সেল নিবাসে বাড়ির আরাম
বাসা নয়, কিন্তু বাসার মতোই পরিবেশ। একটা বাসায় যা যা থাকে, তার সবই আছে সেখানে। আছে ঘুমানো, বসা, রান্না ও গোসলের আলাদা আলাদা ঘর। রেফ্রিজারেটর, ডাইনিং টেবিল, বসার চেয়ার, আলমারি, সোফাসেট, টিভিসেট, ফোন প্রভৃতি দরকারি সব জিনিসই আছে। দেখে মনে হয়, সাজানো একটা সংসার। এত সব আয়োজন আসলে ঢাকার অতিথিদের জন্য। এই অতিথিশালার নাম ‘সেল নিবাস হোটেল অ্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট’। এটি রয়েছে ৩০ গ্রিন রোডে।এটা গড়ে তোলার গোড়ার কথা জানালেন সেল নিবাসের ব্যবস্থাপক সাইদুল ইসলাম। তিনি বলেন, গ্রিন রোড তো বটেই, পুরো ধানমন্ডি এলাকায় বেশ কয়েকটি উন্নতমানের হাসপাতাল আছে। তাই দেশের বিভিন্ন এলাকা থেকে রোগী এবং তার সঙ্গে লোক আসে এই এলাকায়। অনেক সময় হাসপাতালে রোগীর জন্য আসন পাওয়া যায় না। আবার কখনো রোগীর সঙ্গে লোক বেশি থাকলে, রাতে থাকার জন্য তারা বাধ্য হয়ে ওঠে কোনো আবাসিক হোটেলে। কিন্তু সব আবাসিক হোটেলের মান যেমন ভালো নয়, তেমনি নিরাপদও নয়। তাদের কথা মাথায় রেখেই গড়ে তোলা হয়েছে ‘সেল নিবাস হোটেল অ্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট’। এটি নগরের ‘সার্ভিস অ্যাপার্টমেন্ট’ বলে দাবি করেন সাইদুল।উন্নত দেশে এ রকম সেবা বহুল প্রচলিত। ২০০৭ সালে সেল নিবাস সার্ভিস অ্যাপার্টমেন্ট হিসেবে যাত্রা শুরু করে। ‘সার্ভিস অ্যাপার্টমেন্ট’ শব্দের সঙ্গে অনেকেই পরিচিত নন। তাই বাধ্য হয়ে কর্তৃপক্ষ ২০০৯ সালের দিকে সার্ভিস অ্যাপার্টমেন্টের সঙ্গে হোটেল শব্দ যোগ করে।সেল নিবাসে চতুর্থ থেকে নবম তলা পর্যন্ত থাকার জন্য মোট ৭৫টি কক্ষ আছে। এক দিনের জন্য প্রতি কক্ষের ভাড়া ডিলাক্স সুইট চার হাজার ২০০ টাকা, সুইট ক্যাটাগরি তিন হাজার ৫০০ টাকা এবং ডিলাক্স দুই হাজার ১০০ টাকা। প্রতিটি রুমেই আবাসিক সুবিধা আছে। চাইলে অতিথিরা এসব রুমে রান্না করেও খেতে পারবেন। তবে রান্নাবান্নার ঝামেলায় যাঁরা যেতে চান না, তাঁদের জন্য রাখা হয়েছে ‘ক্যাফে মল্লিকা রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁ। ফরমায়েশের পর আধা ঘণ্টা অপেক্ষা করলেই খাবার মেলে এখানে। রেস্তোরাঁয় একসঙ্গে ৫০ জন বসে খেতে পারেন। এটি থেকে সাধারণত সেল নিবাসের অতিথিরাই সেবা পান। তবে বাইরে থেকে কেউ কমপক্ষে ৫০ জনের খাবারের ফরমায়েশ দিলে এখানে খেতে পারবেন।অতিথিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেই বসে থাকেনি সেল নিবাস কর্তৃপক্ষ। এখানে রয়েছে আধুনিক একটি ব্যায়ামাগার। একটি সভাকক্ষও আছে। মানসম্মত অনুষ্ঠান হলে এটি ভাড়ায় পাওয়া যায়। একটি অনুষ্ঠান করতে এক দিনের জন্য ভাড়া পাঁচ হাজার থেকে আট হাজার টাকা। এই কক্ষে একসঙ্গে ৪০ থেকে ৫০ জন লোক বসতে পারে। সেল নিবাসে আরও আছে লন্ড্রি, ফোন, ফ্যাক্স, ইন্টারনেট ও ফটোকপি মেশিনের সেবা। এ ছাড়া আছে একটি বিজনেস সেন্টার। যেখানে অতিথিরা ব্যক্তিগত বা ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারেন। সেল নিবাসে আছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাসহ কঠোর নিরাপত্তাব্যবস্থা। লোডশেডিংয়ে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এখানে আছে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা। আর এর বিশাল কর্মী বাহিনী অতিথিদের সেবা দিতে ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকে। যাঁরা আবাসিক হোটেলে থেকেও বাড়িতে থাকার আরাম চান, তাঁদের জন্য চমৎকার আয়োজন বলা যায় সেল নিবাসের ‘সার্ভিস অ্যাপার্টমেন্ট’কে।