সৈকত এলাকার প্লট বাতিল আদেশ বৈধ
কক্সবাজারের সমুদ্রসৈকতসংলগ্ন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার ৩৯টি প্লটের ইজারা বরাদ্দ বাতিলের বিরুদ্ধে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে প্লট বাতিলের সরকারের সিদ্ধান্ত বৈধ ও বহাল থাকল।গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩৯টি রিট খারিজ করে (রুল ডিসচার্জ) এ রায় দেন। আদালত একই সঙ্গে প্রতিবেশগত সংকটাপন্ন হিসেবে ঘোষিত ওই এলাকার সীমানা ছয় মাসের মধ্যে নির্ধারণ এবং এর বৈশিষ্ট্য রক্ষায় একজন পরিচালক নিয়োগ দেওয়াসহ ছয় দফা নির্দেশনা দিয়েছেন।১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৫ ধারা অনুসারে তৎকালীন সরকার কক্সবাজারের ওই এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় ১৯৯৯ সালের ১৯ এপ্রিল। কিন্তু বিগত চারদলীয় জোট সরকার ২০০৩ সালে সমুদ্রসৈকতসংলগ্ন ১৩০ একর সরকারি খাসজমি নিয়ে হোটেল-মোটেল জোন গড়ে তোলে। ওই জমিতে ৮৭টি প্লট তৈরি করে দলীয় মন্ত্রী, সাংসদ এবং তাঁদের আত্মীয়স্বজন ও প্রভাবশালী ব্যক্তিদের নামে ৯৯ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে কিছু প্লট চড়া দামে হাতবদল হয়েছে। ওই সরকারের বরাদ্দের চুক্তি অনুসারে নির্মাণকাজ শেষ না করায় চলতি বছরের ১২ জানুয়ারি সংসদীয় কমিটি এবং ভূমি ও পর্যটন মন্ত্রণালয়ের বিভাগীয় কমিটির সুপারিশের ভিত্তিতে কক্সবাজারের জেলা প্রশাসক ৫৯টি প্লটের ইজারা বরাদ্দ বাতিল করেন। সরকারের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এ এন কে ব্রিকফিল্ড লিমিটেডের পরিচালক মো. ফরিদুল আলম, জিইসি হোল্ডিং লিমিটেড, নওরীন এন্টারপ্রাইজ, জেড ওয়েস্টার্ন হোল্ডিং লিমিটেড, ফোর স্টার রিসোর্ট লিমিটেড, হোটেল সি এন্টারপ্রাইজসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাইকোর্টে ৪৬টি রিট করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। ৩৯টি রিটের ক্ষেত্রে রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত তা খারিজ করে দেন।আদালতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, ভূমি মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ, কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম শুনানিতে অংশ নেন। আর রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, এম জহির, এ এফ হাসান আরিফ, মওদুদ আহমদ, মাসুদ রেজা সোবহান, এ এম আমিনউদ্দিন প্রমুখ।শুনানি: রিটকারীদের আইনজীবীরা বলেন, প্লট বরাদ্দ বাতিলের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। ৯৯ বছরের জন্য চুক্তি হওয়ায় এর ওপর আবেদনকারীর যৌক্তিক অধিকার রয়েছে। এলাকাটি অকৃষি ভূমি বলে হস্তান্তরের সুযোগ রয়েছে।সরকারপক্ষের কৌঁসুলিরা বলেন, ইজারার শর্ত জেনেই বরাদ্দ পাওয়া ব্যক্তিরা চুক্তি করেন। চুক্তিতে শর্ত ছিল, এক বছরের মধ্যে কাজ শুরু করতে হবে এবং তিন বছরের মধ্যে তা শেষ করতে হবে, কিন্তু ইজারাদারেরা তা মানেননি। বরাদ্দ পাওয়া জমিতে হোটেল-মোটেল নির্মাণের কথা ছিল। কিন্তু তারা প্লট ও ফ্ল্যাট নির্মাণ করে বিক্রির প্রক্রিয়া শুরু করেন। এটা শর্তের লঙ্ঘন।