সেরনিয়াবাতসহ ২২ হত্যা মামলার বিচার শেষ হয়নি
৩৫ বছরেও সাবেক মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতসহ ২২ হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনে এ ২২ জনকেও হত্যা করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার-প্রক্রিয়া শুরু হলেও বিএনপি জোট সরকারের আমলে তা গুরুত্ব পায়নি। আদালত সূত্র জানায়, সেরনিয়াবাতসহ আট হত্যা মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে। আর মোহাম্মদপুরের ১৪ জনকে হত্যার ঘটনায় করা মামলাটির বিচারকাজ চললেও সাক্ষীদের হাজির করা সম্ভব হচ্ছে না। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতসহ আটজনকে হত্যা করার অভিযোগে কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠন করা হয়। এরপর হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। ২০০১ সালের পর আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মামলায় বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর সাড়ে চারটা-পাঁচটার সময় কয়েকজন উচ্ছৃঙ্খল সেনাসদস্য অস্ত্রের মুখে জোর করে মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের ২৭ নম্বর মিন্টো রোডের সরকারি বাড়িতে ঢোকেন। মেজর শাহরিয়ার রশিদ, আজিজ পাশা ও ক্যাপ্টেন নুরুল হুদার নেতৃত্বে সামরিক বাহিনীর পোশাকে এসব সেনা বাসার ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সব সদস্যকে বসার ঘরে জড়ো করেন। একপর্যায়ে সবাইকে গুলি করা হয়। মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত, তাঁর মেয়ে বেবী সেরনিয়াবাত, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি চার বছরের শিশু সুকান্ত বাবু, চাচাতো ভাই শহীদ সেরনিয়াবাত, বাসার গৃহপরিচারিকা লক্ষ্মীর মা, কাজের ছেলে পোটকা, আবদুর রহিম খান ওরফে রিন্টু নিহত হয়। নিহত শিশু সুকান্ত বাবু আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। এ ঘটনায় আবুল হাসানাত আবদুল্লাহর মা আমেনা বেগম, স্ত্রী সাহান আরা বেগম ও ভাই আবুল খায়ের আবদুল্লাহ, বোন বিউটি সেরনিয়াবাত, রীনা সেরনিয়াবাতসহ রফিকুল ইসলাম, সলিল দাস ও গোলাম মাহমুদ গুরুতর আহত হন। ঘটনার পর রমনা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করালেও তিনি তখন কোনো মামলা করেননি।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ২১ অক্টোবর আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা বেগম বাদী হয়ে মেজর শাহরিয়ার, মেজর আজিজ পাশা, ক্যাপ্টেন মাজেদ, ক্যাপ্টেন নুরুল হুদাকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর রাজনৈতিক চাপের মুখে এবং জীবনের নিরাপত্তা ও হুমকির কারণে আগে মামলা করা হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়।১৯৯৭ সালের ৩০ জুলাই ১৬ জন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্তরা হচ্ছেন—সুলতান শাহরিয়ার রশিদ খান, নুরুল হুদা, সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, মুহিউদ্দিন আহমেদ, তাহের উদ্দিন ঠাকুর, আবদুল আজিজ পাশা, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, এ এক এম মহিউদ্দিন আহমেদ, এ এম রাশেদ চৌধুরী, আবদুল মাজেদ, মো. কিসমত হাসেম, নাজমুল হোসেন ও আহম্মদ শরফুল হোসেন ওরফে শরফুল ইসলাম।অভিযোগপত্র দাখিল হওয়ার পর মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। ওই আদালতের তৎকালীন বিচারক এ কে রায় আসামিদের বিরুদ্ধে ১৯৯৯ সালের ৪ অক্টোবর অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। ১০ অক্টোবর একজন সাক্ষী সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হন। কিন্তু আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখা হয়।আদালত সূত্রে জানা যায়, পরের বছর ফেব্রুয়ারিতে আসামি প্রয়াত তাহের উদ্দিন ঠাকুরের বিরুদ্ধে মামলাটি চলতে পারে না বলে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। ওই স্থগিত আদেশের মেয়াদ কয়েকবার বাড়ানোর পর ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি রুলের শুনানি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করা হয়। এই মামলার সংশ্লিষ্ট আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এ সাত্তার প্রথম আলোকে বলেন, গত বছরের ৮ এপ্রিল প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কৌঁসুলি হিসেবে যোগ দেন। সেরনিয়াবাতসহ আট হত্যা মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত আছে। এর বেশি কিছু বলা যাবে না। কারণ হিসেবে তিনি বলেন, কৌঁসুলি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত তিনি মামলার নথিই পাননি। কামানের গোলা নিক্ষেপ মামলা: এ মামলায় বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের সময় খুনিদের কামানের গোলা মোহাম্মদপুর থানার শেরশাহসুরি রোডের ৮ ও ৯ নম্বর বাড়িতে গিয়ে পড়ে। সেখানে গৃহিণী রোজিয়া বেগম, তাঁর ছোট্ট মেয়ে নাসিমা, হাবিবুর রহমান, আনোয়ারা বেগম-১, আনোয়ারা বেগম-২, ময়ফুল বিবি, সাবেরা বেগম, আবদুল্লাহ, রফিকুল, সাবিয়া, সাহাবুদ্দিন, আমিনুদ্দিন, কাশেদা ও দুই বছরের শিশু আনোয়ারা। এ ঘটনায় আহত হন আরও ১৭ জন।১৯৯৬ সালের ২৯ নভেম্বর রোজিয়ার স্বামী মোহাম্মদ আলী একটি হত্যা মামলা করেন। সিআইডি তদন্ত শেষে ২০০১ সালের ৩০ এপ্রিল ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। মামলাটি মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলে।মামলার বিষয়ে অতিরিক্ত সরকারি কৌসুলি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ১৯ মার্চ বাদী মোহাম্মদ আলীর আংশিক সাক্ষ্য গ্রহন করেন আদালত। ওই বছরের ২৬ মে আরেকজন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর আর কোন সাক্ষ্য গ্রহন হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এ মামলায় আগামী ২২ নভেম্বর বাদীর বাকী সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য রয়েছে। এ মামলায় গ্রেপ্তার করা পাঁচ আসামির বঙ্গবন্ধু হত্যা মামলায় ফািঁস কার্যকর হওয়ায় মামলার কার্যক্রম এক প্রকার থেমে গেছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।