সেরা ব্যবসায়ীদের পুরস্কৃত করল ডিএইচএল-ডেইলি স্টার
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএলের যৌথ উদ্যোগে প্রবর্তিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ১৩তম পুরস্কারের পর্ব গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।এবার অর্থাৎ ২০১২ সালের জন্য বছরের ব্যবসায়ী ব্যক্তিত্ব (বিজনেস পারসন অব দ্য ইয়ার) হয়েছেন নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস। ছোট একটি প্লাস্টিক কারখানা দিয়ে যাত্রা শুরু করে আজ অত্যাধুনিক ফ্লোট কাচ, জ্বালানি-সাশ্রীয় বাতিসহ বিভিন্ন শিল্প-কারখানা গড়ে তোলার মাধ্যমে নাসির গ্রুপের বার্ষিক টার্নওভার এখন দুই হাজার কোটি টাকা। গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোয় প্রায় ২৩ হাজার লোক কাজ করছেন। অসুস্থতার কারণে নাসিরউদ্দিন উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আবু সাঈদ পুরস্কার গ্রহণ করেন।বছরের উদ্যোক্তা প্রতিষ্ঠান (এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার) হিসেবে পুরস্কৃত হয়েছে রপ্তানিমুখী সমন্বিত পোশাক শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ। গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোয় সাড়ে ১৫ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম ফিরোজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।বছরের সেরা আর্থিক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স। ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।বছরের ‘ব্যবসায় অসাধারণ নারী’ হিসেবে পুরস্কৃত হয়েছেন প্রোটিনা বিডি ফুডসের চেয়ারপারসন মাসুদা ইসলাম। তাঁর প্রতিষ্ঠান সেমাই, মিষ্টি, বেকারি সামগ্রী ও হিমায়িত স্ন্যাকস প্রস্তুত ও সরবরাহ করে থাকে। তিনি নিজে পুরস্কার গ্রহণ করেন।রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পুরস্কৃত ব্যবসায়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম এবং ডিএইচএলের আবাসিক ব্যবস্থাপক ডেসমন্ড কুইয়া।দেশের বিশিষ্ট রাজনীতিক, আমলা, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাভারের রানা প্লাজা ধসে নিহত সহস্রাধিক শ্রমিকের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।