সেরা নাচিয়েতে মুনমুন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচের প্রতিযোগিতা ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’-এর বিচারক ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে নতুন বিচারক হিসেবে যুক্ত হলেন মুনমুন আহমেদ। পাশাপাশি এ অনুষ্ঠানে সঙ্গে যুক্ত হয়েছে ফ্যাশন হাউস নাবিলার নামও। এখন থেকে প্রতিযোগিতার নাম ‘নাবিলা-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’।প্রতিযোগিতার নাম পরিবর্তন, নিবন্ধনের সময় বৃদ্ধি ও নতুন বিচারক যুক্ত হওয়ার কথা জানানোর জন্য আজ বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পূর্ণিমা, মুনমুন আহমেদ, নাবিলা বুটিকসের চেয়ারম্যান টি আই এম নুরুন নবী ও ব্যবস্থাপনা পরিচালক শামিমা নবী প্রমুখ।সংবাদ সম্মেলনের শুরুতেই লিখনের পরিচালনায় নাচের একটি ফিউশন পরিবেশন করা হয়। এতে অংশ নেন শ্রাবন্তী ও মঞ্জু।প্রতিযোগিতার নতুন বিচারক মুনমুন আহমেদ বলেন, ‘প্রথমেই শুধু নাচ নিয়ে এ ধরনের একটি আয়োজনের জন্য চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাদের দেশের নাচের আলাদা কোনো মহড়া কক্ষ না থাকা সত্ত্বেও সবাই কিন্তু বেশ ভালো করছে। আমি মনে করি, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে নাচের চর্চাটা আরও বেগবান হবে।’ তিনি বলেন, ‘এ ধরনের আয়োজনে বিচারক হিসেবে যুক্ত হতে পেরে অনেক ভালো লাগছে।’ এ ছাড়া পূর্ণিমা বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন কয়েকজন নৃত্যশিল্পী উপহার দিতে পারব। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে ভালোভাবেই কাজটি করতে পারব।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, নাবিলা বুটিকসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য দেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্রতিযোগিতার মাধ্যমে চ্যানেল আই খুঁজে বের করবে দেশের সেরা নৃত্য প্রতিভাকে। ১৬ থেকে ৩০ বছর বয়সীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নৃত্যের বিভিন্ন শাখায় পারদর্শী নৃত্যশিল্পীদের মধ্য থেকে সেরা নির্বাচন করবেন বিচারকেরা। প্রতিযোগিতার বিশেষ বিচারক হিসেবে থাকছেন অভিনেতা রাজ্জাক। প্রতিযোগিতার মূল আকর্ষণ থাকবে শুদ্ধধারার নৃত্যের প্রতি।সারা দেশ থেকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ১০০ জন প্রতিযোগীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হবে। সেখান থেকে বাছাইকৃত ২০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। নৃত্যে আগ্রহীরা ব্যক্তিগত পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আগ্রহীরা সংবাদপত্র ও প্রতিযোগিতার ওয়েবসাইট- www.csn2012dance.com থেকে ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদন থেকে প্রাথমিক বাছাই শেষে নির্বাচিতদের সংবাদপত্র ও টেলিভিশন বিজ্ঞপ্তির মাধ্যমে অডিশন নেওয়ার তারিখ, সময় ও স্থান জানানো হবে।অংশগ্রহণে আগ্রহীদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করতে হবে।