সেরেস্তাদার ও তিন ভাইকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ে জড়িত থাকার অপরাধে নোয়াখালীতে এক সেরেস্তাদার ও তিন ভাইকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার তাঁদের সাজা দেওয়া হয়। আদালতের রায়ের পরপরই অভিযুক্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়। জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবককে আজ সকালে হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন। উল্লেখ্য, আমজাদ একলাশপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতের সেরেস্তাদার। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-খাজা আলামিন ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আমজাদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে জেলার সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের এক স্কুলছাত্রীকে (১৬) স্কুলে আসা-যাওয়ার পথে একই এলাকার সরাফত উল্লা (২৫) প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ কারণে ওই ছাত্রীর অভিভাবকেরা পড়ালেখা বন্ধ করে ঈদুল ফিতরের পর তাকে একই উপজেলার বিনোদপুর গ্রামে বিয়ে দেন।এতে বখাটে সরাফত উল্লা ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করতেন। পরে গতকাল শনিবার বিকেলে সরাফত উল্লা ও তাঁর দুই ভাই রহমত উল্লা (৩৮) ও ইমরান উল্লা (২৭) ওই ছাত্রীর শ্বশুরবাড়ির এলাকায় আপত্তিকর লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করে থানায় খবর দেন। আজ বেলা ১১টার দিকে স্থানীয় বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামাল উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত তিন ভাইকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন। এর মধ্যে সরাফত উল্লাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং তাঁর দুই ভাই রহমত উল্লা ও ইমরান উল্লাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। যোগাযোগ করা হলে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই রায় দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরাও তাঁদের অপরাধ স্বীকার করেছেন।