সেভ দ্য চিলড্রেনের ছয় কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান থেকে সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের ছয়জন বিদেশি কর্মকর্তাকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে দেশটি। আজ বৃহস্পতিবার একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন বলে রয়টার্সে প্রকাশিত এক খবরে জানানো হয়।পাকিস্তান সরকারের সন্দেহ, সাহায়তা দেওয়ার কথা বলে ওই কর্মকর্তারা ওসামা বিন লাদেনকে খুঁজে দিতে মার্কিন গুপ্তচরদের সহযোগিতা করেছেন। এ কারণে তাঁদের দেশ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সাহায্য সংস্থাটির প্রোগ্রাম প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশনসের পরিচালক গোলাম কাদরি বলেন, সেভ দ্য চিলড্রেনের ছয়জন বিদেশি কর্মীকে দুই সপ্তাহের মধ্যে পাকিস্তান থেকে বহিষ্কার করে দেশ ছাড়ার নির্দেশ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তিনি বলেন, ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা মন্ত্রণালয় থেকে জানানো হয়নি। এ বিষয়ে তাঁরা মন্তব্যও করেননি। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ওসামা বিন লাদেনেকে খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তাদের সহযোগিতা করা পাকিস্তানি চিকিত্সক শাকিল আফ্রিদির সঙ্গে পাকিস্তানে কর্মরত সেভ দ্য চিলড্রেনসহ অন্যান্য সাহায্য সংস্থাগুলোর কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখতেন। এ কারণে এসব সংস্থা এখন সরকারের সন্দেহের তালিকায় রয়েছে। গোলাম কাদরি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ, আফ্রিদি সেভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করতেন এবং তিনি আমাদের কর্মকর্তাদের সঙ্গে সিআইএর পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু এই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং যথাযথ কোনো প্রমাণও তাঁদের কাছে নেই।’ওসামা বিন লাদেনের মৃত্যুর আগে অ্যাবোটাবাদে শাকিল আফ্রিদি একটি টিকাদান কর্মসূচি শুরু করেন। এ সময় তিনি শিশুদের কফও পরীক্ষা করেন। তাঁর উদ্দেশ্য ছিল বিন লাদেনের সন্তানদের ডিএনএ পরীক্ষা করা। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ও পাকিস্তানের একজন সাবেক নিরাপত্তা কর্মকর্তা চলতি বছর এ বিষয়টি জানিয়েছেন। এ ঘটনার পর শাকিল আফ্রিদিকে গ্রেপ্তার করা হয় এবং তাঁকে ৩৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। পাকিস্তানে ৩০ বছরের বেশি সময় ধরে সেভ দ্য চিলড্রেন কাজ করছে। এই প্রতিষ্ঠানটিতে দুই হাজারের বেশি পাকিস্তানি কর্মরত।