সেলিমাসহ ১০ জন জেলহাজতে
ধ্বংসাত্মক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদসহ ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মনিরুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে আদালত কাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।রাজধানীর গুলশান এলাকা থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রাত পৌনে আটটার দিকে সেলিনা রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শেখ সোহেল রানা এ আবেদন করেন।অন্য আসামিরা হলেন সানজিদা আকতার, জেবা খান, আমেনা খাতুন, সাদিয়া হক, মমতাজ, জেবেদা আকতার, শিরিন ও শিউলী।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা হরতালের সমর্থনে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর ও সরকারবিরোধী কার্যকলাপের জড়িত রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।আজ সকালে হরতালে মিছিল বের করতে গেলে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ সেলিমা রহমানসহ ১০ জনকে আটক করে। সকাল পৌনে নয়টার দিকে সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন নারীকর্মী গুলশান এলাকায় মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের বাধার মুখে নেতা-কর্মীরা উদয় টাওয়ারের পাশে একটি এলাকায় অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে আটক করে প্রথমে গুলশান থানায় নেন। পরে তাঁদের ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়।আটকের পর সেলিমা রহমান সাংবাদিকদের বলতে থাকেন, তাঁরা রাস্তায় হাঁটছিলেন। পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের আটক করেছে। এটা কেমন গণতন্ত্র।প্রসঙ্গত, ১৭ এপ্রিল রাত থেকে সিলেট বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ইলিয়াস আলী নিখোঁজ। ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে ও তাঁর উদ্ধারের দাবিতে গতকাল রোববার (২২ এপ্রিল) ও আজ হরতালের ডাক দেয় বিএনপি। কিন্তু আজ পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।