সেরা ছবি ‘গহীনে শব্দ’, অভিনয়শিল্পী শাকিব ও পূর্ণিমার নাম চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার চূড়ান্ত করেছে জুরি বোর্ড। ২২ ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত জুরি বোর্ডের সদস্যরা বৈঠক করে প্রাথমিকভাবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০’-এর ফলাফল তৈরি করেছেন। জুরি বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, সেরা ছবির পুরস্কারের জন্য চূড়ান্ত হয়েছে গহীনে শব্দ, অভিনেতা শাকিব খান (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) আর অভিনেত্রী পূর্ণিমা (ওরা আমাকে ভালো হতে দিল না)। পরিচালক হিসেবে খালিদ মাহমুদ মিঠুর (গহীনে শব্দ) নাম জানা গেছে।এ ছাড়া চূড়ান্ত হওয়া অন্য নামগুলো হলো: সেরা সহশিল্পী রোমানা (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) ও আলমগীর, গীতিকার কবির বকুল (নিঃশ্বাস আমার তুমি), সুরকার শেখ সাদী খান (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না), সংগীত পরিচালক সুজেয় শ্যাম (অবুঝ বউ), সংগীতশিল্পী এস আই টুটুল ও শাম্মী আখতার (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না)। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির জন্য কাহিনিকার হিসেবে জাকির হোসেন রাজু, সেরা চিত্রনাট্যের জন্য নার্গিস আক্তার (অবুঝ বউ), খলনায়ক মিজু আহমেদ, সম্পাদনা মজিবুর রহমান দুলু (অবুঝ বউ), সেট ডিজাইনার মহিউদ্দিন ফারুক এবং শিশুশিল্পী হিসেবে দিঘীর নাম নিশ্চিত করেছে সূত্রটি। জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি জুরি বোর্ডের সদস্যরা চূড়ান্ত বৈঠক করবেন। সেখানে অন্য পুরস্কারগুলো চূড়ান্ত করা হবে। আজীবন সম্মাননা দেওয়ার জন্য জুরি বোর্ড তিনজনের নাম প্রস্তাব করেছে। তবে আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা দেওয়ার ব্যাপারে বেশির ভাগ সদস্যই একমত হয়েছেন।জুরি বোর্ডের বৈঠকের পর চেয়ারম্যান হাফিজুর রহমান চূড়ান্ত তালিকা তুলে দেবেন তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুনের কাছে। তথ্যমন্ত্রীসহ আরও কয়েকজন মন্ত্রীকে নিয়ে গঠিত কেবিনেটের সভায় অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত ফল গেজেট আকারে সরকারিভাবে ঘোষণা করা হবে।