সেহরির সময় লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম রোজায় সেহরির সময় দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আজ বৃহস্পতিবার ইফতার শেষে শেখ হাসিনা টেলিফোনে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানিসচিব আবুল কালাম আজাদের কাছে টেলিফোন করে সেহরির সময় দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকার কারণ জানতে চান। তিনি যেকোনো পরিস্থিতিতে ইফতার ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।প্রেস সচিব আরও জানান, প্রথম রোজায় সেহরির সময় দেশের কিছু কিছু স্থানে বিদ্যুৎ না থাকার কথা জানতে পেরে শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সচিবালয়ে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রী সেহরি ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। তা সত্ত্বেও কীভাবে এবং কারা সেহরির সময় বিদ্যুতের লোডশেডিংয়ের মাধ্যমে দেশের রোজাদারদের ভোগান্তি ঘটিয়েছে, তা তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, জনগণ দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল। তাঁরা জানেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার আগে বিগত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বৃদ্ধি পায়নি। ফলে জাতীয় গ্রিডে নতুন কোনো বিদ্যুৎ সংযোজিত হয়নি। প্রধানমন্ত্রী এর পেছনে কোনো কুচক্রী মহলের হাত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বাসস