সেরা ‘ক্ষুদে গানরাজ’ মুন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে আতশবাজির ঝলকানি, হাজার হাজার দর্শকের হাততালি আর চারদিকে আনন্দ-উল্লাস। এর মধ্য দিয়েই ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১১’ প্রতিযোগিতায় সেরা হলো কুষ্টিয়ার ছেলে মুন্না। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১১ প্রতিযোগিতার মহাউৎসব। মুন্নার মাথায় সেরা ক্ষুদে গানরাজের মুকুট পরিয়ে দেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। পুরস্কার হিসেবে মুন্না পেয়েছে পাঁচ লাখ টাকা। প্রথম রানারআপ হয়েছে নীলা (হবিগঞ্জ) এবং দ্বিতীয় রানারআপ পায়েল (খাগড়াছড়ি)। পুরস্কার হিসেবে তারা পেয়েছে যথাক্রমে নগদ তিন লাখ ও দুই লাখ টাকা। এ সময় মঞ্চে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা এবং প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুল।শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। অনুষ্ঠানের শুরুতেই ছিল মেরিডিয়ান- চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার শিশুশিল্পীদের গাওয়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষার জনপ্রিয় চারটি গান—‘আ-রা চাটগাঁইয়া নওজোয়ান’, ‘লুসাই পাহাড়’, ‘আঁশখালি বাঁশখালি’ ও ‘আলতা বানুর দেশেরে’র ম্যাডলি। অনুষ্ঠানে আরও গান গেয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মমতাজ, ফেরদৌস আরা ও এস আই টুটুল। প্রতিযোগীদের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন খুরশীদ আলম, শাম্মী আখতার, সুবীর নন্দী, ফাহমিদা নবী, মনির খান ও রিজিয়া পারভীন। ছিল ছয় প্রতিযোগী পায়েল, মুন্না, রাফি, রাহিন, নীলা এবং মৌমিতার একক কণ্ঠের গানও। তিন ঘণ্টার পুরো এই অনুষ্ঠান উপস্থাপনা করেন অপু মাহফুজ ও তানিশা। প্রতিযোগিতাটি পরিচালনা করেন ইজাজ খান স্বপন।প্রতিযোগিতার পুরস্কারের অর্থ দিয়েছে ক্রাউন্ট সিমেন্ট ও চ্যানেল আই। মুকুটটি দিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সেরা ১৬ জন প্রতিযোগীকে এসএসসি পর্যন্ত বিনা খরচে পড়াশোনার দায়িত্ব নিয়েছে। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এই প্রতিযোগীদের চিকিৎসার ব্যবস্থা করবে। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া সেরা ছয় প্রতিযোগীর জন্য ছিল আরও অনেক পুরস্কার। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপে বাছাই করা ১২৫ জনকে নিয়ে এ বছর জানুয়ারি মাসে শুরু হয় মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১১ প্রতিযোগিতা।