সরকারপক্ষের আইনজীবীরা আরও বলেন, ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৫ ধারা অনুসারে ওই এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ হয়। এরপর তা ইজারাই দেওয়া যায় না।আদালতের ছয় নির্দেশনা: রিট খারিজের পাশাপাশি আদালত ছয় দফা নির্দেশনা দেন। আদালত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত ওই এলাকার সীমানা ছয় মাসের মধ্যে নির্ধারণ করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন। অধিদপ্তরকে প্রতিবেশগত সংকটাপন্ন ওই এলাকার বৈশিষ্ট্য রক্ষায় একজন পরিচালক নিয়োগ দিতেও বলা হয়।এ ছাড়া জেলা প্রশাসককে সচেতনতার জন্য প্রতিবেশগত এলাকা হিসেবে সেখানে সাইন বোর্ড টাঙানো এবং এলাকার স্থাপনা ও জমির অবস্থান নির্ণয় করতে প্রকৌশলীর সমন্বয়ে ন্যূনতম দুই সদস্যের কমিটি গঠন করতে বলেছেন আদালত। ইজারাদার আবেদন করলে জমা দেওয়া অর্থ ফেরত এবং এই ইজারাদারেরা জেলার অন্য কোনো এলাকায় আবেদন করলে ভূমি বরাদ্দের বিষয় বিবেচনা করতে পারে—ভূমি মন্ত্রণালয়কে এমন নির্দেশনা দিয়েছেন আদালত।সব পক্ষের বক্তব্য: ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম প্রথম আলোকে বলেন, ৩৯টি প্লট বাতিলসংক্রান্ত সরকারের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এতে বিশ্বের অন্যতম বৃহৎ সমুদ্রসৈকত কক্সবাজার রক্ষার পথ সুগম হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপর সাতটি রিটের রুল শুনানির জন্য প্রস্তুত হলে শুনানি হবে।রিট আবেদনকারী আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল ইসলামের কৌঁসুলি এম এম আমিনউদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রিট খারিজ করে রায় দিয়েছেন। এর বিরুদ্ধে আপিল করা হবে।আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, লিজ বরাদ্দ বাতিল বৈধ বলে রায় দিয়ে আদালত ছয় দফা নির্দেশনা দিয়েছেন। এ রায় কক্সবাজারের ওই অঞ্চলের পরিবেশ রক্ষায় সহায়ক হবে।কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সমুদ্রসৈকতের সন্নিকটে এসব প্লট অবস্থিত। মাস্টারপ্ল্যান অনুসারে ওখানে সেবার জন্য গাড়ি পার্কিং, শিশুদের জন্য পার্ক ও মসজিদ থাকার কথা। কিন্তু তা না করে প্লট হিসেবে বরাদ্দ দেওয়া হয়। তিনি বলেন, এই রায়ের ফলে ওখানকার ঘিঞ্জি অবস্থার নিরসন হবে—এটাই প্রত্যাশা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চারদলীয় জোট সরকারের আমলে ৮৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়। একজনের একাধিক প্লটও রয়েছে। বিএনপির নেতা হাফিজ ইব্রাহীম, গিয়াসউদ্দিন আল মামুনসহ বিভিন্ন ব্যক্তি বরাদ্দ পান।ভূমি মন্ত্রণালয়ের বক্তব্য: গতকাল হাইকোর্টের রায় সরকারের পক্ষে যাওয়ায় ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোকরিয়া আদায় করেছেন। সংসদীয় উপকমিটি ও আন্ত্রমন্ত্রণালয় উপকমিটি পরীক্ষ-নিরীক্ষা করে জোট আমলে বরাদ্দ করা ৮৭টি প্লটের মধ্যে ৫৯টিতে বিভিন্ন অনিয়ম ও চুক্তির শর্ত ভঙ্গের প্রমাণ পায়। একেকটি প্লটে সর্বনিম্ন শূন্য দশমিক ৪৪ শতাংশ থেকে চার একর পর্যন্ত জমি রয়েছে।