিছু দিন পরে আসতে বলেছেন। অসুকির সুমায় ডাক্তার না পালি পরে ডাক্তার দিয়ে কী করব।’ শিশুসন্তানের বুকে ব্যথার চিকিৎসা নিতে আসা সদর উপজেলার হরিপুর গ্রামের জয়নাল হোসেন বলেন, ‘এখানে দুজন শিশু চিকিৎসকের একজনও নেই। কাকে দেখাব, বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলাম।’হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৬০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। এ ছাড়া হাসপাতালে সব সময় ভর্তি থাকেন ৩৫০ জন রোগী। প্রায় দুই বছর ধরে মেডিসিন, কার্ডিওলজি ও প্যাথলজি কনসালট্যান্ট ছাড়াই চলছে এই হাসপাতাল। গত বছরের ৯ এপ্রিল হাসপাতালে চিকিৎসকের ২২টি পদে জনবল নিয়োগ দিতে বলা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। ২৯ জন চিকিৎসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, ২৫০-এর বেশি রোগী ও বহির্বিভাগ ইন্ডোরে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৪০০ রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। ১০০টি অক্সিজেন সিলিন্ডারের দরকার হলেও আছে মাত্র অর্ধেক। লেপারেস্কপি, এনালাইজার মেশিন, সিটিজি, দাঁতের এক্স-রে থাকলেও প্রয়োজনীয় জনবলের অভাবে এগুলো বাক্সবন্দী রয়েছে স্টোররুমে।হাসপাতালের প্রধান হিসাবরক্ষক মীর আলফাজ উদ্দীন বলেন, ‘প্রতিবছরই জনবল-সংকট নিরসনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়। কিন্তু কোনো কাজ হয় না।’এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরবিন্দ পাল বলেন, ‘এটা ঠিক, প্রয়োজনের অর্ধেক চিকিৎসক দিয়ে হাসপাতালের কার্যক্রম চলছে। সংগত কারণেই চিকিৎসাব্যবস্থাও ভেঙে পড়ছে। এভাবে চলতে থাকলে আমাদের পক্ষে দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়বে। দালালচক্রের বিষয়েও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় তুলে ধরা হয়। কিন্তু কোনো সুরাহা হয় না। কারণ এই দালালচক্র খুবই শক্তিশালী।’১৯৬৩ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ১০০ শয্যার ছিল। ২০০০ সালে আরও ১৫০ শয্যা বাড়ানো হয়। এরপর ২০০৫ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয় এই হাসপাতালটি। ২০০৭ সালের মে মাসে কাগজ-কলমে অনুমোদন পায় ২৫০ শয্যার। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসকসহ অন্যান্য জনবল এখনো নিয়োগ করা হয়নি।