বলিউডে বছরের প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবেই পরিচিত স্টার-স্ক্রিন অ্যাওয়ার্ডস। তবে এবার স্টার নয়, স্ক্রিন অ্যাওয়ার্ডসের সঙ্গে যুক্ত হয়েছে নতুন টিভি চ্যানেল কালারস। গত শনিবার মুম্বাইয়ে বসেছিল এ অনুষ্ঠানের অষ্টাদশ আসর। রণবীর কাপুর (রকস্টার) এবং বিদ্যা বালান (দ্য ডার্টি পিকচার) জিতেছেন সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার। দ্য ডার্টি পিকচার আর জিন্দেগি না মিলেগি দোবারা জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। প্রথমবার পরিচালনা করেই মিলন লুথারিয়া হয়েছেন সেরা পরিচালক, শ্রেয়া ঘোষাল সেরা নারী কণ্ঠশিল্পী (উ লা লা) এবং রজত অরোরা সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন। শাহরুখ খান (রা ওয়ান ও ডন ২) ও দীপিকা পাড়ুকোনের (আরাকষান ও দাম মারো দাম) সেরা জনপ্রিয় অভিনয়শিল্পীর পুরস্কার পাওয়াটা অনেককেই অবাক করেছে। এ পুরস্কারের জন্য আরও মনোনয়ন পেয়েছিলেন কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, সালমান খান, হূতিক রোশন ও অজয় দেবগন। ধারণা করা হচ্ছে, সালমানের সঙ্গে কালারস টিভি চ্যানেলের সমস্যার কারণে তাঁর কোনো ছবিই পুরস্কারের আওতায় আনা হয়নি। অনুষ্ঠানটি শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, বিদ্যা বালান, শহীদ কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের পরিবেশনা দিয়ে মাতিয়ে রাখেন। শিগগিরই কালারস চ্যানেলে অনুষ্ঠানটি দেখানো হবে।