সেরাদের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী গণিতের খুদে সেরাদের নিয়ে আয়োজন করা হয় নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১১। আর এই সেরাদের থেকে বের হয়ে আসে চারজন সেরাদের সেরা (চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস)। চার ক্যাটাগরির শিক্ষার্থীদের মধ্যে এই চার সেরার মধ্যে দুজন এসেছে চট্টগ্রাম থেকে, একজন ঢাকার, আরেকজন ময়মনসিংহের। সেরাদের এই সেরা চারজনের প্রত্যেকের জন্য অন্য বিজয়ীদের চেয়ে বাড়তি ছিল ১০ হাজার টাকার প্রাইজবন্ড, চেকের সুদৃশ্য প্রতিলিপি ও একটি ক্রেস্ট।আহমেদ জাওয়ার চৌধুরী‘ছোট ভাই কাঁদছিল, তাই ফলাফল ঘোষণার একটু আগে মা আমাকে রেখে বাসায় চলে গেছেন। আমি মাঠে তখন একা। এদিক দিয়ে অনেক টেনশন হচ্ছিল, রেজাল্ট কী হয়। পরীক্ষা দেওয়ার পর আত্মবিশ্বাসী ছিলাম যে কিছু একটা হবে। হঠাৎ করে আমার নাম ঘোষণা করল, মা কাছে নেই, কী করব, আনন্দে চোখে পানি চলে আসছে। দৌড়ে মঞ্চে উঠলাম, তারপর আর কিছু বলতে পারব না, অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম।’ বলছিল, প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া আহমেদ জাওয়াদ চৌধুরী। সে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীতে উঠেছে এবার। বাবা জাহাজের ক্যাপ্টেন, এখন আছেন ব্রাজিলে। ছেলের এই ফলাফলের খবর শুনে অনেক খুশি। বলছিলেন জাওয়াদের মা সৈয়দা ফারজানা খানম। বড় হয়ে পড়তে চায় রসায়ন অথবা পদার্থবিদ্যা নিয়ে। ভালো লাগে ছবি আঁকতে আর কম্পিউটার গেমস খেলতে। সবচেয়ে বেশি ভালো লেগেছে, বন্ধুরা যখন ফলাফলের খবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছে।মো. মোহাইমিনুল ইসলাম‘বিশ্বাস ছিল ভালো কিছু হবে, পরীক্ষা ভালো হয়েছিল। আর নাম ঘোষণার পর আনন্দে ভাসছিলাম। ওই মুহূর্তটুকু হয়তো কোনো সময় ভুলতে পারব না। বলছিল জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া মোহাইমিনুল ইসলাম। নিজের ফলাফলের কথা বলতে গিয়ে সে জানাল তার বাবা বিমা কোম্পানির কর্মকর্তা মো. নুরুল ইসলামের কথা। এই ফলাফলে বাবার অবদানই বেশি। ‘সেই ছোটবেলা থেকে যখন সময় পান, তখনই তিনি আমাকে অঙ্ক শিখিয়েছেন। বলতে গেলে, বাবার কাছ থেকেই গণিতের মৌলিক জ্ঞান পেয়েছি।’ মা গৃহিণী কামরুন্নাহার চান, ছেলে এই ধারাবাহিকতা ধরে রেখে আইএমওতে বাংলাদেশ দলের সদস্য হয়ে ভালো ফলাফল করবে। দুই ভাইবোনের মধ্যে মোহাইমিনুল বড়। পড়ে ঢাকা গভ. ল্যাবরেটরি হাইস্কুলে। সুযোগ পেলে মাঠে গিয়ে খেলা অথবা সায়েন্স ফিকশনের বই পড়তে ভালো বাসে। বড় হয়ে হতে চায় শিক্ষক। মোহাইমিনুল প্যারালাল ম্যাথ স্কুলের একজন শিক্ষার্থী।মো. জাহিদ হাসান‘ফার্স্ট রানারআপ, সেকেন্ড রানারআপ, চ্যাম্পিয়ন—একের পর এক ফলাফল ঘোষণা হচ্ছে, কিন্তু আমার নাম ডাকছে না। বিশ্বাস হচ্ছিল না। এত খারাপ পরীক্ষা তো দিইনি, নিজের কাছে বারবার প্রশ্ন করছিলাম। অবশেষে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস ঘোষণা করা হলো, ডাকা হলো আমার নাম। অনেক বেশি খুশি হয়েছিলাম। আমিসহ মা-বাবা তিনজনে আনন্দে কান্নাও করেছি সেদিন। ফলাফলে একটু বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ, এবারই প্রথমবারের মতো ময়মনসিংহ আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিই এবং ফার্স্ট রানারআপ হই, জাতীয় গণিত উৎসবে এসে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হলাম।’ বাবা গণিতের শিক্ষক শামসুদ্দিন ও মা জিনাত রেহেনা চান, ছেলে একদিন অনেক বড় মানুষ হবে। জাহিদ এই ফলাফলে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে ময়মনসিংহ প্যারালাল ম্যাথ স্কুলের সৌমিত্র চক্রবর্তীকে। জাহিদের ইচ্ছে বড় হয়ে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করার।ধনঞ্জয় বিশ্বাসঅনুভূতির কথা জানতে চাইলে হেসে হেসে বলতে লাগল, ‘চট্টগ্রাম থেকে আঞ্চলিক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তখন থেকে আত্মবিশ্বাসী ছিলাম যে ঢাকায় এবার একটা কিছু করতে হবে। তাই যে সময়টুকু পেয়েছি, প্রায় সবটুকু গণিতের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যয় করেছি। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সেই ফলাফল পেলাম।’ হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হওয়া ধনঞ্জয় বিশ্বাস চট্টগ্রাম কলেজের প্রথম বর্ষের ছাত্র। দুই ভাইয়ের মধ্যে ধনঞ্জয় বড়। অবসরে গান শোনা, গল্পের বই পড়া আর একটু বেশি সুযোগ পেলে ঘুমাতে ভালো লাগে। বাবা ব্যবসায়ী মিলন বিশ্বাস আর মা স্বাস্থ্য সহকারী স্বপ্না রানী দে—দুজনেরই স্বপ্ন, ছেলে একদিন অনেক বড় হবে, দেশের জন্য কাজ করবে। বড় হয়ে পড়তে চায় পদার্থবিজ্ঞান নিয়ে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সমস্যার অনুশীলন তাঁকে এই ফলাফল অর্জনে সহায়তা করেছে। বাংলাদেশ দলের হয়ে আইএমওতে ভালো কোনো পদক অর্জন করা তার পরবর্তী লক্ষ্য। বায়েজিদ ভূঁইয়া