সেরা সাফল্যের হাসি হাসল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমস ফুটবলের ফাইনালে বাংলাদেশের কাছে নেপালের পরাজয়ে খুবই বিমর্ষ ছিলেন নেপালের যুবরাজ দীপেন্দ্র বীর বিক্রম শাহদেব। আক্ষেপ করেছিলেন, ‘আমাদের সবগুলো পদক দিয়ে হলেও ফুটবলের সোনাটা যদি পাওয়া যেত!’ ফুটবলের শ্রেষ্ঠত্ব আসলে এমনই মহার্ঘ! দক্ষিণ এশীয় গেমস ফুটবলে আবারও সোনা জয়ের পর গোটা দেশকে কাল যেমন আনন্দে উদ্বেল দেখাল তাতে মনে হচ্ছে, বাংলাদেশ সবকিছু জিতে গেছে।পদক তালিকায় কিন্তু সর্বজয়ী রূপ নেই। তবে ক্রিকেটের সোনা জয়ের পর পরের সন্ধ্যায় ফুটবলের শিরোপা অনেক দুঃখ ভুলিয়ে দিয়েছে। বাংলাদেশ আফগানিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে। যে দুটি খেলার অবস্থান এ দেশের গণমানুষের হূদয় গহিনে, তাতে তো শ্রেষ্ঠত্ব দেখানো গেছে। আর কী চাই!চাইলে অনেক কিছুই চাওয়া যায়। কোনো জাদুকর যদি তাঁর জাদুর ছোঁয়ায় বাংলাদেশের কয়েকটি ব্রোঞ্জকে সোনার পদকে রূপান্তরিত করত, তাহলে পদক তালিকায় পাকিস্তানকে হটিয়ে দ্বিতীয় স্থানে থাকা যেত। যদি রুপা ও ব্রোঞ্জগুলোকে বানিয়ে দিত সোনা, তাহলে ভারতকে হটিয়ে শীর্ষেই থাকত বাংলাদেশ! কিন্তু হায়, এত কেবলই স্বপ্ন। স্বপ্ন ছেড়ে যে বাস্তবের রুক্ষ জমিতে বাংলাদেশ দাঁড়িয়ে, সেখানে ভারত ও পাকিস্তান ভৌগোলিক ও সামরিক বিশালতার মতোই ক্রীড়াঙ্গনেও পরাশক্তি। ভারত তো সবাইকে ছাড়িয়ে যোজন যোজন দূরে। কাল গেমসের একাদশ দিন শেষে ভারত ৮৮টি সোনা, ৫৩টি রুপা ও ২৮টি ব্রোঞ্জ নিয়ে পদক জিতেছে ১৬৯টি। তার পর পাকিস্তান, তাদের অর্জন ১৯টি সোনা, ২৫টি রুপা ও ৩৬টি ব্রোঞ্জ। পাকিস্তানের সোনা বেশি মাত্র একটি। মোট পদকে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ইস্, এখানেই আক্ষেপ। যদি অ্যাথলেটিকস থেকে দুটি সোনা আসত। অ্যাথলেটিকস না দিতে পারলে যদি সাঁতার সেটি পুষিয়ে দিত!সাঁতারপুলে মাথা কুটেও একটা সোনার পদক আসেনি। অ্যাথলেটিকসও উপহার দিল দীর্ঘশ্বাস। নিজেদের মাটিতে একাদশ দক্ষিণ এশীয় গেমসের (এসএ) এই আয়োজন থেকে বাংলাদেশের উপলব্ধিটা বোঝাই যায়। অ্যাথলেটিকস ও সাঁতারের মতো গুরুত্বপূর্ণ খেলা থেকে পায়ের নিচের মাটি সরে গেছে। বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে কিছু অপ্রধান খেলা। গলফের দুটি সোনা এসেছে। কারাতে থেকে এসেছে চারটি। প্রথমবার উশুতে অংশ নিয়ে সেখান থেকেও দুটি সোনা পেয়েছে বাংলাদেশ। কাল বক্সিংও দিল দুটি সোনা। জুয়েল আহমেদ ও আবদুর রহিমের হাত ধরে আবারও বক্সিংয়ে দেখা গেল সোনার মুখ। আগের ১০টি গেমসে সাকল্যে দুটি সোনা দিয়েছিল বক্সিং। একাদশ গেমস থেকেই এল তার দ্বিগুণ।১৭টি সোনাকে পাখির চোখ করে এই গেমস আয়োজনে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তা তো পাওয়া গেলই, বেশিই এল একটি। আট জাতি দক্ষিণ এশীয় গেমসে সেরা সাফল্য! কোটি কোটি করতালিতে বাংলাদেশের এখন মুখর হওয়ার সময়। পদক তালিকায় তৃতীয় স্থান পাওয়ার লক্ষ্য হয়েছে পূরণ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আজ আনন্দে ভেসে যাওয়ার দিন।আজ ম্যারাথন ও টেবিল টেনিসের দুটি এককের ফাইনাল দিয়ে যবনিকা পড়বে ১৫০ কোটি মানুষের ক্রীড়াযজ্ঞের। ১২ দিন ধরে জ্বলতে থাকা মশাল যাবে নিভে। ২০১৩ অথবা ২০১৪ তে ভারতের কোনো এক শহরে আবার জ্বলবে এই গেমস মশাল। কিন্তু সেখানে কি এই পদকগুলো ধরে রাখার অঙ্গীকার করতে পারছে বাংলাদেশ? বিজয় অর্জনের চেয়ে তা ধরে রাখাই কঠিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আতশবাজির আলো শেষে নিভে যাওয়া মশাল সেই সত্যটাই বলবে আবারও, নতুন করে।