সেরা আচার বানিয়ে দুই লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নামেই বোঝা যায় টক, ঝাল, মিষ্টির মজা থাকবে। কিন্তু শুধু কে বিজয়ী হলো আর কে হলো না, কেবল এতেই সীমাবদ্ধ ছিল না আচারের এ বর্ণাঢ্য আয়োজন। পুরো মিলনায়তনে ছিল স্নেহমমতায় ভরা হূদ্যতাপূর্ণ পারিবারিক আবহ। এর সঙ্গে সংগীত, নৃত্য, মজার মজার আলাপচারিতায় দারুণ আনন্দঘন হয়ে উঠেছিল দ্বাদশ প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা-২০১১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বছরের মাঝামাঝি সময়ে প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় আচার বানিয়ে পাঠিয়েছিলেন যাঁরা, তাঁদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। তাঁদেরই একজন ঢাকার আফরোজা সালাম বর্ষসেরা আচারের পুরস্কার জিতে পেয়ে গেলেন দুই লাখ টাকা। সেরা পুরস্কার পেয়ে মঞ্চে এসে জানালেন, এবারই তিনি এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন। এবারের প্রতিযোগিতায় টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য—এই চারটি বিভাগে প্রথম হয়েছেন যথাক্রমে মোমেনা খাতুন, বেগম মাহমুদা রুবাইয়া, হোসনে আরা জাহান ও দিলরুবা বেগম। প্রথম পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন দুটি করে ঢাকা-মালয়েশিয়া-ঢাকার বিমান টিকিট। অনুষ্ঠানের প্রধান অতিথি সংগীতশিল্পী ফরিদা পারভীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।প্রতিযোগিতার চারটি শাখায় দ্বিতীয় পুরস্কার ছিল একটি করে ল্যাপটপ কম্পিউটার এবং তৃতীয় পুরস্কার ছিল একটি করে আইপিএস। টক বিভাগে নার্গিস আমিন দ্বিতীয় এবং আফরোজা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন। মিষ্টি বিভাগে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন রাবেয়া খাতুন ও মাহতাবুন নাহার। ঝাল বিভাগে সুমাইয়া তাহসীন দ্বিতীয় ও মর্জিনা আলম তৃতীয় হয়েছেন। অন্যান্য বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন নুসরাত জাহান ও রিজিয়া সুলতানা। এ ছাড়া ৩৫ জন প্রতিযোগী পেয়েছেন শুভেচ্ছা পুরস্কার। অংশগ্রহণকারী সবাইকে সনদ ও প্রাণের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠান শুরু হলেও প্রতিযোগী ও অতিথিরা জমায়েত হতে থাকেন দুপুরের পর থেকেই। ব্যতিক্রমী ঢঙে শুরু হয় অনুষ্ঠানটি। দর্শকসারি থেকে কুষ্টিয়া, ফরিদপুর, মানিকগঞ্জ ও ঢাকার পাঁচজন নারী বাউল লোকজ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে যান মঞ্চের দিকে। মঞ্চে তাঁরা গেয়ে শোনান লালনগীতি ‘মিলন হবে কত দিনে’। এর পরই ‘আজি বাংলাদেশের হূদয় হতে’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সোহেল রহমান, শখ ও তাঁদের দল।অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদা পারভীন তাঁর বিখ্যাত গান ‘এই পদ্মা এই মেঘনা’ গেয়ে শুরু করেছিলেন কথামালা। গানটিতে নদী, নারী ও দেশাত্মবোধের গভীর ব্যঞ্জনা সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিজয়ের মাসে এই গানটি তিনি শ্রোতাদের শুনিয়েছেন। এরপর তিনি আচারকে আবহমানকালের বাঙালি পরিবারের ঐতিহ্য হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী বলেন, ‘১২ বছর ধরে সফলভাবে এই প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে। পরিবার থেকে যে আচার বানানোর কাজটি শুরু, তা একদিন সারা বিশ্বে বাংলাদেশের খাদ্য-ঐতিহ্যকে তুলে ধরবে।’প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সত্যিকার অর্থে এটি একটি জাতীয় অনুষ্ঠান। সারা দেশ থেকে যাঁরা অংশ নিয়ে এ আয়োজনকে সার্থক করেছেন, তাঁদের আমরা কৃতজ্ঞতা জানাই।’ প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ও পরিচালক উজমা চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন জানিয়ে দেন, প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় এবার তিন হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। আচারের মোট আট হাজার নমুনা জমা পড়েছিল। প্রাথমিক বাছাইকাজ চলে ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজে। চূড়ান্ত পর্বে টক, ঝাল, মিষ্টি এবং অন্যান্য—এই চার বিভাগে মোট ৪৮টি আচার নির্বাচিত হয়।অনুষ্ঠানে ফাতেমা-তুজ-জোহরা পরিবেশন করেন ‘দূর দ্বীপবাসিনী’সহ দুটি গান। কনা ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘প্রজাপতি’সহ তিনটি গান পরিবেশন করেন। অনিমা রায় খালি গলায় গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’ গানটি। পড়শী শোনায় ‘তোমারই পরশ’।অনুষ্ঠানে সঞ্চালকের সঙ্গে ফজলুর রহমান বাবু ও তাঁর স্ত্রী রুকসানা রহমানের কথোপকথন দর্শকদের ভিন্ন রকম আনন্দ দেয়। অভিনেত্রী সুমাইয়া শিমু অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।এবারের প্রতিযোগিতায় রান্না, খাদ্য, পুষ্টিবিশেষজ্ঞসহ নিজ নিজ ক্ষেত্রের খ্যাতনামা ১২ জন নারী চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন। মঞ্চে আমন্ত্রণ জানানো হয় চূড়ান্ত পর্বের বিচারক সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, মিলা মঞ্জুষা, ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফারহানা এ রহমান, উপস্থাপক শারমিন লাকী, রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়, অভিনয়শিল্পী সোহানা সাবা, সংগীতশিল্পী কনা ও মডেল নাবিলাকে। তাঁরা আচারের বিচারকাজের সরস অভিজ্ঞতা বর্ণনা করেন। এ ছাড়া বিচারক ছিলেন চলচ্চিত্র তারকা মৌসুমী, সংবাদপাঠক মিশু রহমান ও রান্নাবিদ কল্পনা রহমান। প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল আই।