সেমাই মিলছে চড়া দামে
বাজারে এখন ঈদের আমেজ। শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি। নতুন কাপড় কেনার পর্ব প্রায় শেষ, এখন চলছে আপ্যায়নের প্রস্তুতি। আর ঈদে আপ্যায়নের অন্যতম অনুষঙ্গই হচ্ছে বিভিন্ন ধরনের সেমাই।দাম বাড়ানোর হাওয়া লেগেছে আপ্যায়নের অপরিহার্য উপকরণ সেমাইয়ের ওপরও। ঈদ যতই ঘনিয়ে আসছে, এ পণ্যের চাহিদাও তত বাড়ছে। এই সুযোগে বিক্রেতারাও বাড়িয়ে দিয়েছেন এ পণ্যের দাম।খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সারা বছর টুকটাক ব্যবসা হলেও সেমাইয়ের মূল ব্যবসা হয় দুই ঈদের আগে। বর্ধিত চাহিদার বিপরীতে সেমাই প্রস্তুতকারকেরাও উৎপাদন বাড়িয়ে দেয়। সঙ্গে বাড়িয়ে দেয় দামও।এ কারণেই সারা বছরের সেমাইয়ের দামের সঙ্গে ঈদের আগের দামের মিল খুঁজে পাওয়া যায় না। রাজধানীর একাধিক খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, এক মাস আগের দামের চেয়েও ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। লাচ্ছা ও খোলা সেমাইয়ের দাম মানভেদে বেড়েছে প্রতি কেজিতে ২০ থেকে ৫০ টাকা।গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা দোকানে প্রতি কেজি খোলা সেমাই বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। এই সেমাই গত বছর ছিল ৪০ থেকে ৫০ টাকা। সাধারণ মানের খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১২০ টাকা কেজি। এর দামও এক বছরে বেড়েছে অন্তত ৪০ টাকা।বেশির ভাগ ক্রেতাই এখন আর খোলা লাচ্ছা সেমাই কেনেন না। তাঁদের পছন্দ প্যাকেটজাত লাচ্ছা সেমাই। এ কারণে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত লাচ্ছা সেমাইয়ের চাহিদা বাজারে বেশি। খুচরা বিক্রেতারা বলছেন, বনফুল, সজীব, আফতাব, ড্যানিশ ও ফুলকলি ব্র্যান্ডের সেমাইয়ের কদর বেশি, বিক্রিও বেশি। এ ছাড়া প্রিন্স ও বাঁধন ব্র্যান্ডের লাচ্ছা সেমাইও বিক্রি হয়।এসব লাচ্ছা সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট বিক্রি হয় ২৮ থেকে ৩০ টাকায়। রমজানের আগেও এই সেমাইয়ের দাম দুই থেকে তিন টাকা কম ছিল। সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেমাইয়ের মধ্যে রয়েছে পাকিস্তানি ব্র্যান্ড কুলসুন। এ ব্র্যান্ডের ২০০ গ্রামের প্যাকেটও ৩০ টাকায় বিক্রি হচ্ছে।দাম বাড়ার কারণ: রাজধানীর খুচরা দোকানগুলোতে যেসব সেমাই বিক্রি হয়, এর বেশির ভাগই আসে কেরানীগঞ্জের বিভিন্ন কারখানা থেকে। আমাদের কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের মৌসুম শুরুর এক-দেড় মাস আগে থেকেই কেরানীগঞ্জের সেমাই কারখানাগুলোতে প্রস্তুতি শুরু হয়।সেখানকার সেমাই উৎপাদনকারীরা বলছেন, চিনির বাজার এক মাস ধরেই অস্থির। সাম্প্রতিক সময়ে ময়দার দামও কিছু বেড়েছে। বৃষ্টির কারণে এবার কারখানাগুলোতে উৎপাদনও কম। এ ছাড়া প্রয়োজনীয় অন্যান্য কাঁচামালের দামও বেড়ে যাওয়ায় এবার সেমাইয়ের দাম বেশি নিতে হচ্ছে।কেরানীগঞ্জের জিনজিরা রহমতপুর এলাকার ডাচ ফুডস প্রোডাক্টের পরিচালক মো. বাদল প্রথম আলোকে বলেন, গত বছর ময়দা কিনেছি প্রতি মণ এক হাজার ২০০ টাকায়। এ বছর কিনতে হচ্ছে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৪৫০ টাকায়। ঘিয়ের দামও এক বছরে ১০০ টাকা বেড়ে ৭০০ টাকা হয়েছে। আনুষঙ্গিক অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি তো আছেই। তিনি বলেন, গত বছর তিনি পাইকারি দরে প্রতি মণ লাচ্ছা সেমাই বিক্রি করেছেন দুই হাজার ৮০০ টাকায়। এবার করছেন তিন হাজার ৪০০ থেকে তিন হাজার ৫০০ টাকায়।পুরান ঢাকার কদমতলী এলাকার লাচ্ছা সেমাই উৎপাদনকারী সুপার আড়ং সুইটস অ্যান্ড কনফেকশনারির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শরীফ বলেন, দাম বাড়িয়েও লাভের মুখ দেখা যাচ্ছে না। কর্মচারীদের মজুরি দিয়ে কিছুই থাকে না।