ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের খেলা দেখার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। ৩০ মার্চ ভারতের উত্তরাঞ্চলীয় শহর মোহালিতে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর দেশ দুটির মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ওই ঘটনার পর এই প্রথম পাকিস্তান ক্রিকেট দল ভারতে এল। দেশ দুটির মধ্যে এখনো ওই হামলার বিষয়টি নিয়ে উত্তেজনা রয়েছে। ভারত মুম্বাই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়েবাকে দায়ী করে আসছে। ওই ঘটনায় ১৭০ ব্যক্তি প্রাণ হারায়। রয়টার্স পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই মুখপাত্র ইসলামাবাদে বলেছেন, তারা ভারতের কাছ থেকে খেলা দেখতে মোহালিতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু পাকিস্তান সরকার এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মনমোহন সিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে লিখেছেন, ‘এই ম্যাচকে ঘিরে ব্যাপক উত্সাহ তৈরি হয়েছে। আমরা ক্রিকেটের এ মহারণের অপেক্ষায় আছি। এটা হবে খেলাধুলার বিজয়। মোহালিতে খেলা দেখতে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমি আনন্দিত। আসুন আমাদের সঙ্গে যোগ দিন। দুই দেশের লাখ লাখ দর্শক এ খেলা উপভোগ করবে। এটা আমাকে অনেক আনন্দ দেবে।’৩০ মার্চের ওই ম্যাচের টিকিট প্রাপ্তি নিয়ে ভারত ও পাকিস্তানের দর্শকদের মধ্যে ব্যাপক হইচই হচ্ছে। ম্যাচটি দেখার জন্য ভারত মাত্র পাঁচ হাজার পাকিস্তানিকে ভিসাসহ টিকিট দিয়েছে। মোহালিতে এসে খেলা দেখার ক্ষেত্রে পাকিস্তানি দর্শকদের জন্য এমন বিধিনিষেধ আরোপ করায় ভারত সমালোচনার মুখে পড়ে। এদিকে ভারতের নিরাপত্তা বাহিনী ওই ম্যাচ উপলক্ষে ভারতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার সন্ত্রাসী সন্দেহে তারা এক ব্যক্তিকে আটক করেছে বলে জানিয়েছে।