সেভিলের যৌন কেলেঙ্কারিতে তোলপাড় বিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পপ অব দ্য পপস’ কিংবা ‘জিম উইল ফিক্স ইট’ নামে বিবিসির দুটি সংগীত ও শিশুতোষ অনুষ্ঠানের কথা বলতেই জিমি সেভিলের নামটি আগে চলে আসে। ওই অনুষ্ঠান দুটির উপস্থাপক গত বছর ৮৪ বছর বয়সে অসুস্থত অবস্থায় মারা যান। এর আগে দুই দশকের বেশি সময় ধরে উপস্থাপনার সুবাদে যুক্তরাজ্যের টেলিভিশন আইকন হিসেবে খ্যাতি কুড়িয়েছিলেন তিনি। পেয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘নাইট’ উপাধি।সেই সেভিলের বিরুদ্ধে উঠেছে যৌন কেলেঙ্কারির অভিযোগ। তা-ও আবার কম বয়সী শিশুদের জোর করে যৌনতায় লিপ্ত করানোর অভিযোগ। ভক্তদের চক্ষু ছানাবড়া হলেও এমনই খবর প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো।সিএনএনের খবরে বলা হয়, সেভিলের কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাজ্যজুড়ে। সেভিলের উপস্থাপনায় বিবিসিতে প্রচারিত দুটি অনুষ্ঠানের অসংখ্য দর্শক এখন বিবিসির মতো একটি প্রতিষ্ঠানের ওপর তাদের আস্থা রাখা নিয়ে শঙ্কিত। খবরে আরও বলা হয়, কে, কখন এ কেলেঙ্কারি সম্বন্ধে জেনেছে এবং কেউ জেনেও এটি গোপন করার কোনো চেষ্টা করেছে কি না, এ প্রশ্নই এখন সবার মুখে মুখে। যেভাবে শুরু১৯৬০ ও ৭০-এর দশকে যুক্তরাজ্যে জিমি সেভিলের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাঁর উপস্থাপনায় দুটি অনুষ্ঠান যুক্তরাজ্যের মানুষ সপরিবারে উপভোগ করত। ওই দর্শকদেরই একজন কেভিন কুক। ১৯৭৪ সালে তিনি ছিলেন একটি স্কাউট দলে। একদিন শুনতে পেলেন তাঁর স্কাউট দলটিকে সেভিলের ‘জিম উইল ফিক্স ইট’ অনুষ্ঠানে দেখানো হবে। এতে চরম পুলক অনুভব করা কুক যথারীতি গেলেন সেভিলের অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানের পর সেভিলকে একটি টাই উপহার দিয়েছিলেন কুক। এরপর কুককে বিবিসির একটি ছোট সাজঘরে নিয়ে যান সেভিল। সেখানে নিয়ে যাওয়ার পর একপর্যায়ে কুককে তাঁর পরিধেয় স্কাউটের পোশাক খুলতে বলেন সেভিল। একই সঙ্গে তাঁর সঙ্গে যৌন আচরণ করার কথাও বলেন কুককে। এরপর ওই কক্ষে একজন ঢোকায় তাড়াহুড়ো করে কক্ষ ছাড়েন সেভিল। কুককে বিষয়টি ফাঁস না করার জন্য হুমকি দেন সেভিল। কুকও ৩৭ বছর ধরে ঘটনাটি চেপে ছিলেন। কয়েক সপ্তাহ আগে কয়েকজন নারী সে সময় তাঁদের ওপর নিপীড়নের অভিযোগ তোলার পর এগিয়ে আসেন কুকও। তিনি তাঁর স্ত্রীর কাছে কেলেঙ্কারির বিষয়টি ফাঁস করেন। পরে এটি আবার পুলিশকেও জানানো হয়। কুকের মতোই ২০০ ভুক্তভোগী এখন অভিযোগ করেছেন ওই উপস্থাপকের বিরুদ্ধে। এর ফলে বিষয়টি নিয়ে বিব্রত বিবিসি। ইতিমধ্যেই এ ঘটনা নিয়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। বিবিসির একজন জ্যেষ্ঠ কূটনৈতিক প্রতিবেদক বলেন, গত ৫০ বছরে বিবিসি এতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েনি। যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, তারা ২০০ জনের বেশি ভুক্তভোগীকে শনাক্ত করেছে, যাঁদের বেশির ভাগই টিনএজার (বয়ঃসন্ধিকাল) নারী ছিলেন। পুলিশ আরও জানায়, ওই কেলেঙ্কারির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড প্যাটেন সরকারি হস্তক্ষেপ থেকে প্রতিষ্ঠানের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার নিশ্চয়তা চেয়েছেন। এ জন্য তিনি ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী মারিয়া মিলারকে চিঠি লিখেছেন।চিঠিতে প্রয়াত উপস্থাপক জিমি সেভিলের যৌন হয়রানির অভিযোগ নিয়ে তৈরি অনুসন্ধানী প্রতিবেদন সম্পর্কে বিবিসিতে ভুল বিবৃতি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিবিসির সমসাময়িক ঘটনার অনুষ্ঠান ‘নিউজনাইটে’ ওই বিবৃতি প্রচার করা হয়েছিল।