৫৭তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস
সেরা শিল্পী রণবীর ও বিদ্যা বালান ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’
‘বলিউডের অস্কার’ নামে পরিচিত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে এবার সাতটি পুরস্কার পেয়েছে জিন্দেগি না মিলেগি দোবারা। জনপ্রিয় এবং সমালোচক—দুই বিভাগেই সেরা ছবির পুরস্কার জিতেছে ফারহান আখতার প্রযোজিত ছবিটি। অন্য পুরস্কারগুলো হলো: পরিচালক জয়া আখতার, পার্শ্ব-অভিনেতা এবং সংলাপ রচয়িতা ফারহান আখতার, চিত্রগ্রহণ কার্লোস, নৃত্য পরিচালক বস্কো-সিজার। রণবীর কাপুর (রকস্টার) এবং বিদ্যা বালন (দ্য ডার্টি পিকচার) জনপ্রিয় শাখায় পুরস্কার পাবেন, তা অনেকেই অনুমান করেছিলেন। তবে সমালোচকদের বিচারেও যে শ্রেষ্ঠ হবেন, তা রণবীর নিজেও ভাবতে পারেননি। প্রিয়াঙ্কা (সাত খুন মাফ) সমালোচকদের বিচারে হয়েছেন সেরা অভিনেত্রী, পার্থ গুপ্ত (স্টেনলে কা ডাব্বা) পেয়েছেন সমালোচক পুরস্কার। পুরস্কার পাওয়া অন্যরা হলেন: পার্শ্ব-অভিনেত্রী রানী মুখার্জি (নো ওয়ান কিলড জেসিকা), চিত্রনাট্যকার অক্ষত ভার্মা (দিল্লি বেলি), গল্প সঞ্জয় চৌহান (আই এম কালাম), সংগীত পরিচালক এ আর রহমান (রকস্টার), গীতিকার ইরশাদ কামিল (নাদান পারিন্দে-রকস্টার), পুরুষ কণ্ঠশিল্পী মুহিত চৌহান (জোভি ম্যায়-রকস্টার), নারী কণ্ঠশিল্পী ঊষা উত্থুপ ও রেখা ভরদ্বাজ (ডার্লিং-সাত খুন মাফ)। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহরুখ খান ও রণবীর কাপুর। টানা পাঁচ ঘণ্টার বিভিন্ন পরিবেশনায় অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া, শান, দীপিকা পাড়ুকোন, রীতেশ দেশমুখ, জেনেলিয়াসহ আরও অনেকে।