সেরা পাঁচ টেস্ট
১০ বছরে বাংলাদেশের ৬৮ টেস্ট থেকে সেরা পাঁচ বেছে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজামুলতান ২০০৩পাকিস্তানমুলতান টেস্টটা আমার দৃষ্টিতে এক নম্বর। কারণ, আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল ওই সিরিজটা। এর আগে আমরা টেস্টে কোনো দলকে চাপে ফেলতে পারিনি। সব মিলিয়ে অনেক সমালোচনার মধ্যে ওই সিরিজটা খেলেছিলাম। তা ছাড়া আমাদের ব্যাটসম্যানদের বাউন্সে সমস্যা ছিল, আর মুলতানের উইকেটটা ছিল ঘাসের।জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম আমরা। টেস্ট শেষে খারাপ লেগেছিল খুব। ড্রেসিংরুমে সবাই কেঁদেছি। আমার ধারণা, ইনজামাম তার জীবনেরই সেরা ইনিংস খেলেছিল ওই টেস্টে। তার পরও রশিদ লতিফ মাটি থেকে বল তুলে অলক কাপালিকে আউট না করলে ফলাফল অন্য রকমও হতে পারত। আসলে ভাগ্য আমাদের সহায় ছিল না। এর সঙ্গে আরেকটা ব্যক্তিগত দুঃখও আছে। বিশ্রাম দেওয়ায় ওই টেস্টটা আমাকে বাইরে বসে দেখতে হয়েছিল।ফতুল্লা ২০০৬অস্ট্রেলিয়াপ্রথমেই বলব শাহরিয়ার নাফীসের কথা। শেন ওয়ার্নের মতো বোলারকে শাহরিয়ার যেভাবে মেরেছে, ভোলার মতো নয়। আমার চোখে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখনো এর চেয়ে ভালো ইনিংস কেউ খেলেনি। অন্যদের অন্য মত থাকতে পারে, তবে আমি দেখিনি। শেন ওয়ার্ন, ব্রেট লি, গিলেস্পি, তারপর আবার ম্যাকগিল! দারুণ বোলিং অ্যাটাক। সুমন ভাইও ভালো খেলেছিল ওই টেস্টে। এখনকার অস্ট্রেলিয়া হলে ফতুল্লা টেস্ট নিয়ে এত কথা বলতাম না। কিন্তু সেই সময়ের অস্ট্রেলিয়া ছিল অনেক ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বের সেরা। অস্ট্রেলিয়ার দিকে সবাই তখন অবাক হয়ে তাকিয়ে থাকত। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটু হলে আমরা জিতেই গিয়েছিলাম। গিলক্রিস্ট আর পন্টিংয়ের দুটি দুর্দান্ত সেঞ্চুরি জিততে দেয়নি।আসলে ফতুল্লা টেস্টটার কথা মনে হওয়ায় আমি একটু দ্বিধান্বিত। এক নম্বরে মুলতানকে রাখব, নাকি এটাকে? থাক, মুলতান টেস্টটা যেহেতু টেস্টে প্রথম কিছু একটা করে দেখানোর স্মৃতিচিহ্ন হয়ে আছে, ওটাই এক নম্বরে থাকুক।সেন্ট লুসিয়া ২০০৪ওয়েস্ট ইন্ডিজএই টেস্টটাতেও আমি ছিলাম না। ইনজুরিতে পড়ে আমি তখন হাই পারফরম্যান্সের ক্যাম্পে। দেশে বসেই দেখেছিলাম পাইলট (খালেদ মাসুদ) ভাইয়ের সেঞ্চুরি, রফিক ভাইয়ের সেঞ্চুরি। এর আগে সুমন ভাইও সেঞ্চুরি করেছেন। রফিক ভাইও যে সেঞ্চুরি মারতে পারে, ওটা আসলে আমার দেখেও বিশ্বাস হতে চায়নি। ওয়েস্ট ইন্ডিজের খেলা তো বাংলাদেশে ভোররাত পর্যন্ত চলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস করতাম, রাতে ঘুমিয়ে পড়তাম তাড়াতাড়ি। ওই টেস্টটা তাই অত ভালো করে দেখতে পারিনি আমি। তার পরও যেটুকু দেখেছি, আমার মনে হয়, এটা বাংলাদেশের সেরা টেস্টগুলোর মধ্যেই একটা। তা ছাড়া তখন দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ বেশ ভালো ছিল।চট্টগ্রাম ২০০৮নিউজিল্যান্ডনিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্টটাতে আমরা এক ভেট্টোরির সঙ্গেই পারলাম না। অথচ সাকিব সম্ভবত ক্যারিয়ারের সেরা বোলিংটাই করেছিল ওই টেস্টে। বোলার সাকিবের উত্থানই তো হলো এখানে। দ্বিতীয় ইনিংসে সাকিব খুব ভালো ব্যাটিংও করেছিল। আমিও ৪৪ করেছিলাম। আর যদি ২০টা রান করতে পারতাম, হয়তো জিতেই যেতাম। না জিতলেও এই টেস্টে সবচেয়ে বড় পাওয়া বলতে পারেন নতুন সাকিবকে। ওর নিজেরও হয়তো বিশ্বাস ছিল না যে টেস্টে এতটা ভালো করবে। আসলে টেস্টে ভালো করার পরই কোনো বোলারের মধ্যে এই বিশ্বাসটা আসে যে, ‘আমি একজন ভালো বোলার।’নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্টটাকে বাংলাদেশ দলের জন্য একটা টার্নিং পয়েন্ট বলব। এর পর থেকেই দলে একক নৈপুণ্য বেড়েছে। সেটি দলের সার্বিক পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলেছে।ঢাকা ২০০০ভারতঅভিষেক টেস্টকে সেরা পাঁচে রাখার একটাই কারণ—বুলবুল ভাইয়ের (আমিনুল ইসলাম) সেঞ্চুরি। বাসায় টেলিভিশনে খেলা দেখেছি। তখন আমি ক্রিকেট খেলি না। টেস্ট সেঞ্চুরির কী মূল্য, সেদিন তা ভালোভাবে বুঝেছি। গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল আমার। টেস্ট ক্রিকেটে বুলবুল ভাইয়ের সেঞ্চুরি! অবিশ্বাস্য!তবে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান দেখে যত শিহরিত হয়েছি, দ্বিতীয় ইনিংসে ঠিক ততটাই হতাশ হয়েছি। মাত্র ৯১ রানে অলআউট বাংলাদেশ!অভিষেক টেস্টে দুর্জয় (নাঈমুর রহমান) ভাইয়ের টস করার দৃশ্যটা কোনো দিনই ভুলব না। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে টস করতে নামলেন...আমার দেখা স্মরণীয় মুহূর্তগুলোর একটি।