সেরে উঠে আবার স্কুলে মালালা (ভিডিও)
যুক্তরাজ্যে দীর্ঘ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে তালেবানের গুলিতে আহত পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। এখন আবার স্কুলে যেতে শুরু করেছে সে।গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো যুক্তরাজ্যের একটি বিদ্যালয়ে যায় মালালা। এটি বার্মিংহামের এজব্যাস্টন গার্লস হাইস্কুল। গতকাল বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।স্কুলে যাওয়ার এই দিনটিকে ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ’ দিন বলে উল্লেখ করেছে ১৫ বছর বয়সী মালালা। গত বছর অক্টোবরে স্কুলবাসে তালেবানের গুলিতে মালালা ইউসুফজাই গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে তাকে পাকিস্তানে চিকিৎসা দেওয়া হয়। পরে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থেকে সে সুস্থ হয়ে ওঠে।যুক্তরাজ্যের কোনো বিদ্যালয়ে প্রথমবারের মতো পড়তে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে মালালা বলেছে, ‘আমি আবার বিদ্যালয়ে যাচ্ছি—এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এটা এমন ঘটনা, যার স্বপ্ন আমি দেখেছি। আমি চাই সব শিশু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাক। কারণ, এটি তাদের মৌলিক অধিকার।’ সে আরও বলেছে, ‘বিদ্যালয়ের পোশাক পরে আমি গর্বিত। কারণ, এই পোশাক প্রমাণ করে, আমি শিক্ষার্থী। আর আমি আমার মতো করে বেঁচে আছি ও শিখছি।’মালালা এখন নবম শ্রেণীর সমপর্যায়ে শ্রেণীতে পড়াশোনা করছে। ভবিষ্যতে সে রাজনীতি ও আইন বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী। বার্মিংহামের এজবাস্টন হাইস্কুলের প্রধান শিক্ষক রুথ উইকস বলেন, বিদ্যালয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য মালালা অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। সে একজন সাধারণ কিশোরীর মতোই হতে চায়। এ ব্যাপারে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তাকে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদী। মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইকে বার্মিংহামে পাকিস্তানের উপদূতাবাসে শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। এ জন্য মালালা এখন যুক্তরাজ্যে বাস করছে।