সেবিকাদের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নারী চিকিৎসকেরাই নন, এই ইউনিটের ৪৭ জন সেবিকা অক্লান্ত শ্রম দিয়ে সেবা করে যাচ্ছেন পোড়া রোগীদের। কথা হলো তাঁদের কয়েকজন সেবিকার সঙ্গে। এই ইউনিটের জেষ্ঠ্য স্টাফ নার্স মেহেরুন্নিছা। খুলনা নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন তিনি। এখানে কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে ভালো-মন্দ দুটো অনুভূতির কথাই জানান তিনি, ‘সাধারণত রোগী বেশি হলে তখন অনেক সময় সেবা দিতে একটু দেরি হলে রোগীর স্বজনদের আচরণে খুব কষ্ট পেতে হয়। কারণ, আমরা আমাদের সবটুকু সাধ্য দিয়ে তাদের সেবা দেওয়ার চেষ্টা করি। আবার খুবই ভালো লাগে, যখন মৃত্যুপথযাত্রী কোনো রোগী সুস্থ হয়ে ওঠে।’ একই অনুভূতির কথা জানালেন আরেক সেবিকা জাকিয়া সুলতানা। নিমতলীর ঘটনার দিন রাতে বার্ন ইউনিটে কর্তব্যরত ছিলেন তিনি। ‘সেদিন যে কী ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে রাতটুকু পার করতে হয়েছে আমাদের! এত পোড়া রোগী, তাদের গায়ে পানি ঢালা, মানসিকভাবে শুশ্রূষা দেওয়া, স্বজনদের আহাজারি, সব মিলিয়ে ভয়াবহ অবস্থা হয়েছিল সেদিন। চিকিৎসকদের মতো আমরাও যথাসাধ্য চেষ্টা করি তাদের সেবা দিতে। তার পরও অনেকেই এমন ব্যবহার করল যে খুব কষ্ট লেগেছিল তখন। এ ধরনের অনুভূতি তো আছেই, এ ছাড়া আমি যেহেতু বাচ্চাদের ইউনিটে সেবা প্রদান করি, তাদের সঙ্গে তখন হূদ্যতার বন্ধন গড়ে ওঠে। কিছুদিন আগে সাত-আট বছরের একটি ছেলে আসে এখানে। গরম পানিতে পুড়ে গিয়েছিল তার সমস্ত শরীর। সব সময়ই আন্টি বলে ডাকত আর খুব মায়া করে কথা বলত। তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ওই ছেলেটির অবস্থা এতই খারাপ ছিল যে, শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না তাকে। এখনো প্রায়ই মনে পড়ে ওই ছেলেটির কথা।’ আরেক সেবিকা প্রভাতি বাড়ৈ জানান, এখানে আসা রোগীদের দেখলে বোঝা যায় যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। যেই স্বামীগুলো তাদের স্ত্রীকে পুড়িয়ে দেয়, তাদের প্রতি ঘৃণা হয়।