সেরিনাকে বেধড়ক পেটানোর পর
ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেছেন সেরিনা। স্বামীহারা সেরিনাকে বেধড়ক পিটিয়েছেন তাঁর নিকটাত্মীয়রা। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে মামলা করেছেন তিনি। মামলার গতি-প্রকৃতির স্বাভাবিক নিয়মে মামলাটি সাক্ষীর পর্যায়ে। এদিকে অভিযুক্ত ব্যক্তিরাও জামিনে আছেন। সেরিনা প্রতি তারিখেই আসেন। এ পর্বে এসেছেন তাঁর ননদকে নিয়ে, যিনি এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। কিন্তু প্রতি তারিখেই সেরিনা অনেক ভয়ে ভয়ে থাকেন। প্রতিবারই সাক্ষ্য দেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে আসেন। আর যাওয়ার সময় তাঁর আইনজীবীর মুহুরি তাঁকে এগিয়ে দিয়ে আসেন। এর মধ্যে বেশ কয়েকবার তাঁকে হুমকি দিয়েছেন প্রতিপক্ষ ব্যক্তিরা। এ নিয়ে জিডিও করেছেন স্থানীয় থানায়। কিন্তু কাজ হচ্ছে না। সাক্ষ্য দিতে আসতে তাঁর যত ভয়। এ যেন আরেক বিপদ এখন সেরিনার জন্য। সেরিনাকে দিন দিন মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে তার প্রতিপক্ষ। পুলিশকেও জানায় এ কথা। কিন্তু পুলিশ একটি জিডি করতে বলে। পুলিশের কথামতো জিডিও করেন তিনি। কিন্তু কোনো কাজ হয় না। সেরিনার এক ছেলে থাকে অন্য জায়গায়। তাঁর এক বোন তাঁর সঙ্গে থাকেন। তাঁর বোনও এ মামলার সাক্ষী। কিন্তু সেরিনার দিন কাটে ভয়ে ভয়ে। বিশেষ করে সাক্ষ্য দেওয়ার দিন এলে আদালতে যাওয়ার পথে কোনো বিপদ আসবে কি না এ নিয়ে থাকে তাঁর অস্থিরতা। এদিকে মামলা না করেও তাঁর উপায় নেই। কারণ, তাঁর স্বামীর জমিজমা নিয়েও প্রতিপক্ষের সঙ্গে মামলা আছে। সেরিনা ভেবেছিলেন, নির্যাতনের ঘটনায় তিনি প্রতিকার পাবেন । আসামিদের জেল খাটাতে পারবেন। কিন্তু মামলা করে সেরিনার আরও বিপদ যেন বাড়ল।এ উদাহরণের মতো অনেক ঘটনা অহরহই ঘটেছে আদালত অঙ্গনে, কিন্তু সাক্ষী ও নির্যাতিতার সুরক্ষা দেওয়ার কোনো রূপরেখা আমাদের বিচারব্যবস্থায় গড়ে ওঠেনি। সাক্ষীর বিভিন্ন পর্যায়ে সুরক্ষার ব্যবস্থা না থাকায় মামলার গুণাগুণ নষ্ট হয় এবং ন্যায়বিচার থেকে বাদীও বঞ্চিত হয়। অনেক সময় দেখা যায়, সাক্ষী এসে বৈরী সাক্ষ্য দিচ্ছেন কিংবা নির্ধারিত দিনে অনুপস্থিত থাকছেন। ফলে মামলা দীর্ঘদিন ঝুলে থাকে। আবার নারী নির্যাতন-সংক্রান্ত মামলায় প্রতিপক্ষের আইনজীবীর জেরার সময় অপমানজনক, কুরুচিপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয়। যদিও সাক্ষ্য আইনে এ নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে, তবে সাক্ষীর সুরক্ষার জন্য নেই নির্দিষ্ট বিধি। এসব বিষয় বিবেচনা করে আইন কমিশন সম্প্রতি ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং সাক্ষী সুরক্ষার আইনের জন্য সুপারিশ করেছে। আইন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বন্দ্বমূলক বিচারব্যবস্থায় বিচার বিলম্বিত করার ক্ষেত্রে আইনজীবীদের অনেক সুযোগ থাকা এবং বিচারকদের উদ্যোগী ও সক্রিয় ভূমিকা পালনের সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা অভিযোগকারীকেই বেশি ভোগ করতে হয়। বলা হয়, শুধু হুমকি বা ভয়ভীতি প্রদর্শনই নয়, দ্বন্দ্বমূলক বিচারপদ্ধতিতে অস্বাভাবিক বিলম্বের কারণে অভিযোগকারী ও সাক্ষীরা অবর্ণনীয় ভোগান্তি এবং বিড়ম্বনার শিকার হন। ফলে মামলার প্রক্রিয়া সঠিক পথে চলে না। সাক্ষীরা মামলার শুনানি স্থগিতের বিড়ম্বনায় পড়েন। শুধু তাই নয়, বিশেষ করে ধর্ষণ বা যৌন হয়রানিমূলক মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সাক্ষীকে এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয়, যা মানসিক নির্যাতনের শামিল। ফলে সঠিক সাক্ষ্য হয় না, সাক্ষীরা সাক্ষ্য প্রদানে অনীহা দেখান এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অপরাধী কর্তৃক ভীতিকর পরিবেশ সৃষ্টির কারণে প্রাথমিক তদন্তে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সাক্ষীর তথ্য ও জবানবন্দি বিচার পর্যায়ে রক্ষিত হয় না। তদন্ত পর্যায়ে পুলিশের চাপে কেউ কোনো ফরমায়েশি জবানবন্দি দিতে বাধ্য হলে, তা অবশ্যই আদালতে পরিবর্তন করার সুযোগ রয়েছে। এটি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সাক্ষী বা অভিযুক্ত ব্যক্তির অধিকার। তবে বাস্তবতা হচ্ছে, প্রায়ই জবানবন্দির পরিবর্তন ঘটে আসামি কর্তৃক বিভিন্ন ভীতি প্রদর্শন বা চাপ সৃষ্টির কারণে। সাক্ষীর বৈরী হয়ে যাওয়া অর্থাৎ যে পক্ষের সাক্ষী, সে পক্ষের বিরুদ্ধে বক্তব্য চলে যাওয়া ভীতি প্রদর্শনের একটি চরম পরিণাম। সেরিনার মামলাটির বর্তমান অবস্থা জানতে যোগাযোগ করি সংস্থাটিতে। জানতে পারি মামলাটি মীমাংসা করা হয়েছে। সেরিনার কাছে জানতে চাই কেন মামলা প্রত্যাহার করলেন। অনেকটা সংকোচেই বললেন, আসামিদের চাপে। তাঁর একার পক্ষে এ বিপদ সামলানো সম্ভব নয়। সেরিনার আকুতি ‘পুলিশে যদি আমারে একটু নিরাপত্তা দিত তয় আমি বিচার পাইতাম।’ [email protected]