সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, রাষ্ট্র তুমি মানবিক হও
রাষ্ট্রকে মানবিক হওয়ার মিনতি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রের কাছে মিনতি জানাচ্ছি, রাষ্ট্র তুমি মানবিক হও। হাজার হাজার গ্রামবাসীর নামে-বেনামে মামলা করো না। হুলিয়া জারি করো না।’গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ মিনতি জানান।‘নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং ইভ টিজিং প্রতিরোধে শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট ও রোটারি ক্লাব মিরপুর।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আড়িয়ল বিলের হাজার হাজার গ্রামবাসী মামলার ভয়ে বাড়ি ফিরতে পারছে না। অত্যাচারিত হচ্ছে। পলাতক রয়েছে।’ তিনি বলেন, যেখানে প্রধানমন্ত্রী সেখানকার মানুষের আহ্বানে সাড়া দিয়ে পদ্মার ওপারে বিমানবন্দর করার ঘোষণা দিয়েছেন, সেখানে রাষ্ট্রযন্ত্র কেন অসংখ্য মানুষের নামে দায়ের করা বেনামী মামলা তুলে নেবে না!মিজানুর রহমান বলেন, ‘আইনের শাসনের অভাবে আমাদের রাষ্ট্র আজ এক অসীম ক্ষমতাধর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেখানে নাগরিক সামান্য একটি বিন্দু মাত্র। তাই সেই অসীম ক্ষমতাধর রাষ্ট্রের কাছে আমরা মিনতি জানাতে পারি, রাষ্ট্র তুমি মানবিক হও।’ মিজানুর রহমান বলেন, ‘দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে হরতাল না দিয়ে আমরা ঘোষণা করতে পারি, আসুন আমরা দেশের জন্য একটি দিন কাজ করে সবাই ওই দিনের উপার্জন দেশের দুস্থদের জন্য ব্যয় করি।’আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মইনউদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু ওসমান চৌধুরী বক্তব্য দেন।