সেলিনা ও একটি ভ্রূণহত্যার গল্প
মেয়েটির নাম সেলিনা। হালকা-পাতলা গড়নের দেখতে। রোগাক্রান্ত, জীর্ণ চেহারা। চুলগুলো ময়লাযুক্ত। গড়গড় করে শুধু কথাই বলছে। যে কেউ দেখেই মেয়েটিকে মানসিক ভারসাম্যহীন মনে করতে পারে। ঢাকার ২৭ কোর্ট হাউসের চেম্বারে মেয়েটির সঙ্গে প্রথম দেখা। দুপুরের বিরতিতে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সিনিয়র জরুরি কাজে বাইরে গেছেন। যাওয়ার সময় বলে যান এই সেলিনার কথা। ও এলে যেন ওকালতনামায় সই নিয়ে রাখি। কোনো একটি মানবাধিকার সংগঠন থেকে অনুরোধ করা হয়েছে মামলাটি করার জন্য। পারিবারিক আদালতের মামলা। দেনমোহর ও ভরণপোষণ চেয়ে এই আরজি প্রস্তুত। সেলিনাকে নীল রঙের ওকালতনামার ওপর দিকে সই দিতে বলি। মেয়েটি বলেন, তিনি লেখাপড়া জানেন না। কিন্তু সই তো লাগবে! ওকালতনামায় বাদীর সই ছাড়া দাখিল করা যায় না। কী আর করা, সইয়ের বদলে টিপসই, মানে বৃদ্ধাঙ্গুলির ছাপ নিলাম। টিপসইয়ের নিচে শনাক্তকারী হিসেবে নিজের নাম লিখলাম। সেলিনাকে জিজ্ঞেস করলাম, মামলা করছেন কেন? এমনই সোজা-সাপটা উত্তর, ‘মামলা কী আর সাধে করছি? অনেক আপস-মীমাংসার চেষ্টা-তদবির করেও লাভ হয় নাই। উপায় না দেখে এখানে আসছি। আপনাদের কাছে আসছি। আমার একটা বিহিত করে দিতেই হবে।’-বিয়ে কবে হয়েছিল আপনার? ‘২০০৭-এর ১২ ডিসেম্বর।’ -দেনমোহর কত ছিল? ‘৫০ হাজার টাকা।’ -কত দিন স্বামীর ঘর করতে পারলেন?‘প্রায় দেড় বছর।’ -আপনি স্বামীর ঘর থেকে চলে এলেন কেন? ‘চলে আসিনি। বের করে দেওয়া হয়েছে আমাকে এককাপড়েই।’ - কেন?‘বিয়ের পর থেকেই আমার কাছে অনেক টাকা-পয়সা দাবি করত। আমি যেন বাবার বাড়ি থেকে টাকা-পয়সা এনে দিই। কিন্তু আমার ভাইকে জানালে কিছু টাকা সে তাকে দেয়। কিন্তু এতে সে সন্তুষ্ট ছিল না। শারীরিক ও মানসিকভাবে আমার ওপর চলত অত্যাচার-নির্যাতন। যৌতুকের জন্য চাপ দিত এবং কথায় কথায় তালাকের হুমকি দিতে থাকে।’ - কত টাকা যৌতুক দাবি করেছিল আপনার স্বামী? ‘প্রথমে ৩৫ হাজার টাকা। এর মধ্যে অনেক কষ্ট করে আমার ভাই ১৮ হাজার টাকা দিয়েছিল তাকে। কিন্তু এই টাকায় তার হয় না। আরও চাই। আমি যদি বলি এত টাকা কোত্থেকে এনে দেব। টাকা না পাওয়ায় আমাকে মারপিট করত সে। ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর আমাকে বেধড়ক মারপিট করে। আমাকে পেটে সজোরে লাথি মারে। আমার পেটে তখন সন্তান। অনবরত লাথির ফলে আমি মাটিতে পড়ে যাই। আমি তার পায়ে ধরে থামতে বলি। কিন্তু পাষণ্ড স্বামী থামেনি। এতে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। রক্তক্ষরণ হতে থাকে।’-তাৎক্ষণিক হাসপাতালে যাননি? ‘না, হাসপাতালে কেউ নিয়ে যায়নি। আমার অনেক রক্ত যায়। গর্ভপাত হয়ে যায়। খবর পেয়ে পাশের বাড়ির একজন ধাত্রী এসে আমাকে পরিষ্কার করে দেয়। পরে হোমিওপ্যাথিক ওষুধ খাই। আস্তে আস্তে ঠিক হই। কিন্তু এখনো ব্যথা আছে। আপনি পুরুষ মানুষ, এত কিছু বুঝবেন না। আমার এই যে কষ্ট, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। আমার সন্তানরে হত্যা করছে সে।’-পরে কি আপনার স্বামী ভুল বুঝতে পারে?‘না, কয়েক দিন না যেতেই আরও ১৩ হাজার টাকা চাইতে থাকে। আমার ভাই আমার দিকে তাকিয়ে ঘরের জিনিসপত্র বেচে ওই টাকা দেয়। কিন্তু এই টাকায় সে মানে না। ব্যবসা করবে বলে আরও টাকা চায়। আমি আর টাকা দেব কোত্থেকে। আমার জন্য আমার বাপ-ভাই রাস্তার ফকির হইছে।’ -পরে আপনাকে বের করে দেয়?‘এককাপড়ে বের করে দেয়।’-আপনার শ্বশুর-শাশুড়ি কিছু বলেনি? ‘তারা কেউ বেঁচে নেই।’ -নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা যেত এ ঘটনার জন্য। আপনি জানেন? ‘না, আমি জানব কীভাবে? আমার ভাই এক উকিলের কাছে গিয়েছিল। ওই উকিল বলেছেন, অনেক কঠিন মামলা দিলে আমার স্বামীর জামিন হবে না। কিন্তু মেডিকেল সার্টিফিকেট আনতে হবে। আমি মেডিকেল সার্টিফিকেট কেমনে জোগাড় করব। ঘটনার অনেক দিন পার হয়ে গেছে।’ -থানা পুলিশের কাছে যাননি কেন? ‘ভাই গিয়েছিল। কিন্তু পুলিশ মামলা নিতে চায়নি। বলে, স্বামী-স্ত্রীর মধ্যে এ রকম ঘটনা নাকি ঘটতেই পারে।’ -উকিল সাহেব আর কী বললেন? ‘বললেন, কোর্টে মামলা করব। কিন্তু অনেক টাকা-পয়সা লাগবে। আমার কাছে তো টাকা-পয়সা নাই।’ -এখানে এলেন কীভাবে?‘পরিচিত একজন মহিলা বললেন, এইভাবে মামলা করলে টাকা-পয়সা পাওয়া যাবে। তাঁরও এমন মামলা আছে। আমি এনজিওর সঙ্গে দেখা করি। ওরা এই চেম্বারে পাঠায়।’ -এই মামলা শেষ হতে হতে তো এক বছর লাগতে পারে। অপেক্ষা করতে পারবেন? ‘তাই নাকি, এক বছর লাগবে? তো কী আর করা, এখন যখন মামলা-মোকদ্দমায় জড়াইছি আর পিছপা হব না। আপনারা তো আছেনই। আপনারা জজ সাহেবরে বুঝিয়ে আমারে টাকা-পয়সা উদ্ধার করে দেন, যাতে আমি বাঁচতে পারি একা।’ -আপনি এখন চলেন কীভাবে! ‘একটা বাসায় কাজ নিছি। রান্না-বান্নার। এখান থেকেই চলে যায়।’ এর মাঝেই সিনিয়র এসে হাজির হলেন। ফাইল থেকে মামলায় খসড়াটি বের করে দিলেন। বললেন, আর কিছু লেখা যায় কি না। এর মধ্যেই সেলিনা বলে উঠলেন, আমার স্বামীর ঘরে এর আগের তরফের এক বউ আছে এবং সন্তানও আছে। আমি জানতাম না— এটা লেখে দেন।’ আমি আরজির ৭ নম্বর প্যারায় লিখতে থাকলাম, ‘বাদিনী খোঁজ নিয়ে জানতে পারেন, বিবাদীর পূর্বে স্ত্রী এবং সন্তান রয়েছে। বাদিনী বিবাদীর বাড়িতে গেলে তাঁকে গালাগালি করে তাড়িয়ে দেয় এবং তাঁকে তালাকের হুমকি প্রদান করে।’ সিনিয়র বললেন, ‘মামলাটি অনেকটা বিনা মূল্যেই করে দিতে হবে। কিছু টাকা হয়তো এনজিও দেবে। কিন্তু তার কাছে টাকা চাওয়া যাবে না। কাল সকালেই মামলাটি দাখিল করতে হবে। খুব সকালেই চলে এসো।’ আমি চেম্বার থেকে বের হয়ে একটি অসহায় মেয়ের মামলা দায়েরের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকি...।পরিশিষ্ট: মামলাটি ঢাকার একটি পারিবারিক আদালতে দায়ের করা হয়। যথারীতি সমন জারির জন্য তারিখ পড়ে। চার মাস কেটে যায়। প্রতি তারিখে বাদীর পক্ষে হাজিরা দিয়ে যাই । বিবাদীর ঠিকানা অনুযায়ী বিবাদীকে পাওয়া যায়নি বলে সমন ফেরত আসে। পুনরায় তদবিরের জন্য তারিখ নির্ধারিত হয়। এ দিকে দিন কাটতে থাকে। সেলিনার আর খোজ মেলে না। একটি অনুরোধের মোবাইল নম্বর ছিল। কয়েকবার ফোন দিলে একই কথা বলে যে সেলিনা গত কয়েক মাস ধরে সেখানে থাকে না। মেয়েটির স্থায়ী ঠিকানা বরাবর চিঠি পাঠাই। কোনো সাড়া মেলে না। সেলিনার জন্য একটা অজানা দুশ্চিন্তা হতে লাগল। যে এনজিও থেকে সেলিনাকে পাঠানো হয়েছিল তারাও মেয়েটির কথা বলতে পারেনা অনেক দিন ধরে। এদিকে মামলাটির তদবিরের জন্য তারিখ ঘনিয়ে আসে। তদবির না করলে মামলাটি খারিজ হয়ে যাবে। সিদ্ধান্ত নিতে পারিনি কী করা উচিত....। (মেয়েটি আঞ্চলিক ভাষায় কথা বললেও পাঠকের সুবিধার্থে আঞ্চলিক ভাষা পরিহার করে ছাপা হলো) ই-মেইল: [email protected]