সেলিমসহ ১১৩ জনের সর্বোচ্চ সাত বছরের সাজা
বিডিআর বিদ্রোহের ঘটনায় ৪৪ ব্যাটালিয়নের আলোচিত আসামি সেলিম রেজাসহ ১১৩ জনের সর্বোচ্চ সাত বছর করে সাজা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দেওয়া হয়েছে।রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালতের সভাপতি ঢাকার সেক্টর কমান্ডার এহিয়া আজম খান ৬৭৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। এ মামলায় মোট আসামি ছিলেন ৬৭৫ জন। এঁদের মধ্যে দুজন মারা যান। ফলে আজ সকাল সোয়া ১০টা থেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত ৬৭৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।রায়ে একজনের সাড়ে ছয় বছরের, ৩২ জনের ছয় বছরের, ২৬ জনের সাড়ে পাঁচ বছরের, ১৩১ জনের পাঁচ বছরের, ১২৪ জনের সাড়ে চার বছরের, ৭৩ জনের চার বছরের, ১৬ জনের সাড়ে তিন বছরের, ১৬ জনের তিন বছরের, দুজনের আড়াই বছরের, ৩৮ জনের দুই বছর, আটজনের দেড় বছর, ৫২ জনের এক বছর, ১৫ জনের ছয় মাস এবং ১৮ জনকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় করা মামলার বিচার শুরু হয় ২০১০ সালের ২৬ এপ্রিল। ওই বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। বিদ্রোহে মূল ভূমিকা পালন করেন সেলিম রেজাসহ ৪৪ ব্যাটালিয়নের জওয়ানরা।