সেলেনাকে নিয়ে গান বেঁধেছেন বিবার
কানাডিয়ান টিন সেনসেশন জাস্টিন বিবারের ‘বয়ফ্রেন্ড’ গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই কানা-ঘুষা ছিল, সম্ভবত এ গানে সেলেনা-বিবার প্রেম কাহিনিই সুর পেয়েছে। অবশেষে বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন বিবার। প্রেমিকা সেলেনা গোমেজকে গানটি উত্সর্গ করেছেন তিনি। সম্প্রতি বয়ফ্রেন্ড গান প্রসঙ্গে একটি বেতার অনুষ্ঠানে মুখ খুলেছেন বিবার। তিনি বলেছেন, ‘হ্যাঁ, গানটি সেলেনাকে নিয়েই করা। ও গানটি খুবই পছন্দ করেছে।’ জানিয়েছে ই-অনলাইন। চলতি মাসেই বিবারের নতুন অ্যালবাম ‘বিলিভ’-এর বয়ফ্রেন্ড গানটি মুক্তি পায়। গানটির কথা অনেকটা এ রকম, ‘আমি যদি তোমার প্রেমিক হতাম, তবে কি আমায় ছেড়ে যেতে দিতাম/আমি তোমায় এমন সব জায়গায় নিয়ে যেতে পারি, যেখানে আগে কখনোই যাওনি তুমি।’ গানটি শোনার পর থেকেই বিবারের ভক্তরা বলতে থাকেন, আসলে এ গানে সেলেনার সঙ্গে প্রেমের বিষয়টিই তুলে ধরেছেন বিবার। শুরুতে বিষয়টি বিবার ভক্তসহ সবার মাঝে গুঞ্জন তুললেও এবার তাঁর স্বীকারোক্তির মধ্য দিয়ে সে গুঞ্জন সত্যে পরিণত হল। শুধু প্রেমের গানের স্বীকারোক্তিই নয়, সাক্ষাত্কারে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার টিপসও দিয়েছেন ১৮ বছর বয়সী এই পপগায়ক। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা। একে অপরের প্রতি সত্ থাকতে হবে। অন্যথায় সম্পর্ক টিকবে না। যে সম্পর্কে সততার অস্তিত্ব নেই, তাকে কোনোভাবেই ভালো সম্পর্ক বলা যায় না।’