সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে ক্লাস বর্জন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৪ ডিসেম্বর ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুল আলমের কাছে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছেন।ওই দিন সকাল আটটা থেকে ইনস্টিটিউটের সাতটি বিভাগের অন্তত এক হাজার শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। ১০টা পর্যন্ত এ কর্মসূচি চলার পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি না মানা পর্যন্ত একজন শিক্ষার্থীও ক্লাসে ফিরে যাবেন না। স্মারকলিপিতে বলা হয়েছে, প্রতি সেমিস্টারে ৫১৫ টাকা সেশন চার্জ দিয়ে তাঁরা লেখাপড়া করে আসছেন। অথচ সম্প্রতি কর্তৃপক্ষের একটি নোটিশের মাধ্যমে অত্যাবশ্যকীয় শিক্ষক-কর্মচারী ফি বাবদ অতিরিক্ত ২৯৫ টাকা বাড়িয়ে সেমিস্টারের বেতন পরিশোধ করতে বলা হয়েছে। যা ইনস্টিটিউটের নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টকর। এ ছাড়া প্রতি সেমিস্টারে কর্তৃপক্ষ উন্নয়ন তহবিল (আইটি) ফিস বাবদ ২৫, বিবিধ ৮০, গ্রন্থাগার ২০ ও ক্রীড়া ফিস বাবদ ৩০ টাকা করে নিলেও এসব খাতে তাঁদের কোনো সুবিধা দেওয়া হচ্ছে না বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষক স্বল্পতার কারণে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুল আলম প্রথম আলোকে বলেন, চার্জ কমানোর ব্যাপারে আমাদের কিছুই করার নেই। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) হুসনুল মাহমুদ খান স্বাক্ষরিত একটি নির্দেশপত্র আনুযায়ী চার্জ বৃদ্ধি করা হয়েছে। শিক্ষক স্বল্পতার কথা স্বীকার করে তিনি বলেন, শিক্ষক স্বল্পতার কারণে কোনো কোনো বিভাগের শিক্ষকের ওপর সপ্তাহে ৪৬টি পর্যন্ত পাঠদান করানোর চাপ রয়েছে। অথচ একজনের সর্বোচ্চ ১৮টি পর্যন্ত পাঠদান করার মতো ধৈর্য থাকে। এটিও মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় বলে তিনি জানান। তিনি বলেন, অন্যান্য খাতে শিক্ষার্থীদের কাছ থেকে তাঁদের কোনো সুবিধা দেওয়া হচ্ছে না না এমনটি নয়। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী সুযোগ দেওয়া হয়তো অনেক সময় সম্ভব হয় না।