সেশনজট কুরে খাচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কুরে কুরে খাচ্ছে শিক্ষাজীবন। কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিতে পারছে না, আবার সময়মতো ফল প্রকাশে ব্যর্থ হচ্ছে। অথচ সময়মতো পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের মূল লক্ষ্য সামনে রেখেই ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রায় দুই দশকের পথপরিক্রমায় সেই বিশ্ববিদ্যালয়টিতে সম্মানের (অনার্স) বিভিন্ন বর্ষের ফলাফল প্রকাশে গড়ে ছয় থেকে সাত মাস সময় লাগছে। অথচ নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা। স্নাতক পাস করে স্নাতকোত্তরে ভর্তি হওয়া শিক্ষার্থীরা শেষ পর্বে এসে পরীক্ষাজটে হাবুডুবু খাচ্ছেন।ডিগ্রির অবস্থা: ২০০৩ সালে উচ্চমাধ্যমিক পাস করে যাঁরা তিন বছরমেয়াদি স্নাতক (পাস) কোর্সে ভর্তি হয়েছিলেন, তাঁদের পাস করে বের হওয়ার কথা ২০০৭ সালে। কিন্তু নির্দিষ্ট সময়ে ওই পরীক্ষা হয়নি। ২০০৯ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১০ সালের জুলাই মাসে। এখনো পরবর্তী কোনো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারেননি। স্নাতক (পাস) কোর্সের জট কমাতে প্রথম বর্ষের (২০০৬-২০০৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নেওয়া হয় গত বছরের অক্টোবরে। গত ১৬ মার্চ ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯ এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ এবং সমাপনী পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি।তিন বছরমেয়াদি স্নাতক কোর্স শেষ করলে স্নাতকোত্তর পাসের নিয়ম দুই পর্বে। কিন্তু সেখানেও লেগে আছে বিশাল জট। এখন পর্যন্ত শেষ পর্ব পরীক্ষা দিতে পেরেছেন ২০০৫-২০০৬ বর্ষের শিক্ষার্থীরা। এরপর ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনো আটকে আছেন স্নাতকোত্তর পর্বে।পোস্ট গ্র্যাজুয়েটে ফল হয়নি এক বছরেও: বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ, ট্রেনিং অ্যান্ড রিসার্সের অধীনে ২০০৯ সালের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পার্ট-২ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়েছিল ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যে ২০১১ সালের ফেব্রুয়ারি পার হয়েছে। কিন্তু এখনো ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। কর্তৃপক্ষ বলছে, এই সপ্তাহে ফল প্রকাশ করা হবে।২০০৬ সালের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের এপ্রিল মাসে। প্রায় এক বছরেও ফলাফল প্রকাশের দিন-তারিখ জানতে পারেননি পরীক্ষার্থীরা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের ফলাফলের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। ২০০৮ সালের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পার্ট-২ চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হয়েছিল ২০০৯ সালের ডিসেম্বর মাসে। আর পরীক্ষার্থীরা ফলাফল হাতে পান ২০১১ সালের জানুয়ারিতে। একইভাবে পার্ট-৪ অষ্টম সেমিস্টারের পরীক্ষা হয় ২০১০ সালের মার্চ মাসে এবং ফল প্রকাশিত হয় পরের বছরের মার্চ মাসে। ২০০৯ সালের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট-১ প্রথম সেমিস্টারের পরীক্ষা হয় ২০০৯ সালের নভেম্বরে। ফল প্রকাশিত হয় ২০১০ সালের অক্টোবরে। পার্ট-২ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয় গত বছরের ফেব্রুয়ারিতে। নয় মাস পর প্রকাশিত হয় ওই পরীক্ষার ফল।পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) দ্বিতীয় সেমিস্টারের পার্ট-১ পরীক্ষা (২০০৯) হয়েছে গত বছরের জুলাই মাসে। পার্ট-২ (বিশেষ), পার্ট-৩, পার্ট-৪ ও চতুর্থ সেমিস্টারের পার্ট-২ পরীক্ষা হয়েছে সেপ্টেম্বরে। এখনো ওইসব পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে জানান, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে ওইসব বিষয়ের খাতা মূল্যায়ন করা হয়। তাঁদের অনেকের কাছ থেকে যথাসময়ে খাতা পাওয়া যায় না। মূলত এ কারণে ফল প্রকাশে দেরি হয়।চার বছরের স্নাতক: ২০০৩ সালে উচ্চমাধ্যমিক পাস করে যাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার বছরমেয়াদি স্নাতকে (সম্মান) ভর্তি হয়েছিলেন, তাঁদের ওই পরীক্ষা হওয়ার কথা ছিল ২০০৭ সালে। উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রায় এক বছর নষ্ট হয়েছে। সে হিসেবে ২০০৮ সালে তাঁদের পরীক্ষা হওয়ার কথা। ২০০৯ সালে শেষ হওয়ার কথা স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা। কিন্তু বাস্তবে তা হয়নি। তাঁদের স্নাতক পরীক্ষা শেষ হয় ২০০৯ সালের আগস্টে এবং ফলাফল হয় এরও আট মাস পর। আর স্নাতকোত্তর পরীক্ষা শুরুই হয়নি।জানা গেছে, চার বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তরে মোট ব্যাচ থাকার কথা পাঁচটি। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ক্লাস করছে সাতটি ব্যাচ। ক্লাস শুরুর অপেক্ষায় আছে আরও একটি ব্যাচ। অর্থাৎ প্রায় তিন বছরের জটে আটকে আছেন শিক্ষার্থীরা।২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে যাঁরা স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন, ২০১০ সালে তাঁদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু তাঁদের প্রথম বর্ষ পরীক্ষা শুরু হয়েছে ২০১১ সালে এসে। আটকে আছে পরবর্তী ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এরই মধ্যে আসছে পরবর্তী ব্যাচ।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, তিন মাসের মধ্যেই ফলাফল দেওয়া উচিত। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় তা হচ্ছে না। পরীক্ষকদের অনেকেই খাতা দিতে দেরি করেন। তিনি আরও বলেন, একাডেমিক ও পরীক্ষা বিভাগের কাজ দ্রুত নিষ্পত্তি করা এবং ফলাফল প্রকাশে দেরি হওয়ার কারণ খুঁজতে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।