সেরা স্কুল নিয়ে বিতক, পরে ধারালো অস্ত্রের আঘাতে ছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, নাকি কলেজিয়েট স্কুল সেরা— এই নিয়ে প্রথমে দুই বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ঝগড়াঝাঁটি-বাগিবতণ্ডা। এই বাগিবতণ্ডা একসময় রূপ নেয় সহিংসতায়। ধারালো অস্ত্র নিয়ে তারা একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র সৌমেন বিশ্বাস ওরফে অনিক (১৪)। এক দিন পর গতকাল মঙ্গলবার ভোরে মারা যায় সৌমেন।এভাবে সৌমেনকে হারানোর কথা বিশ্বাস করতে পারছে না তার সহপাঠীরা। সহপাঠী রাগীব বলল, ‘এসএসসি পরীক্ষা চলছে। তাই আমাদের ক্লাস বেশি হয় না। তবু কাল সৌমেন স্কুলে এসেছিল। মাঠে আমরা একসঙ্গে খেলেছি। আজ স্কুলে এসে শুনলাম চট্টগ্রাম সরকারি স্কুলের ছাত্ররা ওকে খুন করেছে। বিশ্বাসই করতে পারছি না।’প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মোমিন রোড এলাকায় চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের কিছু ছাত্রের সঙ্গে সৌমেন ও তার বিদ্যালয়ের কয়েকজন সহপাঠীর কথাকাটাকাটি হয়। কলেজিয়েট স্কুল, নাকি চট্টগ্রাম সরকারি স্কুল সেরা—এই ছিল তাদের ঝগড়ার বিষয়। এরপর দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় মারামারি। একপর্যায়ে চট্টগ্রাম সরকারি স্কুলের ১০-১২ জন ছাত্র ধারালো অস্ত্র নিয়ে সৌমেনসহ কলেজিয়েট স্কুলের চার-পাঁচজন ছাত্রের ওপর হামলা চালায়। এতে ছুরিকাহত হয় সৌমেন ও সঞ্জিত। সৌমেনের পিঠ ও পেটের কাছে অন্তত তিনটি জায়গায় ছুরিকাঘাত করার পর প্রতিপক্ষ ছাত্ররা তাকে বেধড়ক পেটায়।জানা গেছে, ঘটনার পর সোমবার সন্ধ্যায় সৌমেনকে প্রথমে কাছের আন্দরকিল্লায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ক্ষতস্থানে সেলাই দিলে সৌমেনকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত একটার দিকে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তির পরামর্শ দেন। ওই ক্লিনিকে নেওয়ার পথে সৌমেনের মৃত্যু হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক আয়েশা হান্নান বলেন, ‘অভিভাবকেরা লিখিত দিয়ে রোগী নিজেদের হেফাজতে নিয়ে গেছেন। এটা আমাদের ফাইলেও লেখা আছে।’ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সৌমেনের বাবা বাবুল বিশ্বাস কোনো জবাব দেননি।তবে পারিবারিক সূত্রে জানা গেছে, পুলিশ ও সন্ত্রাসীরা ঝামেলা করতে পারে—এই ভয়ে সৌমেনকে বাসায় নিয়ে চিকিৎসার চেষ্টা হচ্ছিল। একই কারণে কাউকে না জানিয়ে তাকে দ্রুত দাহ করা হয়।বাবুল বিশ্বাস বলেন, ‘আমার অন্য দুই ছেলের ভবিষ্যতের কথা ভেবে পুলিশ এমনকি কোনো আত্মীয়স্বজনের সঙ্গেও যোগাযোগ করিনি। ভবিষ্যতে যদি তাদের কোনো ক্ষতি হয়!’ জানা গেছে, বাবুল ও তাঁর স্ত্রী মায়া দুজনই স্কুলশিক্ষক। সৌমিত্র বিশ্বাস ও সৌরভ নামে তাঁদের আরও দুই ছেলে আছে। সৌমেন পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় হয়েছিল।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন জানান, ‘হাসপাতালে নেওয়ার পরও কেন তাকে ছেড়ে দেওয়া হলো—বিষয়টা দেখা দরকার। আমি ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছি। সৌমেন ৬ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিল। কিন্তু চিকিৎসকেরা সেভাবে আমাকে সহযোগিতা করছেন না।’সহপাঠীদের মানববন্ধন, শোক: সহপাঠী খুনের প্রতিবাদে কলেজিয়েট স্কুলের শিক্ষক ও ছাত্ররা গতকাল মানববন্ধন করেছে। তারা এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার দাবি করে। পাশাপাশি বিদ্যালয়ে এক মাসের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। প্রতিদিন অ্যাসেম্বলিতে সৌমেনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে বলে স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন জানান। তিনি বলেন, ছাত্ররা এভাবে ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালাল—বিষয়টা বেশ চিন্তার।