সেরা ১২ মেধাবীর খোঁজে শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্য থেকে তিনটি গ্রুপে চারটি বিষয়ে বছরের সেরা ১২ মেধাবী নির্বাচন করবে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রথম মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী অনন্যসাধারণ মেধা অন্বেষণ ও শহর-গ্রামের বৈষম্য নিরসনে জাতীয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩ আয়োজন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে আগামী ১১-১৩ মার্চ, জেলা পর্যায়ে ১৬-১৮ মার্চ, সাত বিভাগ ও ঢাকা মহানগর পর্যায়ে ২১-২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ২৯-৩০ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ষষ্ঠ-অষ্টম, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—এই তিনটি গ্রুপে চারটি বিষয়ে মোট ১২ জনকে জাতীয় পর্যায়ে ‘বছরের সেরা মেধাবী’ নির্বাচন করা হবে। বিষয় চারটি হলো, ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার ও বাংলাদেশ স্টাডিজ।প্রতিযোগিতার শুরুতে প্রতিটি উপজেলার স্কুল-কলেজ থেকে প্রতিযোগিতার মাধ্যমে ১২ জনকে সেরা মেধাবী হিসেবে বাছাই করা হবে। তাদের জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। প্রতিটি জেলা থেকে একইভাবে ১২ জনকে জেলার সেরা মেধাবী বাছাই করে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে। সাতটি বিভাগ ও ঢাকা মহানগর থেকে নির্বাচিত ৯৬ জন সেরা মেধাবী জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকে নির্বাচন করা হবে বছরের সেরা ১২ মেধাবী। প্রতিটি পর্যায়ে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া জাতীয়ভাবে বছরের সেরা ১২ মেধাবীকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে নাম নিবন্ধন করাতে হবে। এ-সম্পর্কিত বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।