সেমিফাইনাল স্বপ্ন টিকিয়ে রাখল ভারত
ওয়ানডে বিশ্বকাপে বিগত পাঁচ ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে পাঁচটিতেই হারের স্বাদ পেয়েছিল পাকিস্তান। এবার ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বকাপেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি আটকাতে পারল না হাফিজ বাহিনী। সুপার এইটের আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ওভার হাতে রেখেই জয় তুলে নেয় তারা। আর এই জয় দিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটাও টিকিয়ে রেখেছে ধোনি বাহিনী।১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার গৌতম গম্ভীরের উইকেট হারিয়েছিল ভারত। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দারুনভাবে ঘুরে দাঁড়ান বিরেন্দর শেবাগ ও বিরাট কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয়ের ভিত্তিটা তাঁরা এই জুটিতেই গড়ে দেন। ১১তম ওভারে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন শহীদ আফ্রিদি। ২৯ রান করে ফিরে যান শেবাগ। তবে জয়ের জন্য প্রয়োজনীয় বাকি রানটা তুলে নিতে আর কোন সমস্যাই হয়নি কোহলি ও যুবরাজ সিংয়ের। ৬১ বলে ৭৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন কোহলি। ১৯ রান এসেছে যুবরাজ সিংয়ের ব্যাট থেকে।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যে মাত্র ৩৫ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন ইমরান নাজির ও শহীদ আফ্রিদি। এরপর বল হাতে নিয়ে টানা দুই ওভারে নাসির জামশেদ ও কামরান আকমলকে আউট করে পাকিস্তানকে চাপের মুখে ফেলে দেন যুবরাজ সিং। ১০ম ওভারে অধিনায়ক মোহাম্মদ হাফিজকেও সাজঘরমুখী করেছেন বিরাট কোহলি। ষষ্ঠ উইকেটে ৪৭ রানের জুটি গড়ে পাকিস্তানের সংগ্রহটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান শোয়েব মালিক ও উমর আকমল। ১৬তম ওভারে শোয়েব মালিককে আউট করে এই জুটি ভাঙ্গেন রবীচন্দ্রন অশ্বিন। এরপর আর কোন প্রতিরোধ গড়তে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। শেষপর্যায়ে উমর গুলের ১০ রানের সুবাদে স্কোরবোর্ডে ১২৮ রান যোগ করে পাকিস্তান।