সেশন জট নিরসনের দাবিতে ঘেরাও কর্মসূচি
সেশন জটের সমস্যা নিরসনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী। আজ সোমবার বেলা ১১টা থেকে সেশন জট নিরসন ছাত্র পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।সেশন জট নিরসন ছাত্র পরিষদের মো. রাসেল নামের একজন শিক্ষার্থী প্রথম আলো ডটকমকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের সমন্বয়ে গত ২১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও ৫ জুন শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। মন্ত্রীর আশ্বাসে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করছি।’বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তার পাশের বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেন। এসব জড়ো করে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। আন্দোলনরত শিক্ষার্থীরা কাউকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে বা ভেতর থেকে বের হতে দিচ্ছেন না।জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সেশন জটের স্থায়ী সমাধান, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও এর সঠিক বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতে চার বছরের সম্পূর্ণ সিলেবাস প্রদান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা ও তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিকেন্দ্রীকরণের বাস্তবায়ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা প্রণয়ন ও মানোন্নয়ন-ব্যবস্থা কমপক্ষে দুই গ্রেড পর্যন্ত উন্নীত করা।